Home আঞ্চলিক খুলনা নগরীতে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ গ্রেপ্তার ৪

খুলনা নগরীতে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ গ্রেপ্তার ৪

16


স্টাফ রিপোর্টার
নগরীতে যৌথবাহিনীর সদস্যরা মো. সালাউদ্দিন বুলবুলসহ ৪জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শুক্রবার (২১ জুন) রাতে তাদের নগরীর টুটপাড়া তালতলা মেইন রোড থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি, একটি রিভলবার, একটি শর্টগান, ৪ রাউন্ড কার্তুজ, ১০৫ পিস ইয়াবা এবং দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আটকৃতরা হলেন, নগরীর টুটপাড়া তালতলা হাসপাতাল মেইন রোডের বাসিন্দা বাবুল মোল্লার ছেলে মো. সালাউদ্দিন মোল্লা বুলবুল (৪৪), টুটপাড়া মেইন রোডের বাসিন্দা শেখ হাবিবুর রহমানের ছেলে শেখ তৌহিদুর রহমান (৪২), শেখ মোহাম্মদ তৌহিদুর রহমানের ছেলে শেখ মোহাম্মদ তাসফিকুর রহমান (১৯) এবং সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার খাজরা গ্রামের ভোলানাথপুর এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম মোল্লার ছেলে মো. আরিফ হোসেন (৩১)।
কেএমপির সহকারী পুলিশ কমিশনার খোন্দকার হোসেন আহম্মদ জানান, শুক্রবার (২০ জুন) রাত দেড়টা থেকে ভোর ৫টা পর্যন্ত টুটপাড়া এলাকায় যৌথভাবে অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী ও খুলনা থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে সালাউদ্দিন মোল্লা বুলবুল, তৌহিদুর রহমান, আরিফ হোসেন, ও তাসফিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি, একটি রিভলবার, একটি শর্টগান, ৪ রাউন্ড কার্তুজ, ১০৫ পিস ইয়াবা এবং দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে খুলনা থানায় অস্ত্র আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
কেএমপি আরও জানায়, উদ্ধার করা অবৈধ অস্ত্র দিয়ে সাম্প্রতিক সময়ে কোনো অপরাধজনক ঘটনা সংঘটিত হয়েছে কিনা, কোথাও ব্যবহারের পরিকল্পনা ছিল কিনা, আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয়ের সঙ্গে কারা জড়িত এর মূল রহস্য উদঘাটনপূর্বক জড়িত অন্যান্য সহযোগী সন্ত্রাসীদেরকে গ্রেপ্তারের এবং আরও অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে। প্রাথমিকভাবে থানার রেকর্ডপত্র পর্যালোচনা করে খুলনা থানায় সন্ত্রাসী বুলবুলের বিরুদ্ধে ৩টি এবং তৌহিদুরের বিরুদ্ধে একটি মামলার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আরও মামলা আছে কিনা সে ব্যাপারে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, রাতে যৌথবাহিনীর সদস্যরা টুটপাড়া থেকে ৪ জনকে দেশি এবং বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার করেছে। সকালে তাদের থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।