বরগুনা প্রতিনিধি
উপকূলীয় জনপদ বরগুনার বেতাগী পৌরসভাসহ ইউনিয়নগুলোর হাটে ক্রেতা-বিক্রেতায় জমজমাট হয়ে উঠেছে বাঁশের তৈরি মাছ ধরার উপকরণ চাঁই। পৌরসভায় শনিবার ও বুধবার সাপ্তাহিক হাট বসে। সাপ্তাহিক হাটের দিনে পৌরসভার আশপাশের উপজেলা মাছ ধরার এসব উপকরণে সয়লাব হয়ে উঠে। এ ছাড়া বর্ষার এ মৌসুমে পুরো উপজেলা জুড়ে নদী-নালা, খাল-বিল ও মাঠ-ঘাট ছেয়ে গেছে ‘চায়না’ জালে।
এসব জাল দিয়ে প্রাকৃতিক উৎসে ডিম দিতে আসা মা ও পোনা মাছ নিধন করছেন স্থানীয়রা। উপজেলা মৎস্য অফিস থেকে জানা গেছে, পৌরসভাসহ ৭ টি ইউনিয়নে ছোট-বড় ৪০ টি খাল, ৭টি বিল, প্লাবনভূমি ১৪ টি, ১১ হাজার ৬২৩ টি পুকুর ও ১ টি নদী রয়েছে। ২০২৫-২০২৬ অর্থ বছরের হিসেব অনুযায়ী এসব জলাশয় থেকে বছরে ৩ হাজার ৮৯২ মেট্রিক টন মাছ উৎপাদন হচ্ছে। জনপ্রতি দৈনিক মাছের চাহিদা ৬৫ গ্রাম।
সেই হিসেবে এ উপজেলায় মোট জনসংখ্যার বার্ষিক মাছের চাহিদা ৩ হাজার ৩০০ মেট্রিক টন। চাহিদা মিটিয়ে বছরে উদ্বৃত্ত থাকে ৮৯২ মেট্রিক টন।
এদিকে বিবিচিনি ইউনিয়নের কারিকরপাড়া খাল, গড়িয়াবুনিয়া, পুটিয়াখালী খাল, নাপিতখালী, সিদ্ধান্তের খাল সদর ইউনিয়নের কবিরাজের খাল, বাসন্ডা, বেড়েরধন, লক্ষ্মীপুরা, হোসনাবাদের উত্তর কাটাখালী, ধনমানিক চত্রা, জলিসা খালসহ উপজেলাজুড়ে বিভিন্ন খাল আর বিলে ৩ শতাধিক নিষিদ্ধ জালের ব্যবহার করে স্থানীয় জেলেরা এভাবে মাছ শিকার করছে অবাধে।
শিকারিদের পাতা নিষিদ্ধ জালে আটকা পড়ে বিলুপ্তির পথে চিংড়ি, কালিবাউশ, বাইলা, গুইল্লা, পুঁটি গুইল্লা, ইছা, বোয়াল, পাবদা, পুঁটি, শোল, টাকিমাছসহ অসংখ্য পোনা মাছ।
এ ছাড়া এসব খালের বিভিন্ন অংশে অবৈধ বাঁধ দিয়ে গতিরোধ করা হচ্ছে পানি প্রবাহের। এতে মৎস্য উৎপাদন ব্যাহত হচ্ছে তেমনি ফসল উৎপাদনও ব্যাহত হচ্ছে । বেহুন্দি জাল দিয়ে মাছ ধরছিলেন স্থানীয় এক যুবক। তিনি বলেন, সবাই তো খালে ধরে কেউ কিছু বলে না। তাই আমিও ধরি। এই এলাকায় বেশিরভাগ ভাসা জাল, কারেন্ট জাল, বেহুন্দি জাল দিয়েই মাছ ধরে। এসব জালে ছোট ছোট পোনামাছসহ প্রায় সব ধরনের মাছ আটকা পড়ে। সরেজমিনে পৌরসভার সাপ্তাহিক হাটে দেখা গেছে, বিভিন্ন এলাকা থেকে ক্রেতা-বিক্রেতারা বাঁশের তৈরি চাঁই , বুচনা ও চরগড়া কিনতে ভিড় জমাচ্ছেন হাটে।
এ ছাড়া উপজেলার বিবিচিনি, পল্লীমঙ্গল, দেশান্তরকাঠী, ফুলতলা, পুটিয়াখালী, গড়িয়াবুনিয়া, বাসন্ডা, হোসনাবাদ, জলিসা, মোকামিয়া, চরখালী, কাজিরহাট, বলইবুনিয়া, ভোড়া কালিকাবাড়ি, চান্দখালী ও কুমড়াখালী গ্রামগুলোতে ঘুরে সারি সারি চায়না জাল দেখতে পাওয়া যায়। এসব গ্রামে যেখানেই একটু পানি রয়েছে সেখানেই এই জাল পাতা হচ্ছে।
মোকামিয়া গ্রামের রতন হাওলাদার বলেন, পানিতে যদি মাছ থাকে তবে চায়না জালে তা ধরা পড়বে। লোহার রডের সঙ্গে পেঁচিয়ে বিশেষভাবে তৈরি বর্গাকৃতির এই ঘন জালটি মাছের জন্য সর্বনাশা ফাঁদ।
বর্ষাকালে চাঁই, বুচনাসহ বাঁশের তৈরি নানা উপকরণে এবং চায়না জালে পুটি, ভেদি, কই, মাগুর, শিং, শোল, মহাশোল, টাকি, চিংড়ি, মলান্তি, পাবদাসহ বিভিন্ন ডিমওয়ালা দেশীয় মাছ নিধন করা হচ্ছে।
অবাধে ডিমওয়ালা দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ধরা হচ্ছে। বর্ষাকালে মাছের প্রজননকাল। চায়না জাল দিয়ে মাছ ধরার কারণে নতুন পানিতে মা মাছ ডিম ছাড়তে পারছে না। এসব কারণে প্রাকৃতিকভাবে মাছের উৎপাদন হ্রাস পাচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিভাবে গবেষক ড. লোকমান হোসেন বলেন, প্রজননের সময় ডিমযুক্ত মা মাছ ধরা পড়লে ধীরে ধীরে দেশীয় মাছ বিলুপ্ত হবে।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তুরান বলেন, বাঁশের তৈরি চাঁই, বুচনা ও চায়না জাল, কারেন্ট জালসহ যে জাল দিয়ে পোনা মাছ ধরা হয় সেসব জাল আমাদের দেশে নিষিদ্ধ। এসব অবৈধ মাছ ধরার উপকরণ বন্ধ করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশির গাজী বলেন, নিষিদ্ধ চায়না জাল, কারেন্ট জাল ও অন্য উপকরণ বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।











































