পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় কয়লা বোঝাই একটি ট্রাকের ভারে ভেঙে পড়েছে একটি বেইলি ব্রিজ। ফলে কলারন-সন্ন্যাসী-মোড়েলগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক সড়কে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার (১৯ জুন) দিবাগত রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মালবাড়ি খালের ওপর নির্মিত সেতুটি ধসে পড়ে। এ দুর্ঘটনায় ট্রাকের চালক ও সহকারীর কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক আড়াইটার দিকে প্রায় ২৭ টন কয়লা বোঝাই একটি ট্রাক সেতুটি পার হওয়ার সময় অতিরিক্ত ভার সহ্য করতে না পেরে স্টিলের বেইলি ব্রিজটি ভেঙে পড়ে। এতে ট্রাকটি ব্রিজসহ খালের পানিতে পড়ে যায়।
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই মালবাড়ি এলাকার বেইলি সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এ ব্রিজ দিয়ে পাঁচ টনের বেশি ওজনের যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও তা মানা হচ্ছিল না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার অবহিত করা হলেও প্রয়োজনীয় সংস্কার হয়নি বলে দাবি তাদের।
জানাযায়, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জ’রু জরুরি নির্দেশনায় জনদূর্ভোগ লাঘবের লক্ষ্যে ২০১২ সালে এই বেইলি ব্রিজটি নির্মাণ করা হয়।
দুর্ঘটনার ফলে ইন্দুরকানী থেকে মোড়েলগঞ্জ ও পিরোজপুরগামী গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কটিতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।
বিষয়টি নিশ্চিত করে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। সেতুটি পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’











































