স্টাফ রিপোর্টার
খুলনা সদর থানাধিন ময়লাপোতা মোড়ে থেকে ৪০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তারের মামলার দু’আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, যশোর জেলার কতোয়ালি থানার চাচড়া রায়পাড়া এলাকার বাসিন্দা আনছার আলীর ছেলে জয়নাল আবেদীন ও অভয়নগর উপজেলার কইকরান পাড়ার বাসিন্দা মো. মিলন হাওলাদারের ছেলে মিল্টন ওরফে পিল্টন হাওলাদার। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি জয়নাল আবেদীন আদালতের কাঠগড়ায় উপস্থিত থাকলেও পলাতক ছিলেন পিল্টন হাওলাদার। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী নথীর বরাত দিয়ে জানান, ২০১৩ সালের ৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থান করছিল। গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে খুলনা সদর থানাধীন রেলওয়ে ষ্টেশনের ট্রাফিক গোল চত্বরের সামনে দু’জন ব্যক্তি ফেন্সিডিল বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের সদস্যরা ওই স্থানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই দু’জন ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করে ব্যর্থ হয়। পুলিশ এ সময়ে তাদের কাছে থাকা বাজারের ব্যাগ হতে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ ঘটনায় ওই দিন রাতে ডিবির এসআই মো. আতাউর রহমান বাদী হয়ে ওই দু’জনের বিরুদ্ধে মাদক আইনে খুলনা সদর থানায় মামলা দায়ের করেন। ওই বছরের ৩১ মার্চ গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান জয়নাল আবেদীন এবং মিল্টন ওরফে পিল্টন হাওলাদারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। রাস্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি ফারজানা হক ডেইজী।











































