Home বিনোদন কারামুক্তির এক মাস পর কেমন আছেন জানালেন নুসরাত ফারিয়া

কারামুক্তির এক মাস পর কেমন আছেন জানালেন নুসরাত ফারিয়া

35


বিনোদন ডেস্ক।।

আলোচিত অভিনেত্রী ও উপস্থাপিকা নুসরাত ফারিয়া এক মাস পর আবারো পেশাগত জীবনে ফিরলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে নিজের কাজে ফেরার বার্তা দিয়েছেন এই তারকা। নুসরাত ফারিয়াকে গত ১৮ মে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার করা হয়। অভিযোগ ছিল বৈষম্যবিরোধী একটি আন্দোলনে সহিংসতা ও হত্যাচেষ্টার সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে। বিষয়টি নিয়ে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।


এরপর ২০ মে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানির পর বিচারক মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়ার পর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান নুসরাত ফারিয়া। কারামুক্তির এক মাস পর বুধবার (১৮ জুন) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “১ মাস পর…”। ছবিতে দেখা গেছে, তিনি একটি স্টুডিওতে মাইক্রোফোনের সামনে ডাবিং করছেন, মুখে হাসি এবং চেহারায় স্বস্তির ছাপ স্পষ্ট।

অভিনেত্রীর ভক্তরা তার কাজে যুক্ত হওয়ার বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন। তার একজন ভক্ত মন্তব্য করেছেন, তোমার অতীতের ঘটনা ভুলে যাও, কিন্তু সেই অভিজ্ঞতা থেকে যা শিখেছো, তা যেন ভুলে না যাও। আরেকজন লিখেছেন, খুব ভালো লাগছে আপনাকে এভাবে ফিরে পেয়ে, ভালোবাসা রইল।

উল্লেখ্য, নুসরাত ফারিয়া ক্যারিয়ার শুরু করেছিলেন রেডিও জকি হিসেবে। এরপর উপস্থাপনা ও অভিনয়ের জগতে পা রাখেন। ২০১৫ সালে যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। নুসরাত ফারিয়াকে সবশেষ বড় পর্দায় দেখা গিয়েছিল রোজার ঈদের মুক্তি পাওয়া ‘জ্বীন ৩’ সিনেমায়।