Home স্বাস্থ্য লিচুর টক-মিষ্টি-ঝাল আচার

লিচুর টক-মিষ্টি-ঝাল আচার

18


মিলি রহমান
মৌসুমি রসালো ফলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে লিচু। চমৎকার সুস্বাদু এই ফলটি যদিও খুব বেশিদিন বাজারে পাওয়া যায় না। তবে অনেকেই দীর্ঘদিন ধরে কাঁচা লিচু সংরক্ষণ করতে চান। টাটকা লিচু খোসা ছাড়িয়ে এয়ারটাইট বক্সে করে ফ্রিজে রাখলে সর্বোচ্চ সপ্তাখানেক ভালো থাকে। কিন্তু লিচু দীর্ঘদিন সংরক্ষণ করা যায় না। তবে আপনি চাইলে ভিন্ন উপায়ে লিচু সংরক্ষণ করতে পারেন।
লিচু দিয়ে আচার তৈরি করেও সংরক্ষণ করা যায়। চলুন তাহলে জেনে নেওয়া যাক, কিভাবে লিচুর আচার তৈরি করবেন-
উপকরণ: পাকা লিচু – ১ কেজি; চিনি – ১ কাপ; সরিষার তেল – ১/২ কাপ; ভিনেগার – ১/৪ কাপ; সরিষা বাটা – ১ টেবিল চামচ; আদা বাটা – ১ চা চামচ; রসুন বাটা – ১ চা চামচ; শুকনো মরিচ – ২-৩ টি (ইচ্ছা অনুযায়ী); পাঁচফোড়ন – ১ চা চামচ; লবণ – স্বাদমতো; হিং – ১ চিমটি (ইচ্ছা অনুযায়ী); ধনে গুঁড়া- ২ চা চামচ; হলুদ গুঁড়া- ১/২ চা চামচ; কাঁচা মরিচ- ৬টি।
পদ্ধতি: প্রথমে লিচুর খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে বীজগুলো আলাদা করে নিন। এবার একটি পাত্রে সরিষার তেল গরম করুন। এর মধ্যে রসুন বাটা দিয়ে নাড়তে থাকুন। রসুন একটু ভাজা হলে একসঙ্গে সব মসলা দিয়ে দিন। মসলাগুলো মিশে গেলে এতে লিচু দিয়ে দিন।

লিচুর সঙ্গে তেল ভালোভাবে মিশিয়ে দিন এবং ভালোভাবে নাড়ুন। স্বাদ অনুযায়ী লবণ ও চিনি মিশিয়ে দিন। লিচু মিষ্টি হলে চিনি একটু কম দিতে পারেন। চিনি গলে গেলে ৫ মিনিট জ্বাল দিন। এবার ভিনেগার দিয়ে হালকা আঁচে ১০ মিনিট রান্না করুন।
যখন পানিটা শুকিয়ে যাবে এবং তেল ভেসে উঠবে, তখন পাত্র নামিয়ে নিন। এরপর ঠাণ্ডা করে পাত্রে সংরক্ষণ করুন। ব্যস্ তৈরি হয়ে গেল লিচুর টক-মিষ্টি-ঝাল আচার। এবার ঠাণ্ডা করে বয়ামে সংরক্ষণ করুন। এভাবে আচার ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন।