Home খেলাধুলা জমে থাকা পাঁচ বছরের পুরস্কার প্রদান করলো বাফুফে

জমে থাকা পাঁচ বছরের পুরস্কার প্রদান করলো বাফুফে

9

ক্রীড়া প্রতিবেদক

তৃতীয় বিভাগ থেকে প্রিমিয়ার লিগ ২০১৫ থেকে ২০১৯ সাল-পাঁচ বছরে জমেছিল ফুটবলের ২৩টি পুরস্কার। গতকাল সোমবার সেই লিগের ট্রফিগুলো একসঙ্গে বিতরণ করলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মতিঝিল বাফুফে ভবনের সামনের মাঠে বিশাল প্যান্ডেল ও মঞ্চ বানিয়ে কাবগুলোর কর্মকর্তাদের হাতে ট্রফি তুলে দেয়া হয়। বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন ট্রফি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
২০১৪ সালে সর্বশেষ কাবগুলোকে ট্রফি প্রদান করা হয়েছিল। দীর্ঘ সময়ে তৃতীয় বিভাগ, দ্বিতীয় বিভাগ, প্রথম বিভাগ, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের যে ট্রফিগুলো পাওনা ছিল কাবগুলোকে তা প্রদান করা হয়েছে একমঞ্চ থেকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ছাড়া অন্য লিগগুলোর ট্রফি কয়েক বছর পরপরই দেয়া হয়। তবে এবার সেই সঙ্গে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগের কয়েকটি রানার্সআপ ট্রফি প্রদান বাকি ছিল। সেগুলোও প্রদান করা হয়েছে এই অনুষ্ঠানে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘আজকের অনুষ্ঠানে যেসব দল চ্যাম্পিয়ন তাদের অভিনন্দন জানাই। আশা করি ভবিষ্যতেও আপনাদের মঞ্চে পাব চ্যাম্পিয়ন হিসেবে। আমার এতটুকুই বলার যে, আপনারা ফুটবল খেলেছেন, ফুটবল খেলেন এবং ভবিষ্যতেও চ্যাম্পিয়ন হোন। কষ্ট করে আসার জন্য ধন্যবাদ জানাই।’ যে ২৩টি ট্রফি প্রদান করা হয়েছে তার মধ্যে ছয়টি চ্যাম্পিয়ন, ১১টি রানার্সআপ, তিনটি তৃতীয়, দুটি চতুর্থ ও একটি পঞ্চম স্থানের।

সুপার ওভারে পাঞ্জাবকে হারাল দিল্লি

ক্রীড়া প্রতিবেদক

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরে নেই আগের সেই দৃশ্য। করোনার কারণে ফাঁকা স্টেডিয়াম, তারমধ্যে নিজস্ব গ-ির বাইরে সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত হচ্ছে নতুন সংস্করণ। তবে মাঠে অভাব নেই উত্তেজনার উপস্থিতির। শুরুর মাত্র দ্বিতীয় দিনেই রবিবার টানটান উত্তেজনার লড়াই উপহার দিল কিংস ইলেভেন পাঞ্জাব বনাম দিল্লী ক্যাপিটালসের ম্যাচ। শেষ পযর্ন্ত সুপার ওভারে গড়ানো শ্বাসরুদ্ধকর ম্যাচটিতে হেরেছে প্রীতি জিনতার দল পাঞ্জাব।
দিল্লীর নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে করা ১৫৭ রান টপকাতে গিয়ে পাঞ্জাবও থামে ৮ উইকেটে ১৫৭ রানে। এরপরই ম্যাচ গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ২ রান তুলতে পারে পাঞ্জাব। কাগিসো রাবাদার করা প্রথম বলে ২ রান নিয়ে পরের ডেলিভারিতে ডিপ স্কোয়ারে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন লোকেশ রাহুল। পরের বলে বোল্ড হন দিল্লীর আরেক ব্যাটসম্যান নিকোলাস পুরান। ৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে জয়ের জন্য কোনো বেগ পেতে হয়নি দিল্লীকে। শ্রেয়াস আয়ারকে নিয়ে ব্যাটিংয়ে নামেন রিশাভ পান্ত। প্রথম বলে কোনো রান না দিলেও পরের বলে ওয়াইড দিয়ে বসেন মোহাম্মদ শামি। পরের ডেলিভারিতে ২ রান নিয়ে দিল্লীকে জয়ের বন্দরে পৌঁছে দেন পান্ত।
এর আগে দুর্দান্ত এক শ্বাসরুদ্ধকর মুহূর্তই উপহার দিয়েছে দু’দল। দুবাইতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়া দিল্লী শেষ পযর্ন্ত অধিনায়ক আয়ারের ৩২ বলে ৩৯, উইকেটরক্ষক পান্তের ২৯ বলে ৩১ এবং মার্কাস স্টয়নিসের ২১ বলে ঝড়ো ৫৩ রানের সুবাদে ৮ উইকেটে ১৫৭ রান করে দিল্লী। পাঞ্চাবের হয়ে ৪ ওভারে ১৫ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন শামি। ২ উইকেট নেন শেলডন কটরেল।
জবাব দিতে নেমে শুরুটা দারুণ করে পাঞ্জাব। ওপেনার ও উইকেটরক্ষক রাহুল ১৯ বলে ২১ রানে সাজঘরে ফিরলেও দারুণ ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিতে থাকেন আরেক ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। কিন্তু তাকে সঙ্গ দিতে পারেননি কেউ। নিয়মিত বিরতিতে উইকেট পাঞ্চাবের শেষ ওভারে জয়ের জন্য দরকার হয়ে পড়ে ১৩ রান। ব্যাটিংয়ে ছিলেন আগরওয়াল ও ক্রিস জর্দান। বোলিংয়ে আসেন স্টয়নিস। ১৯.৪ ওভারে পাঞ্জাব ছুঁয়ে ফেলে দিল্লীর ইনিংস। কিন্তু নাটক তখনই শুরু। পঞ্চম ডেলিভারিতে পাঞ্জাবের আশার আলো আগরওয়ালকে সাজঘরে ফেরান স্টয়নিস। পরের বলে রাবাদার হাতে ধরা পড়েন জর্দান (৫)। ভেস্তে যায় ৬০ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৮৬ রান করা আগরওয়ালের অনবদ্য ইনিংস।

আশার আলো দেখছে টাইগারদের শ্রীলঙ্কা সফর

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ দলের আসন্ন শ্রীলঙ্কা সফর নিয়ে অপেক্ষার পালা শেষ হচ্ছে না। শেষপর্যন্ত কী লেখা আছে এই সিরিজের ভাগ্যে? শর্ত শিথিলের বিষয়টি পুনর্বিবেচনা করছে শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়। লঙ্কান বোর্ডের সাথে তাদের ইতিবাচক সভা শেষ হয়েছে। এবার উত্তরের অপেক্ষায় বিসিবি।
আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলতে চলতি মাসেই দেশ ছাড়ার কথা টাইগারদের। তবে নিয়মের বেড়াজালে বাংলাদেশকে আটকে দিয়েছে শ্রীলঙ্কা। এরপর বিসিবির সাফ জবাব, শর্ত শিথিল না হওয়া পর্যন্ত সেখানে খেলতে যাবে না লাল-সবুজের প্রতিনিধিরা। বিসিবির হুঁশিয়ারির পর শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়কে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান। সেই ফলাফল এখনো হাতে পায়নি বিসিবি। লঙ্কান ক্রিকেট বোর্ড থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানা না গেলেও মৌখিকভাবে ইতিবাচক সিদ্ধান্তের ইঙ্গিত মিলেছে।

মালদ্বীপে যেতে চায় বসুন্ধরা

ক্রীড়া প্রতিবেদক

বসুন্ধরা কিংসের এএফসি কাপ খেলার কথা ছিল মালদ্বীপে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের চ্যাম্পিয়নদের খেলা ছিল ২৩ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত। কিন্তু করোনাভাইরাসের প্রকোপে বাতিল হয়ে গেছে প্রতিযোগিতাটি। তবে এই সময়টাতে অস্কার ব্রুজনের দল বসে থাকতে চাইছে না, খেলতে চায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। মালদ্বীপের কাবের প্রতি তাদের আগ্রহ বেশি।
এএফসি কাপে মালদ্বীপের দুই কাব টিসি স্পোর্টস ও মাঝিয়া স্পোর্টস এন্ড রিক্রিয়েশনের বিপক্ষে খেলার কথা ছিল বসুন্ধরা কিংসের। প্রীতি ম্যাচেও তাদের বিপক্ষেই খেলতে আগ্রহী বাংলাদেশ চ্যাম্পিয়নরা। অক্টোবরের মাঝামাঝি সময়ে মালেতে দুই দলের বিপক্ষে একটি করে ম্যাচ হতে পারে। আবার ঢাকায় যেকোনও একটি দলকে এনে আরও দুটি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে।

শুটিংকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার নতুন সভাপতির

ক্রীড়া প্রতিবেদক

বেশ কিছুদিন ধরেই শুটিংয়ে একধরনের স্থবিরতা বিরাজ করছিল। অবশেষে শুটিং স্পোর্ট ফেডারেশনে সরকার নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে গত রবিবার। অ্যাডহক কমিটিতে আগের সভাপতি সাবেক সচিব নাজিমউদ্দিন চৌধুরীর জায়গা হয়নি। সভাপতি করা হয়েছে মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসানকে। মহাসচিব হিসেবে অবশ্য আগের কমিটির ইন্তেখাবুল হামিদ অপুকেই পুনর্বহাল করা হয়েছে।
গতকাল সোমবারই শুটিং ফেডারেশনের নতুন সভাপতি সৌজন্য সাক্ষাৎ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সঙ্গে। সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎকালে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘দেশের ভাবমূর্তি বহির্বিশ্বে উজ্জ্বল করতে বাংলাদেশের শুটিংয়ের রয়েছে গৌরবোজ্জ্বল অতীত। ক্রীড়া ইতিহাসে সেরা সাফল্য শুটিং থেকেই এসেছে। ১৯৯০ ও ২০০২ সালের কমনওয়েলথ গেমসে শুটিং থেকেই স্বর্ণপদক জেতে বাংলাদেশ। ফেডারেশনে নতুন নেতৃত্বে নব উদ্দীপনায় দেশের শুটিং আরো বিকশিত হবে।’ নবনির্বাচিত সভাপতি দেশের শুটিংকে এগিয়ে নেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

ইতিহাসের পাতায় শাহীন শাহ আফ্রিদি

ক্রীড়া প্রতিবেদক

টি-টোয়েন্টিতে একাই ৬ উইকেট, এই তো বড় এক বিস্ময়ের খবর। আর এই ৬ উইকেটই যদি হয় পরিষ্কার বোল্ড, সম্ভব! শুধু বিরল নয়, এই ফরমেটের ইতিহাসেই কোনো বোলারের এর আগে এমন কীর্তি ছিল না।
শাহীন শাহ আফ্রিদি সেই কীর্তি গড়ে দেখালেন। টি-টোয়েন্টি ইতিহাসের প্রথম বোলার হিসেবে ৬ উইকেটের সব কটিই ‘বোল্ড’ করেছেন পাকিস্তানের ২০ বছর বয়সী এই পেসার। ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্ট টি-টোয়েন্টি টুর্নামেন্টে এই রেকর্ড গড়েছেন তিনি। রবিবার অবিশ্বাস্য বোলিংয়ে হ্যাম্পশায়ারকে মিডলসেক্সের বিপক্ষে জিতিয়েছেন শাহীন শাহ আফ্রিদি। ৪ ওভারে মাত্র ১৯ রান খরচ করে ৬ উইকেট নেন পাকিস্তানি এই পেসার। এর মধ্যে আবার আছে টানা চার বলে চার উইকেট বা ডাবল হ্যাটট্রিক। পাকিস্তানের প্রথম ও সবমিলিয়ে ষষ্ঠ বোলার হিসেবে টি-টোয়েন্টিতে টানা চার বলে চার উইকেট নেয়ার রেকর্ড গড়েছেন শাহীন আফ্রিদি।

ইতালিয়ান ওপেনের নতুন চ্যাম্পিয়ন হালেপ

ক্রীড়া প্রতিবেদক

২০১৭ ও ২০১৮ সালে রোমে দুবার সামনে থেকে ইউক্রেনিয়ান এলিনা সোভিতোলিনাকে ট্রফি নিয়ে উদযাপন করতে দেখেছেন সিমোনা হালেপ। দুই ফাইনালে ব্যর্থ হওয়ার পর এবার আকাঙ্ক্ষিত সেই ট্রফি ছুঁয়ে দেখলেন দুই নম্বর র‌্যাংকিংধারী। ইতালিয়ান ওপেনের নতুন চ্যাম্পিয়ন হয়েছেন রোমানিয়ার এই টেনিস তারকা।
গতকাল সোমবার চোটের কারণে ফাইনাল থেকে গতবারের চ্যাম্পিয়ন ক্যারোলিনা প্লিসকোভা রিটায়ার্ড করলে জয় নিশ্চিত হয় হালেপের। অবশ্য তিনি যে ফাঁকা মাঠে গোল করেছেন তা নয়, ম্যাচ দ্বিতীয় সেট পর্যন্ত গড়িয়েছিল। তাতে দাপট দেখান গতবারের উইম্বলডন বিজয়ী। ফোরো ইতালিকোর সেন্টার কোর্টে সীমিত সংখ্যক দর্শককে প্রবেশ করতে দেওয়া হয়েছিল ফাইনালে। সেখানে অনেকটা একপেশে ম্যাচ দেখতে হয়েছে। প্রথম সেটে ৫-০ ব্যবধানে এগিয়ে থাকতে গতবারের রোম চ্যাম্পিয়নের বিপক্ষে তিনটি ব্রেক পয়েন্ট পান হালেপ এবং চতুর্থ গেমে ০-৪০ এ পিছিয়ে থাকা অবস্থায় তিনবার ব্রেক পয়েন্ট সেভ করেন। এই জয়ে এ বছর হালেপ তার টানা তৃতীয় শিরোপা জিতলেন। করোনায় সব ধরনের টেনিস বন্ধ হওয়ার আগে দুবাইয়ে এবং গত মাসে প্রাগে ট্রফি ছুঁয়ে দেখেন তিনি।

ইতালিয়ান ওপেনের ফাইনালে জোকোভিচ

ক্রীড়া প্রতিবেদক

ইতালিয়ান ওপেনে চারবারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। পঞ্চমবার এই টুর্নামেন্ট জেতার লক্ষ্যেই এগিয়ে চলেছেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের এই এক নম্বর। সেমিফাইনালে ক্যাসপার রুডকে হারিয়ে জায়গা করে নিয়েছেন ফাইনালে।
করোনা বিরতির পর অবশেষে ইতালিতে ক্রীড়া ইভেন্টে দর্শক প্রবেশের অনুমতি মেলায় এক হাজার দর্শক স্ট্যান্ডে উপস্থিত ছিলেন এদিন। সেই দর্শকের সামনেই সেমিফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ ছিলেন র্যাঙ্কিংয়ের ৩৪তম তারকা। ক্যাসপার প্রথম সেটে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও দুই সেট ৭-৫, ৬-৩ গেমে জেতেছেন জোকোভিচই। ৩৬তম ১০০০ মাস্টার্স শিরোপা জেতার লড়াইয়ে জোকোভিচের প্রতিপক্ষ ডিয়েগো শোয়ার্জমান। যিনি কোয়ার্টারফাইনালে ফেবারিট নাদালকে হারিয়ে চমক সৃষ্টি করেছেন। সেমিফাইনালে শোয়ার্জমান ৬-৪, ৫-৭, ৭-৬ (৭-৪) গেমে হারিয়েছেন কানাডিয়ান ডেনিস শাপোভালভকে।

প্রথম ম্যাচেই রিয়াল মাদ্রিদের হোঁচট

ক্রীড়া প্রতিবেদক

চির প্িরতদ্বন্দ্বী বার্সেলোনাকে হতাশায় ডুবিয়ে স্প্যানিশ লা লিগার গত আসরের শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। প্রত্যাশা রয়েছে ২০২০-২১ মৌসুমেও একই সাফল্যের পুনরাবৃত্তির। তবে সে লক্ষ্যে নতুন মৌসুমের শুরুটাও মোটেও সুখকর হয়নি রিয়ালের। হোঁচট খেয়েছে মৌসুমের প্রথম ম্যাচেই।
বর্তমান চ্যাম্পিয়ন হলেও, সূচির মারপ্যাঁচে নতুন মৌসুমের প্রথম ম্যাচটি ঘরের মাঠে খেলতে পারেনি রিয়াল মাদ্রিদ। খেলতে গিয়েছিল রিয়াল সোসিয়েদাদের মাঠে। সেখান থেকে জয় নিয়ে ফিরতে পারেনি তারা। গোল মিসের হতাশায় সন্তুষ্ট থাকতে হয়েছে গোলশূন্য ড্র নিয়েই। গত ১৮ বছরে এবারই প্রথম রিয়াল সোসিয়েদাদ ও রিয়াল মাদ্রিদের মধ্যকার কোনো ম্যাচে গোল হলো না একটিও। লিগের দ্বিতীয় সপ্তাহে প্রথম মাঠে নামা মাদ্রিদের এটি প্রথম ড্র। অন্যদিকে এখনও পর্যন্ত দুইটি ম্যাচই ড্র করেছে সোসিয়েদাদ। তবে প্রথম ম্যাচে একটি গোল করেছিল তারা।

চেলসিকে হারালো লিভারপুল

ক্রীড়া প্রতিবেদক

মৌসুমের প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন মোহামেদ সালাহ। লিডস ইউনাইটেডের বিপক্ষে শ্বাসরূদ্ধকর ম্যাচে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা জিতেছিল ৪-৩ গোলের ব্যবধানে। এবার সালাহর জুট সাদিও মানে জ্বলে উঠলেন। তাও যেন তেন ম্যাচে নয়, ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের প্রথম হাই ভোল্টেজ ম্যাচে।
সাদিও মানে একাই করলেন জোড়া গোল। তার এই জোড়া গোলেই চেলসির মাঠে গিয়ে তাদেরকেই ২-০ গোলে হারিয়ে আসলো ইয়ুর্গেন কপের শিষ্যরা। চেলসির আন্দ্রেস ক্রিস্টেনসেন লাল কার্ড দেখে মাঠ থেকে বের হয়ে যেতে বাধ্য হন। চেলসি বনাম লিভারপুল। মৌসুমের প্রথম হাই ভোল্টেজ ম্যাচ। চেলসির মাঠেই অতিথি হিসেবে গেলো বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। কিন্তু স্বাগতিক হওয়ার কারণে যে সুবিধা, সেটা নিতে পারেনি ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের ছেলেরা। উল্টো ২ গোল হজম করতে হয়েছে তাদের।

রোনালদোর গোলে জুভেন্টাসের জয়

ক্রীড়া প্রতিবেদক

ইউরোপিয়ান কাব ফুটবলের শীর্ষ পাঁচ লিগের চ্যাম্পিয়নদের নতুন মৌসুমের শুরুটা হচ্ছে মিশ্র অভিজ্ঞতার। প্যারিস সেইন্ট জার্মেই হেরেছে পরপর দুই ম্যাচ, নিজেদের প্রথম ম্যাচে ড্র করেছে রিয়াল মাদ্রিদ, রোমাঞ্চকর এক জয় পেয়েছিল লিভারপুল আর প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দিয়েছিল বায়ার্ন মিউনিখ।
শেষের দুই দলের সঙ্গে যোগ দিলো ইতালিয়ান সিরি ‘আ’ চ্যাম্পিয়ন জুভেন্টাস। নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে সাম্পদোরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে জুভরা। মৌসুম শুরুর ম্যাচেই গোল করে নিজের ফর্মের জানান দিয়েছেন দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
রবিবার রাতের ম্যাচটি ছিল জুভেন্টাসের নতুন কোচ আন্দ্রে পিরলোর কোচ হিসেবে সিরি ‘আ’র প্রথম ম্যাচ। কোচের আস্থার প্রতিদান নিতে মাত্র ১৩ মিনিট সময় নিয়েছেন এ সুইডিশ উইঙ্গার। নিজের অভিষেক ম্যাচেই জানান দিয়েছেন সুযোগ সন্ধানী স্ট্রাইকার হওয়ার সামর্থ্যরে কথা। ডি-বক্সের মধ্যে ক্রিশ্চিয়ানো রোনালদো বল হারালে সেটি পেয়ে যান কুলুসেভস্কি। বাম পায়ের বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে গোল করেন তিনি। এই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় জুভেন্টাস। দ্বিতীয়ার্ধে ফিরে দ্বিতীয় গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় ৭৮ মিনিট পর্যন্ত। লিওনার্দো বনুচ্চি করেন ম্যাচের দ্বিতীয় গোলটি। এর দশ মিনিট পর শেষ বাঁশি বাজার কিছুক্ষণ আগে স্কোরশিটে নাম তোলেন রোনালদো। অ্যারন রামসির কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের ডান দিক থেকে কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান তিনি। তার এ গোলের সুবাদে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।

বার্সেলোনা ছেড়েই দিলেন সুয়ারেজ

ক্রীড়া প্রতিবেদক

আগের দিন জুভেন্টাসের নতুন কোচ আন্দ্রেয়া পিরলোই আসলে বলে দিয়েছিলেন লুইস সুয়ারেজকে তারা হয়তো এবার নিতে পারছেন না। গতকাল জুভেন্টাসের ক্রীড়া পরিচালক পরিষ্কার বলে দিয়েছেন লুইস সুয়ারেজকে তারা নিচ্ছেন না।
বার্সেলোনার উরুগুইয়ান স্ট্রাইকারের ভবিষ্যৎটা যেন আগামী এক মৌসুমের জন্য বাধা পড়ে যাচ্ছিল নতুন কোচ রোনাল্ড কোম্যানের অনুগ্রহে। না, সেটা আর হতে দিলেন না, নিজের ভবিষ্যৎ নিজেই গড়ছেন সুয়ারেজ। একবছর বাকি থাকতেই বার্সেলোনার চুক্তিটা শেষ করে দিয়েছেন আনুষ্ঠানিকভাবে। এজন্য পাওনা বেতনের আংশিক দাবি তাকে ছাড়তে হয়েছে। বার্সেলোনা বদলে তার ঠিকানা হয়তো হচ্ছে মাদ্রিদ। আতলেতিকো মাদ্রিদ তাকে নেওয়ার আগ্রহ দেখিয়েছে। কারণ আলভারো মোরাতাকে আতলেতিকো ধারে পাঠাচ্ছে জুভেন্টাসে। মোরাতার জায়গায় একজন স্ট্রাইকার তো লাগবে। ডিয়েগো কস্তার জুটি হিসেবে সুয়ারেজকেই মনে ধরেছে আতলেতিকো কোচ ডিয়েগো সিমিওনির।

ইন্টারে যাচ্ছেন ভিদাল

ক্রীড়া প্রতিবেদক

বার্সেলোনা ছেড়ে ইন্টারে মিলানে পাড়ি জমাচ্ছেন মিডফিল্ডার আর্তুরো ভিদাল। চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আন্তোনিয় কন্তের দলের সঙ্গে যোগ দিতে এরই মধ্যে মিলানে পৌঁছে গেছেন তিনি। আর যাবার বেলায় বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসির কাছ থেকে পেয়েছেন দারুণ বিদায়ী বার্তা।
ভিদালকে বিদায় জানিয়ে ইনস্টাগ্রামে ভিদালের সঙ্গে নিজের একটি হাসিমুখের ছবি পোস্ট করে মেসি লিখেছেন, ‘আমি আগে তোমার বিপক্ষে খেলার মাধ্যমেই তোমাকে চিনতাম। আমার সবসময়ই মনে হত তুমি একজন অনন্য সাধারণ খেলোয়াড়। তবে পরবর্তীতে তোমার সঙ্গে ব্যক্তিগতভাবে যখন দেখা করেছি, তুমি আমাকে আরও অবাক করেছ। এই দুই বছরে আমরা অনেক কিছু ভাগাভাগি করে নিয়েছি। তোমার প্রতিভাও সবার নজরে এসেছে। আমি নতুন কাবে তোমার নতুন অধ্যায়ের জন্য তোমাকে শুভকামনা জানাই। নিশ্চিতভাবেই আমাদের আবারও দেখা হবে।’

জাতীয় দলকে রাকিতিচের বিদায়

ক্রীড়া প্রতিবেদক

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন ২০১৮ বিশ্বকাপের ফাইনালে খেলা ক্রোয়েশিয়ার মিডফিল্ডার ইভান রাকিতিচ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল সোমবার রাকিতিচের অবসরের কথা জানায় ক্রোয়েশিয়া ফুটবল অ্যাসোসিয়েশন। দলটির অধিনায়ক লুকা মদ্রিচ, কোচ জ্লাতকো দালিচ ও অ্যাসোসিয়েশনের সভাপতি দাভর সুকেরের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছেন ৩২ বছর বয়সী এই ফুটবলার। রাশিয়া বিশ্বকাপে দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন রাকিতিচ। ফাইনালে ফ্রান্সের কাছে ৪-২ ব্যবধানে হেরে যায় তার দল। দেশের হয়ে ১০৬ ম্যাচে ১৫ গোল করা এই ফুটবলার জানান, এমন সিদ্ধান্ত নেওয়া তার জন্যে সহজ ছিল না।