Home খেলাধুলা টানা পাঁচ বলে পাঁচ উইকেট আবারও আলোচনায় দিগ্বেশ

টানা পাঁচ বলে পাঁচ উইকেট আবারও আলোচনায় দিগ্বেশ

16


​ স্পোর্টস ডেস্ক

প্রথম চার বলে বোল্ড—চার ব্যাটসম্যান। পঞ্চম বলে এলবিডব্লিউ—আরেক জন। ব্যস, ম্যাচ শেষ! এমনই অবিশ্বাস্য এক বোলিং স্পেল উপহার দিয়ে ক্রিকেট ভক্তদের চমকে দিয়েছেন দিগ্বেশ রাঠি।

আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে আলো ছড়ানো এই ভারতীয় লেগ স্পিনার এবার নজর কাড়লেন স্থানীয় এক টি-টোয়েন্টি ম্যাচে টানা পাঁচ বলে পাঁচ উইকেট নিয়ে।

লখনৌ সুপার জায়ান্টস সোমবার দিগ্বেশের সেই দুর্ধর্ষ স্পেলের ভিডিও প্রকাশ করে তাদের সামাজিক মাধ্যমে। ফ্র্যাঞ্চাইজির মালিক সঞ্জীব গোয়েঙ্কাও ভিডিওটি শেয়ার করে লেখেন, “স্থানীয় টি-টোয়েন্টি ম্যাচে দিগ্বেশ রাঠির পাঁচ বলে ৫ উইকেট নেওয়ার এই ক্লিপ দেখে আমি হতবাক হয়ে গেলাম। যে প্রতিভা ২০২৫ সালের আইপিএলে লখনৌর হয়ে তাকে তারকায় পরিণত করেছিল, তার এক ঝলক।”

যদিও ম্যাচটি কোথায় হয়েছে কিংবা টুর্নামেন্টের নাম কী, তা জানানো হয়নি। তবে ভিডিও অনুযায়ী, দিগ্বেশ ইনিংসের পঞ্চদশ ওভারে নিজের শেষ ওভার করতে আসেন। তখন প্রতিপক্ষ দলের দরকার ছিল ৩৬ বলে ১১৩ রান, হাতে ৫ উইকেট। ঠিক সেই সময় প্রথম পাঁচ বলেই তুলে নেন পাঁচ উইকেট—চারজনকে বোল্ড, একজন এলবিডব্লিউ। এক ওভারে মোট ৫ উইকেট নিয়ে ম্যাচের সমাপ্তি টেনে দেন ২৫ বছর বয়সী এই স্পিনার।

মোট ৭ উইকেট শিকার করেন তিনি সেই ম্যাচে।

এবারই প্রথম আইপিএলে খেলার সুযোগ পান দিগ্বেশ রাঠি। তার আগ পর্যন্ত ভারতীয় ক্রিকেটে তেমন পরিচিত ছিলেন না তিনি। স্বীকৃত ক্রিকেটে অভিজ্ঞতা বলতে ছিল কেবল সৈয়দ মুশতাক আলি ট্রফিতে দুটি ম্যাচ। তবে দিল্লি প্রিমিয়ার লিগে ১০ ম্যাচে ১৪ উইকেট নিয়ে নজর কাড়েন এবং এরপরই আইপিএল নিলামে লখনৌ সুপার জায়ান্টস তাকে ৩০ লাখ রুপিতে দলে নেয়।

আইপিএলে লখনৌ প্লে-অফে উঠতে না পারলেও ব্যক্তিগতভাবে উজ্জ্বল ছিলেন দিগ্বেশ। ১৩ ম্যাচে ১৪ উইকেট নিয়ে ছিলেন দলের সর্বোচ্চ উইকেটশিকারি, ওভারপ্রতি রান দেন ৮.২৫।

তবে শুধু পারফরম্যান্স নয়, তার উদযাপনও বারবার আলোচনায় এসেছে। আউটের পর ‘নোটবুক উদযাপন’—অর্থাৎ কলম ধরে কিছু লেখার বা অটোগ্রাফ দেওয়ার ভঙ্গিমা—তাকে একদিকে যেমন জনপ্রিয় করেছে, তেমনি বিতর্কও ডেকেছে। এক আসরে তিনবার আচরণবিধি ভঙ্গ করায় জরিমানা এবং এক ম্যাচ নিষেধাজ্ঞাও পেয়েছিলেন তিনি।

সবকিছু মিলিয়ে মাঠে ও মাঠের বাইরে দিগ্বেশ এখন রীতিমতো আলোচিত নাম।