কয়রা প্রতিনিধি।।
সুন্দরবনের কোলঘেঁষা লোকালয়ে আবারও উদ্ধার হলো একটি বিশালাকার অজগর সাপ। মঙ্গলবার (১৭ জুন) সকালে কয়রা উপজেলার ৬নং কয়রা পুলিশ ফাঁড়ির পার্শ্ববর্তী শ্মশান কালি মন্দিরের মাঠে স্থানীয়রা প্রায় ৯ ফুট লম্বা অজগর সাপটি দেখতে পান। পরে খবর পেয়ে বন বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করে এবং তা সুন্দরবনের গভীরে অবমুক্ত করে। জানা গেছে, সকাল ৯টার দিকে স্থানীয়দের নজরে আসে অজগরটি।
এর আগেও একই স্থান থেকে আরও একটি অজগর সাপ উদ্ধার করে বনে ছাড়া হয়েছিল। স্থানীয়দের ধারণা, খাদ্যের সন্ধানে অথবা প্রাকৃতিক দুর্যোগের কারণে সাপটি লোকালয়ে চলে এসেছিল। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম শাহিদের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। সাপটি উদ্ধারের সময় কাশিয়াবাদ পুলিশ ফাঁড়ির সদস্য, সিপিজি (Community Patrol Group) ও ভিটিআরটি (Village Tiger Response Team) সদস্যরা বনরক্ষীদের সহায়তা করেন।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরিফুল ইসলাম জানান, উদ্ধারকৃত অজগর সাপটিকে শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির অধীনস্থ টানা ভারানী এলাকায় নিরাপদে অবমুক্ত করা হয়েছে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় এবং লোকালয়ে বন্যপ্রাণীর প্রবেশ ঠেকাতে বন বিভাগ ও স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি বলে মনে করছেন পরিবেশবিদরা।











































