Home বিনোদন দ্বিতীয় নাটকেই ট্রেন্ডিংয়ের ৩ নম্বরে মেহজাবীনের বোন

দ্বিতীয় নাটকেই ট্রেন্ডিংয়ের ৩ নম্বরে মেহজাবীনের বোন

48


বিনোদন প্রতিবেদক।।
অভিনয়ের জগতে নতুন হলেও বাজিমাত করেছিলেন শুরুতেই। ‘সন্ধিক্ষণ’ নাটকের মাধ্যমে অভিষেকেই সেরা নবাগত অভিনেত্রী হিসেবে বাইফা পুরস্কার পেয়েছিলেন মালাইকা চৌধুরী, যিনি জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন।

তবে প্রথম ঝলকের পর দীর্ঘ সময় ধরে নাটকে অনুপস্থিত ছিলেন তিনি। এবারের ঈদে আবারও ফিরেছেন, এবং তাও রাজ পরিচালিত নাটক ‘ক্ষতিপূরণ’-এর মাধ্যমে। এই নাটক মুক্তি পেয়েছে ১০ জুন, সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। মুক্তির কয়েক দিনের মধ্যেই এটি ইউটিউব ট্রেন্ডিংয়ে উঠে এসেছে ৩ নম্বরে। নাটকটির ভিউ ইতোমধ্যে ৪৬ লাখ ছাড়িয়ে গেছে, মন্তব্য সংখ্যা ৬ হাজারের বেশি।


নাটকের গল্প লিখেছেন সিদ্দিক আহমেদ। রহস্যময় এক তরুণকে ঘিরে আবর্তিত হয় কাহিনি, যাকে কেউ ত্রিস্তান, কেউ কাফকা, কেউ তলস্তয় বা হুমায়ূন আহমেদ নামে ডাকে। এই তরুণের প্রতি কৌতূহলী হয়ে ওঠে সাংবাদিক শিরিন। এই দুটি চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও মালাইকা চৌধুরী।

নাটকে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, মনিরা মিঠু, রাশেদ মামুন অপু, সুষমা সরকার, এমএনইউ রাজু, শরিফ ফারজানা বুশরা, টুম্পা মাহবুব প্রমুখ। চিত্রগ্রহণে ছিলেন রাজু রাজ এবং সম্পাদনায় রাশেদ রাব্বি।

আবহ সংগীত ও একটি নতুন গান ‘লিখেছি তোমার নাম’–এর সুর ও সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি। গেয়েছেন তিনি ও স্বর্ণা। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন।