Home আঞ্চলিক খুলনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ, তথ্য সংগ্রহে গেলে সাংবাদিক...

খুলনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ, তথ্য সংগ্রহে গেলে সাংবাদিক লাঞ্ছিত

375
oplus_34

স্টাফ রিপোর্টার।।
খুলনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অভিজিৎ রায় (৩২) কে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুদ্ধ জনতা। এ সময় তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকরাও লাঞ্ছণার শিকার হন। পরে পুলিশ এসে আহত অভিজিৎকে উদ্ধার করে।

শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে রায়েরমহল বাজারে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে খাবার খেতে রায়েরমহল কুদ্দুসের হোটেলে যান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা অভিজিৎ রায়। এ সময় স্থানীয় কয়েকজন তাকে আটক করে। সেখানে খালিশপুর থানা বিএনপির সদস্য পরিচয়ে তুহিনের নেতৃত্বে কয়েকজন স্থানীয় লোকজনের কাছ থেকে তাঁকে তুলে নেয় ও মারধর করে। পরে তাঁকে রায়েরমহল বড় মসজিদের সামনে অবস্থিত খালিশপুর থানা তাঁতি দলের অফিসে নিয়ে আসা হয়। এই সংবাদ পেয়ে ঘটনাস্থলে তথ্য সংগ্রহ করতে যায় চ্যানেল এস টেলিভিশনের রিপোর্টার ও অনির্বান পত্রিকার বার্তা সম্পাদক কলিন হোসেন আরজু, দৈনিক খুলনাঞ্চলের স্টাফ রিপোর্টার মোঃ রাজু হাওলাদার।

সাংবাদিকরা তথ্য সংগ্রহের চেষ্টা করলে খুলনা মহানগর তাঁতীদলের যুগ্ম সম্পাদক পরিচয়ধারী সৈয়দ হুমায়ুন কবির, খালিশপুর থানা বিএনপির সদস্য তুহিন, মহানগর তাতীদলের নেতা মোঃ দেলোয়ার হোসেন মাতুব্বর, শেখ আলামিন, সোনাডাঙ্গা থানা তাঁতী দলের সদস্য পরিচয়ধারী সুজা তাদের বাধা দেন। এ সময় সাংবাদিকদের লাঞ্ছিত করে তাদের পরিচয়পত্র, মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। অবশ্য পরে সেগুলো ফেরত দেওয়া হয়।

হরিণটানা থানার ওসি শেখ খায়রুল বাশার জানান, বিকাল ৫ টার দিকে বয়রা বড় মসজিদের সামনের এলাকাবাসী অভিজিৎ রায়কে বাজারে দেখতে পেয়ে খবর দেয়। পরবর্তীতে জনতা তাকে ধরে পুলিশে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে হরিণটানা থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। তিনি এজাহারভুক্ত আসামী। বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরবর্তীতে তার বিরুদ্ধে আআইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


উল্লেখ্য, অভিজিৎ রায় ডুমুরিয়ার গোলাপ দাহ গ্রামের বাসিন্দা মৃত হরেন্দ্রনাথ রায়ের ছেলে। তিনি খুলনা জেলা ছাত্রলীগের সাংগঠিনক সম্পাদক। সর্বশেষ ডুমুরিয়া উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হন।