স্পোর্টস রিপোর্টার।।
ফের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হয়ে গেছে বাংলাদেশ দলের। ২০১৭ সালের পর পূর্ণাঙ্গ সিরিজ (দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি) খেলতে শ্রীলংকা সফরে যাচ্ছেন টাইগাররা। গতকাল লংকার উদ্দেশে দেশ ছেড়েছেন নাহিদ রানা, ইবাদত হোসেন চৌধুরীসহ বাংলাদেশ দলের ১০ সদস্য। বাকিরা যাবেন আজ। গলে আগামী ১৭ জুন প্রথম টেস্ট দিয়ে শুরু হবে শ্রীলংকা ও বাংলাদেশ সিরিজ। কলম্বোতে ২৫ জুন থেকে মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে এটি বাংলাদেশের প্রথম সিরিজ। এরপর দেশে ও দেশের বাইরে আরও পাঁচটি সিরিজ খেলবেন লাল-সবুজরা। শ্রীলংকা সফরের টেস্ট সিরিজ নিয়ে গতকাল নিজেদের লক্ষ্য, পরিকল্পনা ছাড়াও আরও বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিস্তারিতÑ
প্রস্ততি কেমন হয়েছে?
শান্ত : প্রস্ততি যদি বলেন, মোটামুটি ভালো হয়েছে। তবে আরও ভালো হতে পারত। পাকিস্তান সিরিজ একটু দেরিতে হলো। যার কারণে কিছু ক্ষেত্রে সময়টা একটু কম পাওয়া গেছে। তবে এটাকে অজুহাত হিসেবে দেখাতে চাই না। যতটুকু হয়েছে, আলহামদুলিল্লাহ, ভালো প্র¯’তি হয়েছে।
জয়ের ব্যাপারে কতটা আশাবাদী?
শান্ত : শ্রীলংকায় টেস্টে আমরা এর আগেও জিতেছি। আশা করব, এবারও ভালো কিছু হবে, ইনশাআল্লাহ।
কোন পজিশনে ব্যাটিং করতে দেখা যাবে?
শান্ত : এটা আসলে এখানে বলতে চাচ্ছি না। প্রতিপক্ষ যদি দেখে, তাহলে বিষয়টি অনেক আগে থেকে উন্মুক্ত হয়ে যেতে পারে। আমি যে কোনো পজিশনে খেলার জন্য প্রস্তুত আছি। আমাদের আরও টপ অর্ডার ব্যাটসম্যান আছে। পরিকল্পনা আছে, আবার বিকল্পও আছে। দেখা যাক।
শ্রীলংকা সিরিজের টেস্ট দলটাকে কীভাবে মূল্যায়ন করবেন?
শান্ত : দল নিয়ে আমি খুবই খুশি। দলে যে সব ক্রিকেটারকে চেয়েছি, শতভাগ পেয়েছি। তাই অধিনায়ক হিসেবে দল নিয়ে আমি খুশি। আমাদের দলে ৪টা করে পেসার ও স্পিনার আছে। মানে ভারসাম্যটা আছে। আমরা কন্ডিশন দেখে দুই ধরনের কম্বিনেশনেই যেতে পারি। দল নিয়ে আমি খুশি। ভারসাম্য করার মতোই দল।
টেস্ট দলে ইবাদতের প্রত্যাবর্তনকে কীভাবে দেখছেন?
শান্ত : ইবাদতকে আমরা অনেক দিন ধরে মিস করছিলাম। আরও বোলার ছিল, কিন্তু ওর মতো উইকেট শিকারি কেউ ছিল না। ক্যারিয়ারের তুঙ্গে থাকার সময় ও ইনজুরিতে পড়েছিল। অনেক দিন পর তার ফেরা বড় ব্যাপার। প্রস্তুতি ম্যাচে ভালো করেছে। পুরোপুরি ফিট আছে। আশা করি, তাকে দিয়েই আমাদের ঘাটতি পূরণ হবে।
শ্রীলংকার আনঅর্থডক্স অ্যাকশনের বোলারদের বিপক্ষে খেলা…
শান্ত : এ ধরনের বোলার তো আমাদের দেশে নেই। প্রস্তুতি যদি ওভাবে নিতে চাই, সম্ভব না। কারণ, আমাদের দেশে নেই। আমাদের যে রিসোর্সগুলো আছে, প্রস্তুতিতে যে বোলাররা আছে, ওদেরকে ফেস করেই আসলে প্রস্তুতি নিতে হয়। অন্যান্য প্রস্তুতি আমি বলব যে, অনেক দিন ধরে অনেক খেলোয়াড় খেলছে, অভিজ্ঞ দল, তাদের কীভাবে হ্যান্ডেল করতে হবে… মানসিকভাবে নেওয়া যায়, ভিডিও দেখে হতে পারে।
টেস্ট দলকে নেতৃত্ব দেওয়া…
শান্ত : প্রত্যেকটা অধিনায়ককে লম্বা সময় দেওয়া উচিত। আমাকে আগে একটা লম্বা সময় দেওয়া হয়েছিল। এভাবেই কোনো একটা টুর্নামেন্টকে লক্ষ্য করে যদি দায়িত্ব দেওয়া হয়, তাহলে অধিনায়কের পক্ষে পরিকল্পনা সাজাতে সুবিধা হয়। আমাকে টেস্টে আগামী এক বছর সময় দেওয়া হয়েছে। বোর্ডের সঙ্গে সেটাই কথা হয়েছে। আমি আশা করি, এটা যথেষ্ট।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন দেখেন কি না?
শান্ত : টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনেক বড় স্বপ্ন। এ মুহূর্তে সেটা দেখা বোকামি হবে। ছোট পদক্ষেপে এগিয়ে যেতে চাই। চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে মাত্র এক ম্যাচ জিতেছিলাম। গত চক্রে আমরা চারটি ম্যাচ জিতেছি। আমাদের একটু উন্নতি হয়েছে। টার্গেট থাকবে যে, আরও ২-৩টা ম্যাচ বেশি জিততে যেন পারি। আমরা যদি এভাবে ছোট ছোট চিন্তা করে এগোতে পারি, কেন না? বাংলাদেশ দলও একদিন ফাইনাল খেলবে। কিš’ খুবই গুরুত্বপূর্ণ হলোÑ আমরা সামনের দুই বছরের মধ্যে গত বছরের থেকে কতটা ভালো ফল করছি।
নতুন টেস্ট চক্রে আপনাদের লক্ষ্য কী থাকবে?
শান্ত : টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা গত বছর (চক্রে) ৭ নম্বরে শেষ করেছি। এ বছর তো অবশ্যই লক্ষ্য থাকবে যেন ৪-৫-৬ নম্বরের মধ্যে আসতে পারি। তাহলে খুব ভালো হয়। আমার মনে হয়, আমাদেরকে ঘরের মাঠে জিততে হবে। আমরা শেষ চক্রে ঘরের মাঠে খুবই বাজে ক্রিকেট খেলেছি। যদি ঘরের মাঠে জিততে পারতাম, তাহলে আমরা হয়তো আরও ২-৩টা ম্যাচে জয় পেতাম। চিন্তা তো ওখানেই যে, ঘরের মাঠে আমরা কীভাবে টেস্ট জিততে পারি। যখন ম্যাচ হবে, তখন নির্দিষ্ট পরিকল্পনা করে খেলতে হবে। বাইরে ভালো হয়েছে, এ আত্মবিশ্বাসটা আমাদের কাজে দেবে। আমরা যদি এ বছর বাইরে ভালো কিছু করতে পারি, তাহলে দেখা যাবে আমাদের এ টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে আরও ভালো ফল হবে।
টেস্ট দলের পারফরম্যান্সকে কীভাবে দেখছেন?
শান্ত : শেষ কিছুদিন ধরে আমরা ভালো ক্রিকেট খেলছি না। এটা মানতেই হবে। আমি বিশ্বাস করি, এ টিমটা ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারে। ড্রেসিংরুমে ইনটেনসিটি দেখে ভালো লাগছে, সবাই মুখিয়ে আছে সেরাটা দিতে।
শ্রীলংকার বিপক্ষে মাঠে ও মাঠের বাইরে উত্তেজনা এবারও দেখা যাবে কি না?
শান্ত : হোক না, হলে তো ভালোই, খারাপ কী, হোক (হাসি)।











































