Home জাতীয় শেখ হাসিনার সাবেক বাবুর্চির বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও জমি দখলের অভিযোগ

শেখ হাসিনার সাবেক বাবুর্চির বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও জমি দখলের অভিযোগ

17


ফরিদপুর প্রতিনিধি।।
একসময় হোটেলের বাবুর্চি, এখন কোটি টাকার সম্পদের মালিক। এমনই এক নাটকীয় উত্থানের গল্প মো. মোশারফ শেখের (৪৭), যিনি একসময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসার বাবুর্চি ছিলেন। ফরিদপুরের সালথা উপজেলার বড় কামদিয়া গ্রামের এই ব্যক্তি এখন নিজ এলাকায় বিতর্কিত ভূমিকা ও জমি দখলের অভিযোগে আলোচনায়।

স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগের শাসনামলে মোশারফ শেখ ক্ষমতার অপব্যবহার করে নিজ গ্রামে প্রভাব বিস্তার করেন। কৃষক চাঁনমিয়া ফকিরের জমি দখল করে পাকা ঘর নির্মাণ ও হুমকি-ধামকি দিয়ে এলাকাছাড়া করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবার অভিযোগ জানিয়েছে, জমি ছাড়ার অনুরোধ করলে মারধর ও ভয়ভীতি দেখানো হতো।


গ্রামবাসী জানায়, মোশারফ বাবার রেখে যাওয়া মাত্র ৫ শতাংশ জমির মালিক ছিলেন। ১৯৯৬ সালে শেখ হাসিনার বাসায় বাবুর্চি হওয়ার পর থেকেই বদলে যায় তার জীবন। বর্তমানে গ্রামে ৫ বিঘারও বেশি জমি, ফরিদপুর শহরে দুটি বাড়ি, ঢাকায় ফ্ল্যাট ও একাধিক গাড়ির মালিক হয়েছেন তিনি।

স্থানীয় যুবলীগ নেতা নুর ইসলামের সঙ্গে দ্বন্দ্ব ও পরবর্তীতে মীমাংসার পর মোশারফ আবার গ্রামে নিজের অবস্থান পোক্ত করেন। তবে তার বিরুদ্ধে নারী নির্যাতন ও নিজের স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়ার মতো অভিযোগও রয়েছে।

ফরিদপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাসানউজ্জামান বলেন, “একজন বাবুর্চির আয় থেকে এত সম্পদের মালিক হওয়া অসম্ভব। বিষয়টি তদন্ত হওয়া উচিত।”

সালথা থানার ওসি মো. আতাউর রহমান জানান, জমি দখলের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে মোশারফ শেখের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফোন বন্ধ এবং বাড়িতেও তিনি অনুপস্থিত ছিলেন।