ঢাকা অফিস
গত মে মাসে দেশে ৫৯৭টি সড়ক দুর্ঘটনায় ৬১৪ জন নিহত ও এক হাজার ১৯৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। বৃহস্পতিবার (১২ জুন) সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে মে মাসে সারাদেশে সংঘটিত সড়ক দুর্ঘটনার তথ্যও তুলে ধরা হয়েছে। সংগঠনটি জানায়, দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌ পথের দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মে মাসে সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে ৬৫২টি দুর্ঘটনায় প্রাণ গেছে ৬৫৮ জনের, আহত হয়েছেন এক হাজার ২১০ জন। সড়ক দুর্ঘটনার মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনা ছিল সর্বোচ্চ ২৩৩টি ঘটনায় ২৫৬ জন নিহত।
ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৩৯টি দুর্ঘটনায় ১৪৮ জনের মৃত্যু হয়েছে, আর বরিশালে সর্বনিম্ন ৩০টি দুর্ঘটনায় নিহত ৩০ জন। দুর্ঘটনার ৪৯ দশমিক ৭ শতাংশ ঘটেছে গাড়ি চাপায়, ২৪ দশমিক ৯৫ শতাংশ মুখোমুখি সংঘর্ষে এবং ২০ দশমিক ১০ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে।








































