Home আঞ্চলিক ২ শতাধিক বাড়িঘর ভাংচুর-লুটপাট; এলাকা ছাড়া কয়েকশত পরিবার

২ শতাধিক বাড়িঘর ভাংচুর-লুটপাট; এলাকা ছাড়া কয়েকশত পরিবার

20

কালীগঞ্জে সহিংসতায় ২ খুনের ঘটনায় বিএনপির সংবাদ সম্মেলন>> সংঘর্ষের কথা আগে জানালেও ব্যবস্থা নেয়নি ওসি


কালীগঞ্জ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ২নং জামাল ইউনিয়নে সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি। বুধবার সকাল ১১ টায় শহরের নলডাঙ্গা সড়কের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, সহিংসতার ঘটনায় প্রায় ১৫’শ পরিবার এখন ঘরছাড়া ও প্রায় ২ শতাধিক বাড়িতে ভাংচুর ও লুটপাট চালানো হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইলিয়াস রহমান মিঠু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, মোশাররফ হোসেন, জবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।
লিখিত বক্তব্যে বলা হয়, গত ৩০ ও ৩১ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে উপজেলা ব্যাপী দুইদিনের কর্মসূচি গ্রহণ করে উপজেলা ও পৌর বিএনপি। ২নং জামাল ইউনিয়নও কর্মসূচি গ্রহণ করেছিল। কিন্তু জামাল ইউনিয়নে যেন বিএনপি কোন কর্মসূচি গ্রহন করতে না পারে সে জন্য আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম মোল্লা ও ৪ আগস্ট বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ মামলার আসামি আলাউদ্দিন আলা এবং সাবেক জামায়াত নেতা ইউনুস আলীর নেতৃত্বে জামাল ইউনিয়নে ঢাল-সড়কি, রামদা নিয়ে মোটরসাইকেলে মহড়া দিয়ে এলাকায় ত্রাসের সৃষ্টি করে। বিষয়টি উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ থানার ওসিকে জানালেও তিনি আমলে নেননি। রাত থেকে শুরু করে সংঘর্ষের দিন সকাল ৭ টা পর্যন্ত দফায় দফায় প্রশাসনের স্মরণাপন্ন হওয়া সত্ত্বেও কোন ধরনের পুলিশী সহযোগিতা পাওয়া যায়নি। এ সময় এলাকায় পুলিশ মোতায়েন করা হলে এই সংঘর্ষ এড়ানো সম্ভব হতো।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, ১ জুন সকাল ৮ টার দিকে হঠাৎ করে ২/৩শ’ মানুষ দলবদ্ধ হয়ে রামদা, বোমা, দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নজরুল মোল্লা, আলাউদ্দিন আলা ও ইউনুছ আলীর নেতৃত্বে নাকোবাড়িয়া গ্রাম থেকে পারখালকুলা গ্রামে ঢুকে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট শুরু করে। তখন এলাকাবাসী তাদের প্রতিহত করার জন্য ঐক্যবদ্ধ হয় এবং প্রতিরোধ গড়ে তোলে।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, এই সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে জামাল ও কোলা ইউনিয়নের ২ শতাধিক বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয়েছে, ঘরছাড়া রয়েছে প্রায় ১৫০০ পরিবার। এই সংঘর্ষকে পুঁজি করে বিএনপির ত্যাগী নেতা ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল ইসলামকে আসামি করা হয়েছে। যে ঘটনার সাথে তার কোন সম্পৃক্ততা নেই। কিন্তু থানার ওসি মামলা গ্রহণ করতে গড়িমসি করে কোন কিছুর তোয়াক্কা বা তদন্ত না করেই তাকে আসামি করেই মামলা গ্রহণ করেছে। অবিলম্বে নুরুল ইসলামের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মুল হোতা নজরুল ইসলাম মোল্লা ও আলাউদ্দিন আল আজাদকে দ্রুত গ্রেফতার না করা হলে এই ওসির প্রত্যাহারের জন্য লাগাতার কর্মসূচি দিতে বাধ্য হবে বলে বলা হয়।
কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, সংঘর্ষের ঘটনা আগে থেকে কোন কিছুই আমি জানিনা। আমি যখন জেনেছি তখনই আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়েছি।
উল্লেখ্য,গত ১ জুন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নাকোবাড়িয়ার শ্মশানের মাঠে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আপন দুই ভাই নিহত হয়। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।