অনলাইন ডেস্ক।।
সিরিয়ার নতুন সরকার সব ধরনের সরকারি ও পাবলিক বিচে নারীদের জন্য ‘বুড়কিনি’ বা পূর্ণদেহ আবৃত সাঁতারের পোশাক পরা বাধ্যতামূলক করেছে। পুরুষদের ক্ষেত্রেও চালু করা হয়েছে পোশাক বিধি, এতে শার্ট ছাড়া বিচে অবস্থান নিষিদ্ধ করা হয়েছে।
এর আগে গত ডিসেম্বরে স্বৈরশাসক বাশার আল-আসাদ সরকারের পতনের পর এই প্রথমবারের মতো সিরিয়ার নতুন সরকারের পক্ষ থেকে এমন ঘোষণা এলো। দেশটির পর্যটন মন্ত্রণালয় এক নির্দেশনায় জানিয়েছে, “জনস্বার্থ বিবেচনায় এই পোশাক বিধি জারি করা হয়েছে।”
পর্যটনমন্ত্রী মাজেন আল-সালহানি নিজের ফেসবুক পেজে পোস্ট করা নির্দেশনায় বলেন, “পাবলিক বিচ ও পুলে ভ্রমণকারী সব পর্যটক ও স্থানীয়দের এমন সাঁতারের পোশাক পরিধান করতে হবে, যা সমাজের বিভিন্ন স্তরের রুচি ও অনুভূতির সঙ্গে সঙ্গতিপূর্ণ।”
তিনি আরও বলেন, “নারীদের জন্য যথাযথ পোশাক বলতে বোঝানো হয়েছে বুড়কিনি বা শরীর ঢেকে রাখে এমন সাঁতারের পোশাক। বিচ থেকে অন্য স্থানে যাতায়াতের সময় নারীদের অবশ্যই একটি লুজ-ফিটিং রোব অথবা বিচ কভার-আপ পরতে হবে।”
পুরুষদের ক্ষেত্রেও নির্দেশনায় বলা হয়েছে, “সাঁতার এলাকা, হোটেলের লবি ও খাবার পরিবেশনের স্থানের বাইরে টপলেস অবস্থায় থাকা নিষিদ্ধ। শার্ট পরা বাধ্যতামূলক।” এছাড়াও, বিচ ও পুলের বাইরের পাবলিক এলাকায় সবার জন্য লুজ ও অনাড়ম্বর পোশাক পরার পরামর্শ দেয়া হয়েছে, যাতে কাঁধ ও হাঁটু ঢাকা থাকে।
ব্যতিক্রম কাদের জন্য?
পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, চার-তারকা বা এর উপরের আন্তর্জাতিক মানসম্পন্ন হোটেল, রিসোর্ট ও ব্যক্তিমালিকানাধীন বিচে এই নিয়ম প্রযোজ্য হবে না। সেখানে পশ্চিমা ধাঁচের সাঁতারের পোশাক অনুমোদিত, তবে “নৈতিকতার সীমা” মেনেই তা পরতে হবে।
এই নিয়ম না মানলে কী ধরনের শাস্তির মুখে পড়তে হবে, সে বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি। নির্দেশনায় কেবল বলা হয়েছে, লাইফগার্ড ও বিচ সুপারভাইজাররা নিয়ম পর্যবেক্ষণ করবেন।
এদিকে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছে, “আহমাদ আল-শারার অতিরিক্ত ক্ষমতা এবং স্বচ্ছ নিয়মের অভাবে সিরিয়ায় আইনের শাসন ও মানবাধিকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠছে।”
সূত্র : সিএনএন











































