Home Lead খুলনার নদ-নদীতে ১১ দিনে ৩ অজ্ঞাত মরদেহ, খুন না আত্মহত্যা?

খুলনার নদ-নদীতে ১১ দিনে ৩ অজ্ঞাত মরদেহ, খুন না আত্মহত্যা?

24

স্টাফ রিপোর্টার।।


খুলনা শহর ও আশপাশের নদ-নদীতে একের পর এক ভেসে উঠছে অজ্ঞাত মরদেহ। গত ১১ দিনে উদ্ধার করা হয়েছে তিনটি মরদেহ, যার দুজন পুরুষ, একজন নারী। অজ্ঞাত এসব মরদেহের পরিচয় শনাক্ত করতে ব্যর্থ পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো, যা বাড়াচ্ছে জনমনে আতঙ্ক।

প্রতিটি মরদেহই ছিল পচাগলা, আঙুলের টিস্যু পর্যন্ত নষ্ট। ফলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও মিলছে না কোনো পরিচয়। বাধ্য হয়ে অধিকাংশ মরদেহই দাফন করা হচ্ছে ‘বেওয়ারিশ’ হিসেবে।

গত ২৯ মে খুলনার ৬ নম্বর মাছঘাট এলাকা থেকে উদ্ধার হয় এক অজ্ঞাত যুবকের মরদেহ। তার পরনে ছিল নীল গেঞ্জি ও কালো প্যান্ট।

পুলিশ জানায়, পচন ধরায় ওই ব্যক্তির মুখ এবং আঙুল শনাক্ত করা সম্ভব হয়নি। পরে সিআইডি ও পিবিআই টিম তার ডিএনএ নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠায়। তবে নাম-পরিচয় না মেলায় মরদেহটি দাফন করে আঞ্জুমান মফিদুল ইসলাম।

এর পাঁচ দিন পর, ৪ জুন মতিয়াখালী খালে একটি ডালে আটকে থাকা নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার হওয়া ওই মরদেহও ছিল অজ্ঞাত। তদন্তে কোনো অগ্রগতি না থাকায়, এটিও বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়।

সবশেষ ৯ জুন রূপসার আঠারোবাঁকি নদী থেকে উদ্ধার হয় এক যুবকের মরদেহ। তার পরনে ছিল কেবল নীল প্যান্ট, শরীরের ওপরের অংশে কোনো কাপড় ছিল না। গলায় ছিল গভীর ক্ষতচিহ্ন। ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড।

রূপসা নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ‘মরদেহ উদ্ধারের পর আশপাশের থানাগুলোতে ছবি পাঠানো হয়েছে। এখনো কেউ শনাক্ত করেনি। এটি হত্যাকাণ্ড বলেই আমাদের সন্দেহ। মামলা প্রক্রিয়াধীন।’

খুলনা সদর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার বলেন, ‘শরীরের পচন এবং টিস্যু নষ্ট হওয়ায় পরিচয় বের করা কঠিন হয়ে পড়েছে। ডিএনএ ও ভিসেরা রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।’

তবে একের পর এক পরিচয়হীন লাশ উদ্ধারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিক সমাজ।

খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, ‘সম্প্রতি গুম, খুন, নিখোঁজের ঘটনা বেড়েছে। এটি উদ্বেগজনক। মাঠপর্যায়ে গোয়েন্দা তৎপরতা জোরদার করা জরুরি।’

তিনটি মৃত্যুই এখন পুলিশের কাছে রহস্য। তারা হত্যাকাণ্ড কি না, তা নিশ্চিত করতে পারছে না। আবার নিছক পানিতে ডুবে যাওয়া, আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যার শিকার সেটিও স্পষ্ট নয়।

এখন প্রশ্ন হলো, যারা নদীতে পড়ে বা যাদের ফেলে দেয়া হলো, তারা কারা? কেন তাদের জীবন এমন পরিণতি হলো? এই প্রশ্নগুলোর উত্তর মেলেনি, কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ছে খুলনার জনপদে।