দাকোপ (খুলনা) সংবাদদাতা
খুলনার দাকোপে সমাজসেবা অফিসের পিওন সুভাষ রায়ের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দূর্নীতি ও বয়স্ক ভাতার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এঘটনার প্রতিকার চেয়ে ভূক্তভোগীর ছেলে সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক খুলনাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। এদিকে এলাকার কতিপয় ব্যক্তি ভাতার টাকা আত্মসাতের ঘটনা ধামাচাপা দিতে দৌড়ঝাঁপ শুরু করেছেন।
লিখিত অভিযোগে জানা গেছে, পিওন সুভাষ দীর্ঘদিন যাবৎ নিজ এলাকায় কর্মরত থাকার সুবাদে বিভিন্ন অনিয়ম দূর্নীতিতে জড়িয়ে পড়েছেন। তিনি পানখালী ইউনিয়নের এক নম্বর নিজ ওয়ার্ডের মৃত শিশুবর রায়ের ছেলে ঠাকুর দাস রায়ের নামে গোপনে একটি বয়স্ক ভাতার বই সৃষ্টি করেন। যার বই নম্বর ৪৬০৩। চালনা বাজার সোনালী ব্যাংকের হিসাব নম্বর ২০১০১৫৪৭৬। উক্ত হিসাবটি খোলার পর সুভাষ ঠাকুর দাসের অজান্তে ২০১৭ সালের জুলাই মাস হতে ২০১৯ সনের জুন পর্যন্ত মাসকি ৫০০ টাকা হারে ব্যাংক থেকে মোট ১২ হাজার সরকারী টাকা উত্তোলন করে আত্মসাত করেছেন।
এবিষয় পিওন সুভাষ রায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন ঠাকুর দাসের কাছে তিনি টাকা পাতেন বিধায় তার সম্মতিতে বয়স্ক ভাতার বই করে টাকা তুলে নিতেন। ঠাকুর দাসকে বার বার টাকা তুলে দিতে বলার পরও সে তাকে টাকা তুলে নিতে বলতেন বলে জানান।
এ প্রসঙ্গে ভূক্তভোগীর ছেলে শ্রীকৃষ্ণ রায় জানান, তার বাবা এবং তাদের সকলের অজান্তে সুভাষ বয়স্ক ভাতার বই করে গোপনে ভাতার টাকা তুলে আত্মসাত করেছে। এখন ঘটনাটি ফাঁস হওয়ার পরে উল্টে তাদের কাছে টাকা পাবে বলে দোষ চাপিয়ে ভাতার টাকা আত্মসাতের ঘটনা ধামাচাপা দিতে চায়। যে কারণে তিনি সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক খুলনা, মহাপরিচালক বরাবরসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। এছাড়া ঘটনাটি ধাপাচামা দিতে সুভাষের পক্ষে এলাকার কথিত কতিপয় ব্যক্তি কোমর বেঁধে মাঠে নেমেছেন এবং সুভাষকে সাথে নিয়ে বিভিন্ন দপ্তরে দৌড়ঝাঁপও শুরু করেছেন বলে জানান।
স্থানাীয় ইউপি সদস্য জ্যোতি শংকর রায় বলেন, চলতি বছর ঠাকুর দাসের নাম বয়স্ক ভাতার অপেক্ষামান তালিকায় অন্তরভূক্ত করেন। তখন পিওন সুভাষ মেম্বরকে গিয়ে বলেন ঠাকুর দাসের বইটি অফিসে বলে তিনি করে দিবেন। পরবর্তীতে অনলাইন রেজিষ্ট্রেশনের জন্য তালিকা এলাকায় আসলে ঠাকুর দাসের নাম ওই তালিকায় থাকায় বিষয়টি ফাঁস হয়। পরে সুভাষ নিজের মোবাইল নম্বর দিয়ে এবং সুশান্ত হালদারের নাম ব্যবহার করে বইটি হারিয়ে গেছে বলে গত ১ জুলাই থানায় ২০ নম্বর জিডি করে। পরবর্তীতে একটি নতুন বই ইস্যু করে ঠাকুর দাসকে দেয়।
উপজেলা নির্বাহী অফিসার আবদুল ওয়াদুদ বলেন, তার উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। তাদের সাথে পরামর্শ করে সুভাষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান জানান, বিষয়টি মিমাংসার জন্যে তিনি উভয় পক্ষকে নিয়ে এক শালিস বৈঠকে বসেন। কিন্তু শালিসের সিদ্ধান্ত সুভাষ মানে না বিধায় সমাধান হয়নি।
এ ব্যাপারে খুলনা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক খান মোতাহার হোসেন বলেন, সুভাষের বিরুদ্ধে তিনি একটি লিখিত অভিযোগ পেয়েছেন এবং একজন অফিসারকে তিনি বিষযটি তদন্তের দায়িত্ব দিয়েছেন। তদন্ত প্রতিবেদন পেলে তিনি সুভাষের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন বলে জানান।











































