কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন নারীর পুকুরে ডুবে মৃত্যু হয়েছে। নিহতের নাম নমিতা সরকার (৪০)। তিনি বাগালি ইউনিয়নের বামিয়া গ্রামের মৃত রাজেন্দ্র সরকারের মেয়ে। রবিবার (৮ জুন) সকালে স্থানীয় একটি পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নমিতা সরকার মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। তিনি দীর্ঘদিন ধরে উত্তর বেদকাশীতে তার এক নিকটাত্মীয়ের বাড়িতে থাকতেন। গত ঈদের দিন থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ রবিবার সকালে স্থানীয় লোকজন বামিয়া গ্রামের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে কয়রা থানায় খবর দেন। খবর পেয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছেন। পরিবার ও স্থানীয়দের ভাষ্যমতে, নমিতা সাঁতার জানতেন না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুকুরের পানিতে পড়ে গিয়ে তিনি আর উঠতে পারেননি এবং সে কারণেই তার মৃত্যু হয়েছে ।











































