Home আঞ্চলিক খুলনায় পৃথক ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার

খুলনায় পৃথক ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার

14

স্টাফ রিপোর্টার।।

খুলনায় পৃথক ঘটনায় গৃহবধূসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ জুন) সকালে রূপসা উপজেলার আইচগাতি উত্তরপাড়া এলাকা ও দুপুরে একই উপজেলার শ্রীফলতলা গ্রাম থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়। দু’টি ঘটনাকেই হত্যাকাণ্ড বলছে পুলিশ।

Pause


নিহত গৃহবধূর নাম সুমাইয়া খাতুন ওরফে জান্নাত (৩০)। তিনি রূপসা উপজেলার আইচগাতি উত্তরপাড়া এলাকার প্রবাসী শাওন শেখের স্ত্রী। তবে অর্ধগলিত মরদেহ উদ্ধার করায় নিহত অপর যুবকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়রা জানায়, ঈদের দিন (৭ জুন) রাতে সুমাইয়া নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে একদল দুর্বৃত্ত তার ঘরে ঢুকে মালামাল লুটের চেষ্টা করে। ওই সময় বিষয়টি টের পেয়ে বাধা দেয়ার চেষ্টা করলে সুমাইয়াকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা। পরে ঘরে থাকা মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায় তারা।

একপর্যায়ে রোববার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

অন্যদিকে রোববার দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উপজেলার শ্রীফলতলা গ্রামের ইদ্রিস আলীর কলাবাগান থেকে অজ্ঞাত ওই যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, নিহত ওই যুবকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রূপসা থানার ওসি মো. মাহফুজুর রহমান পৃথক ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের এই কর্মকর্তা জানান, দু’টি ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সেই সঙ্গে কী কারণে এ হত্যাকাণ্ড ও এর পেছনে কারা জড়িত তা-ও শনাক্তের চেষ্টা চলছে।