স্টাফ রিপোর্টার।।
আজ বুধবার (৪ জুন) থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শুরু হচ্ছে ঈদের ছুটি। আগামী ১৫ জুন ছুটি শেষে খুলবে কুয়েট। কিন্তু কুয়েট খোলা থাকার শেষ দিন মঙ্গলবার (৩ জুন) বেতন এবং ঈদ বোনাস পাননি ১১ শতাধিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী। এ অবস্থায় চরম বিপাকে পড়েছেন তারা। অনেকেই কুরবানি দিতে পারবেন কি না তা নিয়ে অশ্চিয়তায় পড়েছেন।
কুয়েট সূত্রে জানা গেছে, শিক্ষক সমিতির আন্দোলনের মুখে গত ২২ মে অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক মো. হযরত আলী পদত্যাগ করেন। এরপর থেকে ১২ দিন উপাচার্য শূন্য রয়েছে কুয়েট। ব্যাংক থেকে বেতন-বোনাস ছাড় করার জন্য উপাচার্যের স্বাক্ষর প্রয়োজন। কিন্তু উপাচার্য না থাকায় তা আটকে গেছে। গত ২৯ মে কুয়েটের রেজিস্ট্রার বিষয়টি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করে নির্দেশনা চান। কিন্তু সেখান থেকে কোনো সাড়া মেলেনি।
এ অবস্থায় মঙ্গলবার ঈদের আগে কুয়েটে ছিল শেষ কর্মদিবস। আগামী ১৪ জুন পর্যন্ত থাকবে ঈদের ছুটি। ঈদের আগে বেতন-বোনাস না পাওয়ায় চরম বিপাকে পড়েছেন কুয়েটের ১১ শতাধিক শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক কুয়েটের ২ জন কর্মচারী জানান, ঈদের আগে বেতন-বোনাস পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই। কুরবানি দিতে চেয়েছিলাম। কিন্তু পারবে কি না বুঝতে পারছি না। এছাড়া ঈদের সময় অনেক খরচ আছে। টাকা না থাকায় আমরা সবাই বিপাকে পড়েছি। কুয়েটে আগে কখনও এমন পরিস্থিতি হয়নি।
কুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মঈনুল হক জানান, ঈদের আগে আমরা বেতন-বোনাস পাচ্ছি না। আমরা সবাই খুব বিপড়ে পড়েছি। এদিকে, গত সাড়ে ৩ মাস ধরে কুয়েটে ক্লাস-পরীক্ষা না হওয়ায় হতাশাগ্রস্ত হয়ে পড়েছে সাড়ে ৭ হাজার শিক্ষার্থী। তাদের সেশনজট বেড়ে গেছে। ঈদকে সামনে রেখে ৭টি হলের বেশিরভাগ ছাত্র-ছাত্রী ইতোমধ্যে ক্যাম্পাস ছেড়ে বাড়িতে চলে গেছে।
কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন জানান, বেতন-বোনাস না পাওয়ায় সবাই সমস্যায় পড়েছে। তিনি বলেন, নতুন উপাচার্য নিয়োগ হলে আমরা তার কাছে আমাদের দাবি তুলে ধরবো। শিক্ষকদের লাঞ্চিতকারী শিক্ষার্থীদের শাস্তি কার্যকর না হওয়া পর্যন্ত কোনো শিক্ষক ক্লাস-পরীক্ষায় ফিরবে না।
এ ব্যাপারে কুয়েটের ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহমান জানান, রেজিস্ট্রার ইউজিসি ও মন্ত্রণালয়ে গিয়ে বেতন-বোনাস ছাড় করানোর জন্য চেষ্টা করেছেন। কিন্তু এখনও সুফল পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হয়। ওই দিন কিছু সংখ্যক শিক্ষার্থী তৎকালীন উপাচার্যসহ কয়েকজন শিক্ষককে লাঞ্চিত করে। ওই দিন থেকে বন্ধ রয়েছে ক্লাস-পরীক্ষা। গত ২২ মে থেকে উপাচার্য এবং ২৫ এপ্রিল থেকে উপ-উপাচার্যের পদ শূন্য রয়েছে।











































