Home জাতীয় নদীতে ১৩ কিলোমিটার ভাসার পর পা বাঁধা যুবককে জীবিত উদ্ধার

নদীতে ১৩ কিলোমিটার ভাসার পর পা বাঁধা যুবককে জীবিত উদ্ধার

11


খুলনাঞ্চল রিপোর্ট
জয়পুরহাটের আক্কেলপুরে তুলশীগঙ্গা নদীর নবাবগঞ্জঘাট এলাকা থেকে নদীতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে এক যুবককে পা বাঁধা অবস্থায় জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে এলাকাবাসী।
উদ্ধার হওয়া ওই ব্যক্তি পার্শ্ববর্তী ক্ষেতলাল উপজেলার বাসিন্দা। তিনি নদীতে পড়ে স্রোতের তোড়ে প্রায় ১৩ কিলোমিটার দূরে ভেসে এসেছেন। প্রথমে অচেতন অবস্থায় উদ্ধার হলেও চিকিৎসার পরে মেলে তার পরিচয়।
উদ্ধার হওয়া ওই ব্যক্তি পার্শ্ববর্তী ক্ষেতলাল উপজেলার পৌর এলাকার ভাসিলা ফকিরপাড়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে জয়নাল আবেদীন (৩৮)। আগে থেকেই তাঁর কোমর ভাঙা ছিল। সেই সঙ্গে মৃগী রোগে আক্রান্ত তিনি। এসব কারণে তাঁর পা সব সময়ই বাঁধা অবস্থায় থাকত।

ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে এলাকায় ঘুরে ঘুরে ভিক্ষা করতেন তিনি। সোমবার দুপুরে ক্ষেতলাল উপজেলার বিলেরঘাট এলাকায় তিনি তার রোগের কারণে নদীর পানিতে পড়ে যান।
জানা গেছে, সোমবার বিকেলে স্থানীয়রা তাঁকে নদীতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ সময় তার পা দড়ি দিয়ে বাঁধা ছিল। হাসপাতালে চিকিৎসার পরে জ্ঞান ফিরলে তিনি নিজেই তার পরিচয় জানান।
অপরদিকে, নদীতে পড়ে যাওয়ার খবর পেয়ে ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে উদ্ধারের জন্য ডুবুরিদল প্রস্তুত করেন। জয়নালকে আক্কেলপুরে উদ্ধার হয়েছে এমন খবর পেয়ে ইউএনও ছুটে আসেন হাসপাতালে।
নবাবগঞ্জঘাট এলাকার ফিরোজ হোসেন বলেন, ‘বিকালে তুলশীগঙ্গা নদীর তীরে আমরা খেলছিলাম। এ সময় নদীতে একজনকে ভেসে যেতে দেখে আমরা কয়েকজন নদীতে নেমে তাঁকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দিই। এ সময় তাঁর দুই পা দড়ি দিয়ে বাঁধা ছিল।’
জয়নাল আবেদীন বলেন, ‘রোগের কারণে আমার পা সব সময় বাঁধা থাকে। আমি নদীতে কখন কিভাবে পড়ে গেছি তা মনে নেই। পরে জ্ঞান আসলে আমি নিজেকে হাসপাতালে দেখি।’
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রায়হানুল ইসলাম বলেন, অচেতন অবস্থায় নদী থেকে এক ব্যক্তিকে স্থানীয়রা হাসপাতালে নিতে আসে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিলে তার জ্ঞান ফিরলে উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার্ড করা হয়।’
আক্কেলপুরে এসে ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত বলেন, ‘ক্ষেতলালের বিলের ঘাটে নদীতে পরে যাওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের ডুবুরি দলে খবর দিয়েছিলাম। সেই মোতাবেক তারা নদীতে খোঁজাখুঁজির প্রস্তুতি নিয়েছিল। এমন সময় খবর পাওয়া যায় সে আক্কেলপুরে উদ্ধার হয়েছে। খবর পেয়ে আক্কেলপুরে এসেছি। এখন দেখছি সে হাসপাতালে নেই। সে শারিরীক প্রতিবন্ধি ছিল।’
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ‘নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তি উদ্ধারের খবর পেয়ে হাসপাতালে এসেছিলাম। পরে তার পরিচয় শনাক্ত হয়েছে।’