Home জাতীয় নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাসের প্রকৌশলীসহ ৮জন গ্রেফতার

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাসের প্রকৌশলীসহ ৮জন গ্রেফতার

10

ঢাকা অফিস

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দায়িত্বে অবহেলায় তিতাসের চার কর্মকর্তাসহ আটজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তারা হচ্ছে- তিতাস গ্যাস নারায়ণগঞ্জের ফতুল্লা জোনাল বিপণন অফিসের সাময়িক বরখাস্তকৃত সহকারী প্রকৌশলী মানিক মিয়া (৩৩), ব্যবস্থাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম (৪২), উপ-ব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বী (৩৪), সহকারী প্রকৌশলী এসএম হাসান শাহরিয়ার (৩২), কর্মী মো. ইসমাইল প্রধান (৪৯), সাহায্যকারী হানিফ মিয়া (৪৮), সিনিয়র উন্নয়নকারী মো. আইউব আলী (৫৮) ও সিনিয়র সুপারভাইজার মনিবুর রহমান চৌধুরী (৫৬)।

এর আগে তাদের দায়িত্বে অবহেলাজনিত কারণে সাময়িক বরখাস্ত করা হয়। শনিবার ভোরে রাজধানী ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার জিসান আহমেদ আজ বাসসকে এ তথ্য জানান। তিনি বলেন, মসজিদে বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। গত ৪ সেপ্টেম্বর রাতে এশার নামাজের সময় ফতুল্লার পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে এ বিস্ফোরণ ঘটে। এতে ৩৭ জন দগ্ধ হন। তার মধ্যে ৩২ জন মারা গেছেন। মসজিদে বিস্ফোরণের পর তিতাস গ্যাস ট্রন্সমিশন কোম্পানি একটি তদন্ত কমিটি গঠন করেছিল।