Home Lead ফাসিস্ট সরকারের সুবিধাভোগী আরডি, ঐতিহ্য হারাচ্ছে খুলনা বেতার

ফাসিস্ট সরকারের সুবিধাভোগী আরডি, ঐতিহ্য হারাচ্ছে খুলনা বেতার

334

নাটক-সঙ্গীতসহ জনপ্রিয় অনুষ্ঠান কাটছাট # নারী বিষয়ক অনুষ্ঠানে অলিখিত বিধিনিষেধ # হতাশ শিল্পী ও কলাকুশলীরা

স্টাফ রিপোর্টার।।
ঐতিহ্য হারাতে বসেছে বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্র। জনপ্রিয় অনুষ্ঠান কাঁটছাট, নাটক, সঙ্গীতসহ দিন দিন সংকুচিত হচ্ছে দেশীয় শিল্প সংস্কৃতির অনুষ্ঠান। শুধু তাই নয়, নারী শিল্পীদের উপেক্ষা ও নারী উন্নয়ন, মাতৃ স্বাস্থ্য, গর্ভবতী মায়ের যত্ন ও পরিচর্যা, কিশোর কিশোরীদের শারীরিক মানসিক বিকাশ এ ধরণের কোন অনুষ্ঠান প্রচারে চলছে অলিখিত বিধিনিষেধ। ফলে দীর্ঘদিনের শিল্পী-কলাকুশলীরা যেমন বঞ্চিত হচ্ছেন। তেমনি বেতারের কর্মরতদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
অভিযোগ উঠেছে, পতিত ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী ২৪ তথ্য ক্যাডারের কর্মকতা মো: শামীম হোসেন খুলনা বেতারে আঞ্চলিক পরিচালক (আরডি) হিসেবে দায়িত্ব পাওয়ার পর এ অবস্থা সৃষ্টি হয়েছে। খুলনা বেতারের ঐতিহ্যবাহী শিল্পীবান্ধব পরিবেশ ধীরে ধীরে ম্লান হতে শুরু করে। এ অবস্থা অব্যাহত থাকলে খুলনা বেতারের স্বাভাবিক পরিবেশ নষ্ট হবে।


খোঁজ নিয়ে জানাগেছে, নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সময়ে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহকারী প্রেস সচিব ছিলেন তথ্য ক্যাডারের কর্মকর্তা মো: শামীম হোসেন। তাঁর গ্রামের বাড়ি মাগুরা। শ্বশুর বাড়ির নিকট আত্মীয়স্বজন গোপালগঞ্জের প্রভাবশালী আওয়ামী পরিবারের হওয়ার সুবাদে তিনি বঙ্গভবনে তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের এপিএস হিসেবে নিয়োগ পান। এছাড়া আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে ২০২১ সাল থেকে প্রায় দেড় বছর আঞ্চলিক পরিচালকের দায়িত্বে ছিলেন। সেই সময়ে তথ্য ক্যাডারের ২৪ তম ব্যাচের এতো জুনিয়র কোনো কর্মকর্তা খুলনা বেতারের মতো বড় কেন্দ্রের দায়িত্ব পাননি। আওয়ামী সরকারের আমলে সর্বোচ্চ সুবিধাপ্রাপ্ত এই কর্মকর্তা এ কেন্দ্রের দায়িত্ব পাওয়ার পরে খুলনা বেতারের ঐতিহ্যবাহী শিল্পীবান্ধব পরিবেশ ধীরে ধীরে ম্লান হতে শুরু করে। তিনি সংগীতের বিভিন্ন শাখার অনুষ্ঠান, নাটক ও বিভিন্ন দেশীয় সংস্কৃতির অনুষ্ঠান ধীরে ধীরে সংকুচিত করে ফেলেন। অনুষ্ঠানে নারীদের অংশগ্রহণ প্রায় শূন্যের কোঠায় নামিয়ে নিয়ে আসেন। এ নিয়ে সেই সময়ে শিল্পীদের ক্ষোভ-প্রতিবাদ বেতারের সদর দপ্তরেও ছড়িয়ে পড়ে। যেখানে বেতারের অন্য সকল কেন্দ্রের দপ্তর প্রধানরা তাদের স্ব স্ব কেন্দ্রের শিল্পী সম্মানীর বাজেট বৃদ্ধির জন্য চেষ্টা করেন সেখানে খুলনার আরডি শামীম হোসেন তা কমানোর জন্য নানা কৌশল অবলম্বন করেন। ৫ আগস্ট বিক্ষুব্ধ ছাত্র জনতার আক্রোশে খুলনা বেতার পুড়ে যাওয়ার পরে সে সময়ে এ কেন্দ্রের সকল কর্মকর্তা কর্মচারীর অক্লান্ত পরিশ্রমে যখন আবার এ কেন্দ্র শিল্পীবান্ধব যাত্রা শুরু করে ঠিক সেই সময়ে আবার শামীম হোসেনকে গোপালগঞ্জ কেন্দ্র থেকে এনে এখানে দায়িত্ব দেওয়া হয়। তিনি দায়িত্ব পাওয়ার পর থেকেই খুলনা বেতারের শিল্প-সংস্কৃতির চর্চা মুখ থুবড়ে পড়ে। তিনি শিল্পী কলাকুশলীদের অনুষ্ঠানে অংশগ্রহণ প্রায় বন্ধ করে দিয়েছেন।


খুলনা বেতারের একাধিক তালিকাভুক্ত শিল্পী জানান, তারা অনেকটা বেকার সময় পার করছেন। শিল্প-সংস্কৃতির মাধ্যমে বেতার সরকারের বিভিন্ন কর্মসূচির প্রচার ও সচেতনা গড়তে কাজ করে। অথচ বর্তমান আরডি কেন্দ্রটি সবকিছু বন্ধ করে দিয়েছেন। নারী শিল্পীদের অবস্থা আরো খারাপ। তারা এ অবস্থা থেকে বাঁচতে চান।
অফিসে যাওয়া আসার জন্য কর্মকর্তাদের গাড়ির সুবিধা বন্ধ করারও অভিযোগ এই আঞ্চলিক পরিচালকের বিরুদ্ধে। তাদের অভিযোগ, আরডি নিজে অফিস ছুটির দিনসহ সবসময়ে গাড়ি ব্যবহার করছেন। তিনি কখন অফিসে আসেন আর কখন চলে যান তা কেউই জানেন না। দৈনন্দিন কাজের একটা বড় অংশ প্রতিদিন বকেয়া পড়ে থাকে। এজন্য কর্মচারীদের মাঝেও সর্বদা একটা গা ছাড়া ভাব বিরাজ করছে।


অবশ্য এ বিষয়ে মুঠোফোনের কথা বলতে চাননি খুলনা বেতারে আঞ্চলিক পরিচালক মো: শামীম হোসেন। তিনি এ প্রতিবেদককে বলেন, ‘আমি মোবাইলে কথা বলতে চাইনা। আপনি আসুন, সাক্ষাতে কথা বলা যাবে।’