খুলনাঞ্চল রিপোর্ট
রাজধানীর দারুস সালামে ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে হত্যা করা হয়েছে। শনিবার এই এলাকার হাড্ডিপট্টিতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই যুবককে ধাওয়া করে পিটিয়ে হত্যা করা হয়। মরদেহের পাশ থেকে দুটি চাপাতি উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
দুই যুবকের মধ্যে একজনের নাম তানভীর (২৫)। শুক্রবার রাতে তার বিরুদ্ধে দারুস সালাম থানায় মাদক মামলা হয়। অন্যজনের পরিচয় মেলেনি।
হত্যার ঘটনা নিয়ে দুই ধরনের তথ্য পাওয়া গেছে। এলাকাবাসী বলছেন, কয়েক দিন ধরে হাড্ডিপট্টি এলাকায় ছিনতাই-ডাকাতির ঘটনা বেড়েছে। দুর্বৃত্তরা নারীদের উত্ত্যক্ত করার পাশাপাশি বাসার দরজায় ধাক্কা দিত। আজ বেলা সাড়ে ১১টার দিকে তিন যুবক ধারালো চাপাতি নিয়ে আবারও এলাকায় আসে। দোকানাপাটে হামলা চালায়। এ সময় মসজিদের মাইকে ঘোষণা করা হয়, ‘এলাকায় ছিনতাইকারী ঢুকেছে।’ এ সময় বাসিন্দারা লাঠিসোটা নিয়ে বের হয়ে এলে তিন যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই সময় দু’জনকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
চা দোকানি মো. রফিক বলেন, বেলা সাড়ে ১১টার দিকে তিনজন চাপাতি নিয়ে আমার দোকানে ঢুকে পানির ফিল্টারে কোপ দেয়। পরে আমাকে কোপ মারার চেষ্টা করে। আমি সরে গেলে মোবাইল ফোনের ওপর কোপ লাগে। তখন ভয়ে দোকান বন্ধ করার চেষ্টা করি আর চিৎকার দিই। তখন ওরা বেরিয়ে যায়। লোকজনও ছুটে আসে। পরে শুনি মানুষ ওদের পিটিয়ে মেরেছে।
পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে হাড্ডিপট্টি এলাকার কয়েকজন বাসিন্দা দারুস সালাম থানায় গিয়ে অভিযোগ করেন, তাদের এলাকায় মাদক কারবারিদের তৎপরতা বেড়েছে। এই তথ্যের ভিত্তিতে রাত ১টার দিকে সেখানে অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। দু’জন পালিয়ে যায়। রাতেই পুলিশ বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা করে। মামলায় দু’জনকে পলাতক হিসেবে উল্লেখ করা হয়। এই দু’জনের মধ্যে একজন গণপিটুনিতে নিহত তানভীর।
পুলিশের দারুস সালাম জোনের অতিরিক্ত উপকমিশনার সালেহ মুহম্মদ জাকারিয়া বলেন, নিহত একজনের পরিচয় পাওয়া যায়নি। দু’জনের বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, শুক্রবার রাতে মাদকসহ তাদের দু’জন সহযোগীকে পুলিশ গ্রেপ্তার করায় তারা এলাকাবাসীর ওপর ক্ষুব্ধ হয়ে হামলা চালায়। পরে জনতার পিটুনতে দু’জনের মৃত্যু হয়েছে।











































