স্টাফ রিপোর্টার
খুলনার বটিয়াঘাটায় বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা এলআইএফই এর অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এ অনুষ্ঠানের আয়োজন করে। স্টার প্রকল্পের আওতায় বুধবার (২৮ মে) উপজেলার সুরখালী ইউনিয়ন পরিষদে এ অনুষ্ঠানের আয়োজন করে।
’মাসিকবান্ধব বিশ্বের জন্য একতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনায় মেয়েদের স্বাস্থ্যসুরক্ষা বিষয়ক নানাদিক তুলে ধরা হয়। প্রকল্পের টিম লিডার শারমিন আরা লিনা বলেন, ‘মেয়েদের মাসিক বিষয়ক জ্ঞান তার পরিবারের সকলেরই থাকা উচিৎ। এখানে লজ্জা পাওয়ার কিছু নেই। মাসিক মেয়েদের খুবই স্বাভাবিক একটি ব্যাপার, এখানে কুসংস্কার থাকা ঠিক নয়।’
তিনি আরও বলেন, ‘মাসিকের সময় মেয়েদের বেশি করে পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন ও পর্যাপ্ত পানি পান করা উচিত। কারণ একজন সুস্থ মা-ই পারেন একটি সুস্থ সন্তানের জন্ম দিতে।’
অনুষ্ঠানে বক্তব্য দেন বটিয়াঘাটা ডিপিএইচই-এর মেকানিক খন্দকার রাইসুল ইসলাম, সুরখালী ইউনিয়ন পরিষদের সচিব ধীমান মল্লিক, স্টার প্রকল্পের টিম লিডার শারমিন আরা লিনা, প্রজেক্ট অফিসার সুপ্তি বিশ্বাস, কমিউনিটি মবিলাইজার অরূপ সরকার ও নিলুফা ইয়াসমিন প্রমুখ।











































