স্টাফ রিপোর্টার।।
খুলনার কয়রা উপজেলার উলা গ্রামে বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন মো. সাহেব আলী গাজী (৪০)। শুক্রবার (৩০ মে) দুপুর আড়াইটার দিকে নিজ বাড়িতে এই নির্মম হত্যাকাণ্ড ঘটে। ঘটনায় অভিযুক্ত বড় ভাই মো. শহিদুল গাজীকে আটক করেছে পুলিশ।
কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শহিদুল গাজীকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা প্রক্রিয়াধীন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে শহিদুল গাজী তার স্ত্রীকে মারধর করে দড়ি দিয়ে বেঁধে রাখেন। স্ত্রীর আর্তচিৎকার শুনে পাশের বাড়ি থেকে ছোট ভাই সাহেব আলী গাজী ছুটে এসে ভাবীকে উদ্ধার করতে গেলে শুরু হয় তর্ক। একপর্যায়ে শহিদুল হাতে থাকা শাবল দিয়ে সাহেব আলীর মাথায় আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর শহিদুল বটি দিয়ে ছোট ভাই সাহেব আলীর গলা কেটে হত্যা করেন।
হত্যাকাণ্ডের পর শহিদুলের স্ত্রী চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। স্থানীয়রা এগিয়ে এলে শহিদুল শাবল হাতে নিয়ে পালিয়ে পাশের বারোপোতা গ্রামে আশ্রয় নেয়। পরে সে জোরপূর্বক সন্তোষ মিস্ত্রির ঘরে ঢুকে পড়ে। স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘিরে ফেলে এবং কিছুক্ষণ পর শহিদুলকে আটক করে।
পুলিশ জানিয়েছে, নিহত সাহেব আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় কয়রা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।










































