Home জাতীয় দেশের সমস্যা বাইরে বলে লাভ নেই: আমীর খসরু

দেশের সমস্যা বাইরে বলে লাভ নেই: আমীর খসরু

14


খুলনাঞ্চল রিপোর্ট
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের সমস্যার কথা বারবার বাইরে গিয়ে বলে লাভ নেই, এখানেই বলতে হবে, এখানেই সমাধান।
শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলজিইডি মিলনায়তনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, আমরা নির্বাচনের অপেক্ষায় আছি। নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত কিছু বাস্তবায়ন করা সম্ভব না। যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে একটা নির্বাচিত সরকারের প্রয়োজন। এটা কোন দল চায়, আর কোন দল চায় না- এটা বড় কথা না। কারণ গণতন্ত্রের প্রত্যাশায় আছে বাংলাদেশের মানুষ।
সব সমস্যার সমাধান বাংলাদেশের জনগণ উল্লেখ করে তিনি বলেন, দিন শেষে সংস্কার, বিচার যত কিছু বলেন, সমাধান বাংলাদেশের মানুষ। সমাধান দেওয়ার দ্বিতীয় কোনো অস্ত্র নেই। একটাই মাত্র অস্ত্র বাংলাদেশের জনগণ।
নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এস এম আবদুল আউয়াল। বিশেষ অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান শামীম। সভায় বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।