Home জাতীয় জামায়াতের স্বার্থকে সংরক্ষণ করেছে অন্তর্বর্তী সরকার

জামায়াতের স্বার্থকে সংরক্ষণ করেছে অন্তর্বর্তী সরকার

20

খুলনাঞ্চল রিপোর্ট
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ত্রুটিপূর্ণ অংশ সংশোধন ও পুনর্গঠনের মাধ্যমে গণহত্যার দায়ে আওয়ামী লীগ এবং জামায়াতে ইসলামীর বিচার দাবি করেছে গণতান্ত্রিক অধিকার কমিটি।
জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের খালাসের রায় প্রসঙ্গে শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনটি বলেছে, যে পদ্ধতিতে আওয়ামী লীগ সরকার নিজেদের সংকীর্ণ দলীয় স্বার্থ পূরণের জন্য যুদ্ধাপরাধীদের ত্রুটিপূর্ণ বিচার প্রক্রিয়া শুরু করেছিল, সেই একই স্বার্থকে ধারণ করে অন্তর্র্বতী সরকার জামায়াতের স্বার্থকে সংরক্ষণ করেছে।
বিবৃতিতে সই করেছেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মুহাম্মদ, ড. হারুন উর রশীদ, সীমা দত্ত, ড. সামিনা লুৎফা নিত্রা, আবদুল্লাহ আল কাফী, ফখরুদ্দিন কবীর আতিক, ড. মাহা মির্জা, আফজাল হোসেইন, মারজিয়া প্রভা প্রমুখ।
বিবৃতিতে বলা হয়, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামকে বেকসুর খালাস দিয়েছেন আপিল বিভাগ। আইন উপদেষ্টা আসিফ নজরুল এ পুনর্বিবেচনার রায়কে ন্যায়বিচার অভিহিত করেছেন। চিহ্নিত যুদ্ধাপরাধীকে সম্পূর্ণ নির্দোষ প্রতিপন্ন করে বেকসুর খালাস কোনো ন্যায়বিচার নয় বরং বিচার বিভাগের ওপর রাজনৈতিক প্রভাবের উদাহরণ।
এতে বলা হয়, মুক্তিযুদ্ধে জামায়াতের গণহত্যায় সম্পৃক্ত থাকার ঐতিহাসিক ভিত্তি প্রমাণ করে আজহার সাংগঠনিক ভূমিকার কারণে এতে অংশীদার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রথম থেকেই গণহত্যার বিচারের মৌলিক নীতি না মেনে, দলের পরিবর্তে ব্যক্তিদের বিচার করেছে।
আজহারের বেকসুর খালাস পাওয়া ন্যায়বিচারের নামে প্রহসন। এ রায় গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়িয়ে জুলাই গণহত্যার বিচার না করার বন্দোবস্ত তৈরি করছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
গণতান্ত্রিক অধিকার কমিটি বলেছে, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মসূচিতে হামলা, নারী শিক্ষার্থীদের টার্গেট করে আক্রমণ, সিলেটের এক ছাত্রীকে ছাত্রশিবিবের ক্রমাগত হুমকির ধারাবাহিকতা প্রমাণ করে বিগত ১৫ বছর ছাত্রলীগের ছত্রছায়ায় বেড়ে ওঠা শিবির মননে ও আচরণে আওয়ামী ফ্যাসিবাদকেই বহন করে চলছে।
এদিকে, বাংলাদেশ যুবমৈত্রী ও বাংলাদেশ ছাত্রমৈত্রীর পৃথক বিবৃতিতে এ টি এম আজহারের খালাসের রায়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এ রায় বাতিল করে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান তারা।