ডুমুরিয়া প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ার খর্নিয়া সহ উপজেলার ৫টি কোরবানির পশুর হাট প্রস্তুত করা হয়েছে। উপজেলার খর্নিয়া সহ শাহপুর, ১৮ মাইল, চুকনগর, শরাফপুর বৃহৎ পশুর হাটে কোরবানির পশু কেনাবেচা শুরু বলে জানিয়েছেন এসব হাট কমিটির নেতারা । ঈদ-উল আজহার দিন সকাল পযন্ত বিরতিহীন ভাবে পশু কেনাবেচা চলবে। ঈদুল আজহা সামনে রেখে এবার ডুমুরিয়ায় চাহিদার তুলনায় বেশি পশু লালন-পালন করা হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন হাটবাজারে কোরবানির পশু তুলতে শুরু করেছেন খামারিরা।
উপজেলার কয়েকটি খামার ঘুরে দেখা গেছে, খামারিরা পশু পালনে ব্যস্ত সময় পার করেছেন। শেষ মুহূর্তে পশুগুলোর বাড়তি যত্ন নিচ্ছেন তারা। কেউ কেউ বাজারে পশু উঠালেও দাম কম বলায় বিক্রি করেননি। কয়েকজন খামারি জানিয়েছেন,সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে পশু লালন-পালন করছেন তারা। খাবার হিসেবে খেসারির ডাল, মসুর ডাল, খড়, খৈল ও ধানের কুঁড়া খাইয়ে পশু মোটাতাজা করছেন। এবার গোখাদ্যের দাম বেশি হওয়ায় পশু পালনে বেশি অর্থ খরচ হয়েছে তাদের। ফলে বাজারে পশুর দাম বেশি থাকবে। পশু পালনে প্রাণিসম্পদ বিভাগের কর্মীরা মাঠপর্যায়ে খামারিদের পরামর্শ দিচ্ছেন এবং নিয়মিত উঠান বৈঠক করেছেন বলে জানান খামারিরা। এদিকে পশু সম্পদ অধিদপ্তর সুত্রে জানা যায়, কোরবানির ঈদে নিরাপদ মাংস যাতে মানুষ পায়, সেজন্য তানা মাঠপর্যায়ে খামারিদের সঙ্গে যোগাযোগ রাখছেন। অধিকাংশ খামারের পশুগুলো ইতোমধ্যে বাজারে উঠতে শুরু করেছে। তবে এখনও বাজার জমেনি।











































