Home জাতীয় রংপুরে জি এম কাদেরের বাসায় হামলা

রংপুরে জি এম কাদেরের বাসায় হামলা

10


খুলনাঞ্চল রিপোর্ট
রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় বাড়িতে ঢিল ছুড়ে জানালার কাচ ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। বৃহস্পতিবার রাতে নগরীর সেনপাড়ায় তার বাড়ি ‘স্কাই ভিউ’য়ে হামলার এ ঘটনা ঘটে। এর আগে বিকেলে রংপুরে গিয়ে জি এম কাদের গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি অন্তর্র্বতী সরকার ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চলমান বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন।
এরপর জিএম কাদের রংপুরে অবস্থান করার প্রতিবাদে রাত ৮টার দিকে প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ মিছিল করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা। একপর্যায়ে মিছিলটি প্রেস ক্লাব চত্বর থেকে সেনপাড়ার স্কাই ভিউ বাড়ির দিকে রওনা হয়। এরপরই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় একটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। হামলার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘জাতীয় পার্টি আওয়ামী লীগের সবচেয়ে বড় দোসর। বিরোধী দলের যাবতীয় সুবিধা ভোগ করে আওয়ামী লীগকে সরকারি দলের বৈধতা দিয়েছিল এই জাতীয় পার্টি।’
বৃহস্পতিবার (২৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। পোস্টে সারজিস লেখেন, ‘প্রত্যেক ইলেকশনের আগে অবৈধ সরকারি দলের বিরোধিতার নামে ভন্ডামি করতো। তারপর নির্বাচনের ঠিক কয়েকদিন আগে জিএম কাদের ভারতে গিয়ে নেগোসিয়েশন করে ডামী বিরোধী দল সেজে বসে থাকতো।’
সারজিস প্রশ্ন রাখেন, ‘সেই জিএম কাদের এখনো বাইরে কীভাবে? সরকারকে ধাক্কা না দিলে কি কাজ হয় না? নাকি প্রত্যেকটা কাজের জন্য ছাত্র-জনতাকে নতুন করে মাঠে নামতে হবে?’