Home আঞ্চলিক আয় বহির্ভূত সম্পদ অর্জন: কাষ্টম হাউজ এ্যাপ্রেইজারের স্ত্রী মমতাজের কারাদণ্ড

আয় বহির্ভূত সম্পদ অর্জন: কাষ্টম হাউজ এ্যাপ্রেইজারের স্ত্রী মমতাজের কারাদণ্ড

17


স্টাফ রিপোর্টার
খুলনা কাষ্টম হউজের সাবেক এ্যাপ্রেইজার মো. জিল্লুর রহিম খানের স্ত্রী মমতাজ খানের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রমানিত হওয়ায় দু’টি ধারায় ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ৪ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (২৯ মে) খুলনার বিভাগীয় বিশেষ জজ আাদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেছেন। মমতাজ খান নগরীর টুটপাড়া দিলখোলা রোডের বাসিন্দা। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি মমতাজ খান আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. ইয়াছিন আলী নথীর বরাত দিয়ে জানান, আসামি মমতাজ খান দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১৩ লাখ ৭৩ হাজার টাকার স্থাবর সম্পদ থাকার কথা ঘোষণা দেন। কিন্তু তার স্থাবর সম্পদের পরিমান ১৫ লাখ ৪৭ হাজার ৬১০ টাকা। তিনি ১ লাখ ৪৭ হাজার টাকা মূল্যের স্থাবর সম্পদের তথ্য ওই বিবরণীতে উল্লেখ না করে অসৎ উদ্দেশ্যে গোপন করেছেন। মমতাজ খান একজন গৃহিনী। স্বামীর আয়ের ওপর নির্ভরশীল। তার নিজের কোন বৈধ আয়ের উৎস নেই। তিনি নিজ নামে অর্জিত আয়ের ১ লাখ ৪৭ হাজার ৬১০ টাকার সম্পদের তথ্য গোপন করে ১৫ লাখ ৪৭ হাজার ৬১০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে দখলে রেখেছের। আসামি মো. জিল্লুর রহিম তার স্ত্রী মমতাজ খানকে ১৫ লাখ ৪৭ হাজার ৬১০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে সহায়তা করে। এ ঘটনায় ২০১৬ সালের ২১ জুলাই দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহকারী পরিচালক এসএম শামীম ইকবাল বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় দুর্নীতি দমন আইনের ২০০৪ এর ২৬ (২) এবং ২৭ (১) ধারায় খুলনা কাষ্টম হাউজ এ্যাপ্রেইজার মো. জিল্লুর রহিম খান এবং তার স্ত্রী মমতাজ খানকে আসামি করে মামলা দায়ের করেন। ২০১৯ সালের ৩ অক্টোবর দুর্নীতি দমন কমিশন উপ-সহকারী পরিচালক মো. ফয়সাল কাদের তাদের উভয়কে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০২১ সালের ২৫ জানুয়ারি তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করে।
আদালতের পিপি এডভোকেট সেলিম আল আজাদ বলেন, এটি একটি অবৈধ সম্পদ অর্জনের মামলা। মামলায় ওই দু’জন আসামি সিএস ভুক্ত ছিলেন। মামলা চলাকালীন খুলনা কাষ্টম হাউজ এ্যাপ্রেইজার মো. জিল্লুর রহিম খান মারা যান। যার কারণে তিনি এ মামলা থেকে অব্যহতি পান। তৎ সময়ে হতে আসামি মমতাজ খানের বিরুদ্ধে আদালতে মামলা চলতে থাকে। আসামি মমতাজ খানের বিরুদ্ধে স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে আদালত আজ এ রায় দেন। রায়ে বিচারক জ্ঞাত আয় বহির্ভূত সকল সম্পত্তি রাষ্ট্রের অনুকুলে বাজেয়াপ্ত করারও ঘোষণা দিয়েছেন।