তারুণ্যের সমাবেশে তারেক রহমান ।। দলীয় নেতাকর্মী, ছাত্র-যুবক, নতুন প্রজন্মসহ দেশবাসীর প্রতি নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান
ঢাকা অফিস।।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। ডিসেম্বরের মধ্যেই যেন নির্বাচন অনুষ্ঠিত হয়, তার প্রস্তুতি নিতে দলীয় নেতাকর্মী, ছাত্র-যুবক, নতুন প্রজন্মসহ দেশবাসীর প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি। দিল্লি পিন্ডি বা অন্য কোনো দেশ নয়, বিএনপির কাছে সবার আগে বাংলাদেশ- এটিও স্মরণ করিয়ে দেন তারেক রহমান।
গতকাল বুধবার জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ সময় তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে।
তরুণ-যুবকদের সংগঠিত করতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে মে মাসজুড়ে দেশের ১০টি সাংগঠনিক বিভাগকে ৪টি বৃহত্তর বিভাগে ভাগ করে চারটি বড় বিভাগ ও শহরে ‘সেমিনার’ ও ‘তারুণ্যের সমাবেশ’ করার কর্মসূচির ঘোষণা করা হয়। যা গতকাল নয়াপল্টনের সমাবেশের মধ্য দিয়ে শেষ হলো। এর আগে গত ৯ ও ১০ মে চট্টগ্রামে, ১৬ ও ১৭ মে খুলনায় এবং ২৩ ও ২৪ মে বগুড়ায় সেমিনার ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
গতকালের সমাবেশে তারেক রহমান বলেন, আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক, জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার দ্রুত দেখতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের
মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আবারও আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। নতুন প্রজন্মের প্রিয় ভাই-বোনেরা, আজকের এই সমাবেশ, প্রিয় দেশবাসী, আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন।
সমাবেশে উপস্থিত সবার উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আপনারা জনগণের কাছে যান। তাদের প্রত্যাশা জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, জনমন জয় করুন। কারণ জনগণ বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। এ সময় নেতাকর্মীদের উদ্দেশে স্লোগান ধরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘দিল্লি নয় পিন্ডি নয়, অন্য কোনো দেশ নয়- সবার আগে বাংলাদেশ’।
সমাবেশ থেকে বিএনপির শীর্ষস্থানীয় নেতারাও হুশিয়ারি ?উচ্চারণ করেন- নির্বাচন নিয়ে হেলাফেলা চলবে না। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীতে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ শীর্ষক এই মহাসমাবেশ হয়। এতে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ বিভাগ থেকে লাখো মানুষের সমাগমে গোটা এলাকা পরিণত হয় জনসমুদ্রে। বিকাল সাড়ে ৩টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়। বিকাল ৪টায় লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভার্চুয়ালি যুক্ত হলে তুমুল করতালির মধ্যে নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানান। প্রত্যুত্তরে তারেক রহমানও হাত নেড়ে তাদের শুভেচ্ছা জানান।
যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্নার সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের যৌথ পরিচালনায় এতে আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপি নেতা খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আব্দুস সালাম আজাদ, সুলতান সালাহউদ্দিন টুকু, শামা ওবায়েদ, মীর সরফত আলী সপু, রকিবুল ইসলাম বকুল, সাইয়্যেদুল আলম বাবুল, নজরুল ইসলাম আজাদ, সেলিমুজ্জামান সেলিম, ব্যারিস্টার মীর হেলাল, মীর নেওয়াজ আলী নেওয়াজ, তাইফুল ইসলাম টিপু, আব্দুল কাদির ?ভুইয়া জুয়েল, সাইফুল ইসলাম ফিরোজ, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সাংগঠনিক বিভাগ ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহের বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন। ঢাকা মহানগর ও জেলার বিভিন্ন থানা ও ওয়ার্ডের অসংখ্য নেতাকর্মী নির্বাচনের দাবিসংবলিত ব্যানার-ফেস্টুন নিয়ে এবং কপালে জাতীয় পতাকা বেঁধে সমাবেশে আসেন। সমাবেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ছাড়া অন্য কোনো নেতার ছবি দেখা যায়নি, যা ছিল ব্যতিক্রম। রঙ-বেরঙয়ের টুপি ও টিশার্ট পরে মহাসমাবেশে অংশ নেন নেতাকর্মীরা। বিকালের দিকে সমাবেশ চলাকালে বৃষ্টি শুরু হলেও নেতাকর্মীরা সমাবেশস্থল ছেড়ে যাননি।
নয়াপল্টনের বাইরে শান্তিনগর-কাকরাইল মোড়, ফকিরাপুল-আরামবাগ, পুরানা পল্টন, সেগুনাবাগিচা, বিজয়নগর, দৈনিক বাংলা পর্যন্ত এলাকা লোকারণ্য হয়ে যায়। বিএনপিপন্থি চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) এবং বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের উদ্যোগে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করা হয়। এ সময় অধ্যাপক ডা. হারুন আল রশিদ, ডা. মো. মেহেদী হাসান, ডা. এএসএম রাকিবুল ইসলাম আকাশ ও ডা. তানজীম রুবাইয়্যাত আফিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশে তারেক রহমান বলেন, আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই ভেতরে টালবাহানা শুরু হয়েছে বা চলছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। এরই মধ্যে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে, সংস্কার নিয়ে সময়ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এবং বাইরে কারও কারও মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে। তিনি বলেন, পলাতক স্বৈরাচারের সময় আমরা দেখেছি, তারা কীভাবে আদালতের রায়কে অবজ্ঞা করেছে। দুঃখের সাথে বলতে হয়, পলাতক স্বৈরাচারের পর যেই সরকারের কাছে দেশের মানুষ আশা করেছিল যে, আইনের প্রতি সম্মান থাকবে। আমরা দেখেছি, আদালতের রায়ের প্রতি সম্মান না দেখিয়ে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব গ্রহণে বাধা সৃষ্টি করা হয়েছে, যা সেই স্বৈরাচারের ঘটনারই পুনরাবৃত্তি।
দলের নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, যারা আইনের প্রতি শ্রদ্ধা দেখায় না, যারা আদালতের নির্দেশ অবজ্ঞা করে, তাদের কাছ থেকে আমরা কতটুকু সংস্কার আশা করতে পারি। পুঁথিগত সংস্কারের চেয়ে ব্যক্তি মানসিকতার সংস্কার অনেক বেশি জরুরি। উত্তর কোরিয়ার সংবিধানে লেখা রয়েছে, ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব নর্থ কোরিয়া। সুতরাং কি লেখা আছে, তার চেয়েও বেশি জরুরি হলো মেনে চলা। ইশরাকের ক্ষমতা গ্রহণ বা ইশরাকের শপথ গ্রহণে বাধা সৃষ্টি করে আজ আমরা আবারও স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি।
তারেক রহমান বলেন, নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান পুঁজি। তাই তাদের প্রতি আমাদের পরামর্শ থাকবে, জনগণের বিশ্বাস-ভালোবাসা নষ্ট হয়, অন্তর্বর্তীকালীন সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না। একই সঙ্গে বলি, গণতন্ত্রকামী জনগণ এবং গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে দয়া করে প্রতিপক্ষ বানাবেন না। যদি আপনাদের কেউ রাষ্ট্র পরিচালনায় থাকতে চায়, তা হলে সরকার থেকে পদত্যাগ করে জনগণের কাতারে আসুন, নির্বাচন করুন। ভবিষ্যতে নির্বাচনে জনগণের রায় পেলে আবার সরকারের দায়িত্ব গ্রহণ করুন।
নতুন প্রজন্মের প্রায় সাড়ে তিন কোটি ভোটার সংযুক্ত হয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, এই নতুন ভোটাররা আজ পর্যন্ত একটি জাতীয় নির্বাচনেও ভোট দিয়ে তাদের নিজের পছন্দের প্রার্থীকে জনপ্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পায়নি। সুতরাং সংস্কার ইস্যুর পাশাপাশি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের দৃশ্যমান প্রস্তুতি নেওয়া উচিত। অতীতে বিভিন্ন সময় দেশে তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করেছে এবং প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যেই সফলভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করেছে। কিন্তু আজ আমরা দেখছি, ১০ মাস পার হয়ে গেলেও অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না। আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক, জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার দ্রুত দেখতে চাই।
তারেক রহমান বলেন, গ্লোবালাইজেশনের এই সময়ে মানুষের আকাক্সক্ষা এখন আর স্বপ্ন দেখার মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশকে সমৃদ্ধি ও সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতেই হবে আমাদের। তিনি বলেন, আর কথামালার রাজনীতি নয়। বিএনপির আগামী দিনের রাজনীতি নিরাপদ কর্মপরিবেশ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি। এখন বাস্তবায়ন আর দৃষ্টান্ত স্থাপনের রাজনীতি। আগামীতে ক্ষমতায় গেলে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা, ক্ষুদ্র-কুটির শিল্পের বিকাশ, গ্রামীণ উন্নয়নে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, ব্যাপক প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দক্ষ জনশক্তি গড়ে তুলতে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনায় কাজ করার কথা তুলে ধরেন তারেক রহমান। দরিদ্র পরিবারের জন্য ফ্যামিলি কার্ড; প্রান্তিক কৃষক, ভূমিহীন কৃষকদের জন্য ফার্মার্স কার্ড চালু; বেকারত্ব দূরীকরণে বিভিন্ন খাতভিত্তিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির খাতগুলো চিহ্নিত করা, স্কুল-কলেজে তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষা প্রবর্তন, ক্রীড়াকে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করা, বিদেশি ভাষা শিক্ষা চালু করা, সরকারি ব্যবস্থাপনায় প্লামং ইলেকট্রিশিয়ান মেকানিক্স ডেন্টাল হাইজিনিস্ট, মেডিক্যাল টেকনিশিয়ান গড়ে তুলতে কোর্স চালু করা, বিশ্বখ্যাত ই-কর্মাস প্ল্যাটফর্মের চাহিদা অনুযায়ী কর্মী গড়ে তোলা, ফ্রিল্যান্সিং আউট সোর্সিং থেকে আয় বাড়ানো, স্বাস্থ্য সেবার মান উন্নয়নে গ্রামীণ হেলথকেয়ার ওয়ার্কার গড়ে তোলা, বৃক্ষরোপণ কর্মসূচি দেশব্যাপী ছড়িয়ে দেওয়া প্রভৃতি পরিকল্পনার কথা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
তারেক রহমান বলেন, জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। আমরা সরকারে না থাকলেও একটি দায়িত্বশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তরুণ প্রজন্মের সামনে দেশ ও জনগণের উন্নয়নে বিএনপির বিস্তারিত কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছি। এর মধ্যে কয়েকটি অগ্রাধিকার কর্মসূচি আজ সংক্ষেপে আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশ ও জনগণের উন্নয়নে পর্যায়ক্রমিকভাবে দলের গৃহীত পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ।











































