স্টাফ রিপোর্টার
ঘরে ফেরা আর হলো না খুলনার নিউ মার্কেট সোনানী ব্যাংক কেডিএ শাখার প্রিন্সিপাল অফিসার আফরোজা আম্বিয়া খানমের (৪২)। প্রতিদিনের মতোই অফিস শেষ করে ফিরছিলেন নিজ বাড়ি মোহাম্মদ নগরে। কিন্তু ঘরের একদম দোড়গোড়ায় এসেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা একটি ইজিবাইকের ধাক্কায় প্রাণ হারান এই কর্মনিষ্ঠ কর্মকর্তা। বুধবার সন্ধ্যায় নিউমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোহাম্মদ নগরের নিজ বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া ইজিবাইক আফরোজাকে সজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আফরোজা আম্বিয়া খানমের ঘরে রয়েছেন তার ছোট্ট মেয়ে তাজনিন তাজ, যিনি পঞ্চম শ্রেণির ছাত্রী।
ঘটনার পর ভেঙে পড়েছেন আফরোজার বৃদ্ধা মা মমতাজ বানু (৭০)। একমাত্র উপার্জনক্ষম মেয়েকে হারিয়ে বাকরুদ্ধ তিনি। কাঁপা কাঁপা কণ্ঠে বলেন, “আমি এখন কীভাবে বাঁচব…”
প্রশাসনের প্রতি স্থানীয়দের দাবি, বেপরোয়া ইজিবাইক নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এমন অনাকাঙ্ক্ষিত প্রাণহানির ঘটনা আর দেখতে চায় না শহরবাসী।











































