Home আঞ্চলিক নদী ভাঙ্গনে বসতবাড়ি নদীগর্ভে বিলীন, ঝুঁকিতে রয়েছে শতাধিক পরিবার

নদী ভাঙ্গনে বসতবাড়ি নদীগর্ভে বিলীন, ঝুঁকিতে রয়েছে শতাধিক পরিবার

54

দিঘলিয়া প্রতিনিধি
দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত আতাই নদীর ভাঙ্গনে ৮ টি বসতবাড়ি নদী গর্ভে বিলীন হয়েছে। গ্রামের শতাধিক পরিবার রয়েছে ঝুঁকির মধ্যে, নির্ঘুম রাত কাটাচ্ছে পরিবারগুলো।
উপজেলার গাজীরহাট ইউনিয়নের আবালগাতী ও ডোমরা গ্রামের পাশ দিয়ে প্রবাহিত আতাই নদীর পাশে প্রায় দেড় থেকে দু’শতাধিক পরিবারের বসবাস। সল্প আয়ের পরিবারগুলো কৃষি আবাদসহ ছোটখাটো কাজ করে জীবিকা নির্বাহ করেন। দিনে হাড়ভাঙা পরিশ্রম করে রাতে নদী ভাঙ্গনের ভয়ে নির্ঘুম রাত কাটাতে হচ্ছে তাদের। ইতিমধ্যে গোলক অধিকারী, শৈলেন বিশ্বাস, মিনতী বিশ্বাস, মহিদুল কাজীসহ ৮ থেকে ১০ টি পরিবারের বসতবাড়ি আতাই নদী গর্ভে বিলীন হয়ে গেছে।
নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত শৈলেন বিশ্বাস জানান, আতাই নদী কূলে আমাদের বসবাস। হঠাৎ করে আতাই নদী ভাঙ্গনে আমার বসতবাড়িসহ শষ্যক্ষেত ফলজ ও বনজ বৃক্ষ এবং পানের বরজ নদীতে বিলীন হয়ে গেছে। বর্তমানে যেখানে বসবাস করছি এটুকুও যেকোনো সময় নদীতে ভেঙ্গে যেতে পারে। নদী তীরে বসবাসকারী বিধান বিশ্বাসের স্ত্রী মিতা বিশ্বাস বলেন, এখানে আমাদের বসতবাড়িসহ ৬টি পরিবার নদীগর্ভে চলে গেছে। নদীতে ভেসে যাওয়া পরিবার গুলো অন্যত্র গিয়ে বসতি স্থাপন করছেন। আমাদের অন্যত্র গিয়ে বসতিস্থাপনের কোন যায়গা জমি নেই। তাই এই নদীর পাড়ে অস্থায়ী ঘর নির্মাণ করে আমরা এখানে বসবাস করছি। প্রতি রাতেই আমরা ভীতসন্ত্রস্ত অবস্থায় রাত্রি যাপন করি। সব সময় মনে হয় এই বুঝি সর্বনাশা আতাই নদী ঘরবাড়িসহ আমাদের ভাসিয়ে নিয়ে যাবে। আমরা এখন কোথায় যাবো?
নদী ভাঙ্গনের সংবাদ জেনে গতকাল বিকেলে দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম ছুটে যান গাজীরহাট ইউনিয়নের আবালগাঁতি গ্রামের নদীভাঙ্গন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, গাজিরহাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ সোহাগ মুন্সি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার তার সঙ্গীদের সঙ্গে নিয়ে নৌকায় করে এবং পায়ে হেঁটে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন। তিনি নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের সঙ্গে, নদী ভাঙ্গনের ঝুঁকিতে থাকা বাসিন্দাদের সঙ্গে এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেন। এ সময় তিনি নদী ভাঙ্গানে ক্ষতিগ্রস্তদের দুঃখ কষ্টের কথা অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন এবং সমবেদনা জ্ঞাপন করেন।
তিনি বলেন, “প্রাকৃতিক সৃষ্ট এই দুর্যোগে সবাইকে ধৈর্যধারণ করতে হবে। উপজেলা প্রশাসন সর্বদাই আপনাদের পাশে আছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে”।
গাজীরহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সোহাগ মুন্সী জানান, আবালগাতী গ্রামের বেশ কয়েকটি পরিবার নদী ভাঙ্গনের কবলে পড়ে বসতবাড়ি, ফসলিজমি হারিয়ে দারুনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের এখন মাথা গোজার ঠাঁই নেই বাড়ি ঘর বানানোর জমি নেই। এ অবস্থায় তারা অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে জীবন যাপন করছে।
ক্ষতিগ্রস্তদের জন্য যা কিছু করা সম্ভব তার সবকিছু খুব দ্রুত সময়ের মধ্যে ব্যাবস্থা গ্রহণে উদ্যোগ গ্রহণের জন্য এলাকাবাসী দাবী জানান।