Home খেলাধুলা শীর্ষ দুই জায়গার জন্য চার দলেরই লড়াই, সমীকরণ কী বলছে

শীর্ষ দুই জায়গার জন্য চার দলেরই লড়াই, সমীকরণ কী বলছে

17


স্পোর্টস ডেস্ক

গুজরাট টাইটান্স চেন্নাই সুপার কিংসের কাছে বড় ব্যবধানে হেরেছে। ফলে আইপিএলের প্লে-অফে প্রথম দুই দল কারা, তা এখনও নিশ্চিত হয়নি। টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে ঠিক হবে কোন দুই দল প্লে-অফের প্রথম কোয়ালিফায়ার খেলবে। মূলত চার দলেরই সুযোগ রয়েছে। তবে সমীকরণ প্রত্যেকের সামনে আলাদা।

গুজরাট টাইটান্স (১৪ ম্যাচে ১৮ পয়েন্ট)

গুজরাটের আর কোনো ম্যাচ বাকি নেই। তারা আপাতত শীর্ষে থাকলেও তাদের প্রথম দুইয়ে শেষ করার নিশ্চয়তা নেই। যদি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নিজেদের শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের কাছে হারে তা হলেই একমাত্র প্রথম দুই দলের মধ্যে শেষ করবে গুজরাট। আর যদি বেঙ্গালুরু লখনউকে হারায় তা হলে শুভমান গিলদের প্রার্থনা করতে হবে যাতে পাঞ্জাব-মুম্বাই ম্যাচ ভেস্তে যায়। তা হলেও নেট রানরেটে শীর্ষ দুই দলের মধ্যে থাকবেন তারা।

পাঞ্জাব কিংস (১৩ ম্যাচে ১৭ পয়েন্ট)

পাঞ্জাবের সহজ হিসাব। নিজেদের শেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারাতে হবে তাদের। তা হলেই প্রথম দুই দলের মধ্যে একটি হবে তারা। কিন্তু যদি মুম্বাইয়ের কাছে তারা হারে তা হলে আর প্রথম কোয়ালিফায়ার খেলা হবে না শ্রেয়াস আইয়ারদের। পাঞ্জাব-মুম্বাই ম্যাচ ভেস্তে গেলে শ্রেয়াসদের প্রার্থনা করতে হবে যে বেঙ্গালুরু যেন শেষ ম্যাচে লখনউয়ের কাছে হারে বা সেই ম্যাচ ভেস্তে যায়। তা হলে গুজরাটের পরে দ্বিতীয় দল হিসাবে শেষ করবে তারা।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (১৩ ম্যাচে ১৭ পয়েন্ট)

বেঙ্গালুরুরও একই হিসাব। শেষ ম্যাচে লখনউকে হারালেই প্রথম দুইয়ে শেষ করবেন বিরাট কোহলিরা। অন্য কোনও দলের দিকে তাকাতে হবে না তাদের। কিন্তু যদি বেঙ্গালুরু নিজেদের ম্যাচ হারে তা হলে আর প্রথম কোয়ালিফায়ার খেলতে পারবে না তারা। বেঙ্গালুরু-লখনউ ম্যাচ ভেস্তে গেলেও স্বপ্নভঙ্গ হবে কোহলিদের। সে ক্ষেত্রে পাঞ্জাব-মুম্বাই ম্যাচ ভেস্তে গেলেও কোনো লাভ হবে না তাদের। কারণ, পাঞ্জাবের নেট রানরেট বেঙ্গালুরুর থেকে বেশি।

মুম্বাই ইন্ডিয়ান্স (১৩ ম্যাচে ১৬ পয়েন্ট)

গুজরাট নিজেদের শেষ দুই ম্যাচ হেরেছে। পাঞ্জাব ও বেঙ্গালুরুও নিজেদের শেষ ম্যাচ হারায় সুযোগ বেড়েছে মুম্বাইয়ের। নিজেদের শেষ ম্যাচে পাঞ্জাবকে হারালেই প্রথম দুই পাকা হার্দিক পান্ডিয়াদের। কারণ, তাদের নেট রানরেট সবচেয়ে বেশি। তবে পাঞ্জাবের কাছে তারা হারলে বা ম্যাচ ভেস্তে গেলে আর প্রথম দুইয়ে পৌঁছতে পারবে না মুম্বাই।