বিনোদন ডেস্ক
বাংলাদেশের টিভি নাটকের জনপ্রিয় মুখ তানিয়া বৃষ্টি আবারও প্রমাণ করলেন, শিল্পে তারকা খ্যাতির চেয়ে হৃদয়ের উদারতাই বড়।
তরুণ পরিচালক তুহিন হোসেন এর পরিচালনায় ও আঙরঙ্গজেবের রচনায় নির্মিত হল নতুন নাটক ‘জয়িতার দিনরাত্রি’- নাটকে তানিয়া বৃষ্টি অভিনয় করেছেন একেবারে নতুন মুখ আবিদ বিন পারভেজ প্রান্ত-এর বিপরীতে।
‘জয়িতার দিনরাত্রি’ নাটকটির গল্প আবর্তিত হয়েছে জয়িতা নামক একটি চরিত্রকে ঘিরে, চরিত্রটিতে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি নিজেই। সম্প্রতি উত্তরার বিভিন্ন লোকেশনে টানা তিনদিন ধরে নাটকটির শুটিং শেষ হয়েছে।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তানিয়া বলেন, “আমি অস্ট্রেলিয়া থেকে ফিরে কয়েকটি নাটকের কাজ করছি। ‘জয়িতার দিনরাত্রি’ তাদের একটি। এই নাটকের গল্পটা মূলত আমার চরিত্র জয়িতাকে ঘিরেই। আমি যখন নতুন ছিলাম, তখন অনেক সিনিয়র শিল্পী আমাকে সুযোগ দিয়েছেন। আজ আমি সেই সুযোগ ফিরিয়ে দিতে চেয়েছি একজন নবাগত শিল্পীকে।”
তিনি আরও যোগ করেন, “প্রান্ত ভালো করেছে, এবং আমি বিশ্বাস করি সে আরও ভালো করবে।”
পরিচালক তুহিন হোসেন বলেন, “তানিয়া বৃষ্টির মহানুভবতা আমাকে সত্যিই মুগ্ধ করেছে। একজন নতুনের সঙ্গে সহজে কাজ করতে রাজি হয়েছেন। একজন প্রকৃত শিল্পীর এমনই হওয়া উচিত। নাটকে তিনি দুর্দান্ত অভিনয় করেছেন। আর প্রান্ত চেষ্টা করেছে, এবং ভালো করেছে।”
নির্মাতা জানিয়েছেন, আসন্ন ঈদে প্রচার হবে ‘জয়িতার দিনরাত্রি’।











































