Home আলোচিত সংবাদ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী আজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী আজ

15

ঢাকা অফিস।।

বাংলা সাহিত্যের বিস্ময়কর প্রতিভা, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী আজ। ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (১৮৯৯ সালের ২৫ মে), পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। কবির জন্মদিন উপলক্ষে ঢাকাসহ সারাদেশে নানা আয়োজন পালন করা হচ্ছে। এবারের জন্মবার্ষিকীর প্রতিপাদ্যÑ ‘চব্বিশের গণ-অভ্যুত্থান : কাজী নজরুলের উত্তরাধিকার’। সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে তিন দিনব্যাপী অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে রয়েছে জাতীয় কবির স্মৃতিবিজড়িত কুমিল্লা। এ ছাড়াও ঢাকা বিশ^বিদ্যালয়, ছায়ানটসহ দেশের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানেও থাকছে নানা আয়োজন। বিএনপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও কর্মসূচি রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় জানিয়েছে, আজ রবিবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কবির জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে বিশেষ কর্মসূচি। সকাল

৬টা ১৫ মিনিটে অপরাজেয় বাংলার পাদদেশে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা সমবেত হবেন। সেখান থেকে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নেতৃত্বে শোভাযাত্রাসহকারে কবির সমাধিতে গিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে। পরে কবির সমাধি প্রাঙ্গণে উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে স্মরণসভা।

জাতীয় পর্যায়ে তিন দিনের অনুষ্ঠানের সূচনা হবে আজ বিকাল ৩টায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে। প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এ আয়োজনে ‘নজরুল পুরস্কার ২০২৩ ও ২০২৪’ প্রাপ্ত গুণীজনদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে এবং তাদের অনুভূতি শোনা যাবে। আলোচনা, সংগীত, আবৃত্তি, নৃত্য ও নাটকে সাজানো হয়েছে পুরো আয়োজন।

ছায়ানট:

নজরুলজয়ন্তী উপলক্ষে দুই দিনব্যাপী উৎসবের আয়োজন করেছে ছায়ানট। আজ সন্ধ্যায় শুরু হবে এই আসর, যেখানে থাকবে একক ও সম্মেলক গান, পাঠ-আবৃত্তি এবং নৃত্য।

সাংস্কৃতিক কর্মী সংঘ:

জাতীয় কবির জন্মদিন উপলক্ষে বাংলাদেশ সাংস্কৃতিক কর্মী সংঘ আয়োজন করেছে দুই দিনব্যাপী নজরুল উৎসব। আজ সন্ধ্যায় ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুরু হবে উৎসবের সূচনা অনুষ্ঠান। আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে আছেন সংগঠনের অধিকর্তা খন্দকার শাহ আলম।

উল্লেখ্য, কাজী নজরুল ইসলাম শুধু একজন কবি নন, তিনি ছিলেন গীতিকার, সুরকার, নাট্যকার, সাংবাদিক, দার্শনিক ও সমাজচিন্তক। তার সাহিত্য ও সংগীত আজও প্রজন্মের অনুপ্রেরণা, বৈষম্যবিরোধী আন্দোলনের প্রেরণা। দারিদ্র্য আর সংগ্রামের মধ্য দিয়ে বেড়ে ওঠা এই মহাকবি শৈশবে মসজিদের মুয়াজ্জিন হিসেবে কাজ করেছেন, লেটো গানে অংশ নিয়েছেন, পরে সেনাবাহিনীতেও যোগ দেন ১৯১৭ সালে। প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন সৈনিক হিসেবে।

নজরুলের সাহিত্যজীবন শুরু বিশ শতকের দ্বিতীয় দশকে। ১৯২২ সালে প্রকাশিত ‘বিদ্রোহী’ কবিতায় তিনি হয়ে উঠেছিলেন শোষণ ও ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে এক বজ্রকণ্ঠ প্রতিবাদী কণ্ঠস্বর। এই কবিতা তাকে সাহিত্যজগৎ ছাড়িয়ে রাজনৈতিক-সামাজিক অঙ্গনেও পরিচিত করে তোলে। নজরুল রচনা করেছেন প্রায় চার হাজার গান, যা প্রেম, প্রতিবাদ, ধর্মীয় ভাবনা, আধ্যাত্মিকতা এবং সাম্যের বাণীতে ভরপুর। তার গদ্যেও উঠে এসেছে সমাজে বিদ্যমান কুসংস্কার, গোঁড়ামি ও লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ। উপন্যাস মৃত্যু ক্ষুধা ও কুহেলিকা, প্রবন্ধগ্রন্থ যুগবাণী, দুর্দিনের যাত্রী, রাজবন্দির জবানবন্দিÑ সবখানেই তার প্রগতিশীল চিন্তা ও প্রতিবাদী কণ্ঠস্বর স্পষ্ট। ‘আনন্দময়ীর আগমনে’ কবিতার জন্য এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল তাকে। চলচ্চিত্র পরিচালনাতেও যুক্ত ছিলেন তিনি। পরিচালিত ‘ধ্রুব’ চলচ্চিত্রে অভিনয়ও করেন। ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশে তাকে সপরিবারে নিয়ে আসা হয়। এখানেই কাটে জীবনের শেষ অধ্যায়। ১৯৭৬ সালের ২৯ আগস্ট ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।