খুলনাঞ্চল রিপোর্ট
দেশের বর্তমান রাজনৈতিক সমস্যা সমাধানে অন্তর্র্বতীকালীন সরকারকে কাল বিলম্ব না করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
সিপিবি’র পক্ষ থেকে বলা হয়েছে, কোন কোন মহল নানা ধরনের ইস্যু সামনে এনে নির্বাচনকে বিলম্বিত করতে চায়। যা দেশের গণতন্ত্রের পথ চলাকে সংকটে ফেলবে।
শুক্রবার (২৩ মে) বিকাল ৪টায় পুরনো পল্টন মোড়ে মিয়ানমারের রাখাইনে মানবিক সহায়তার নামে করিডোর ও চট্টগ্রাম বন্দরে নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে লিজ দেওয়ার নীতিগত সিদ্ধান্তের প্রতিবাদে ও সিদ্ধান্ত বাতিলের দাবিতে আয়োজিত সামাবেশে এ সব কথা বলা হয়।
সিপিবি সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ প্রমুখ।
সভাপতির বক্তব্যে মো. শাহ আলম বলেন, ইন্টেরিম গভর্মেন্টকে এদেশের ছাত্র-জনতা ও রাজনৈতিক দলগুলো ম্যান্ডেট দিয়েছেন প্রয়োজনীয় সংস্কার ও সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, দেশের স্বার্থ সাম্রাজ্যবাদীদের হাতে বিকিয়ে দেওয়ার জন্য নয়।
তিনি আরো বলেন, দেশের জনগণের টাকায় নির্মিত নিউ মুরিং টার্মিনালকে লাভজনক অবস্থায় বিদেশি কম্পানির কাছে লিজ দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। ইতিমধ্যে দেশবাসী তা পরিষ্কারভাবে বলে দিয়েছে।
তিনি বলেন, অতীতে চট্টগ্রাম বন্দর বিদেশি কম্পানিকে লিজ দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে এদেশের জনগণ আন্দোলন ও আইনি লড়াই করে বন্দর রক্ষা করেছিল। এবারো জনগণ যেকোন মূল্যে দেশের সম্পদ রক্ষা করবে।
সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, দেশের নীতিনির্ধারণী বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই অন্তর্র্বতীকালীন সরকারের। এই কথাটি সরকারকে মনে রাখতে হবে। তাই ‘মানবিক করিডোর’-এর নামে সাম্রাজ্যবাদী আমেরিকার সাথে আঁতাত ও অন্যান্য আঞ্চলিক শক্তিগুলোর সাথে সংঘাতে জড়িয়ে ফেলার চক্রান্ত দেশবাসীকে নিয়ে রুখে দেওয়া হবে।
তিনি বলেন, সরকার দেশের স্বার্থবিরোধী এই পথ থেকে সরে না আসলে দেশবাসীকে নিয়ে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ, প্রয়োজনে ঘেরাও অবরোধ-হরতালের মতো কর্মসূচি দেওয়া হবে।
সমাবেশের আগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সিপিবি’র নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগদান করেন। সমাবেশের পরে বিক্ষোভ মিছিল জিরো পয়েন্ট, বায়তুল মোকাররম এলাকা প্রদক্ষিণ করে। একই দাবিতে আগামীকাল শনিবার সিপিবি’র উদ্যোগে জেলা-উপজেলায় বিক্ষোভ সমাবেশ, মতবিনিময় সভা, পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হবে।










































