শরণখোলা প্রতিনিধি
বঙ্গোপসাগরে মৎস্য আহরণে ৫৮ দিনের নিষেধাজ্ঞার ৩৮ দিন পার হলেও এখনো প্রণোদনার চাল পায়নি বাগেরহাটের শরণখোলার তিন সহস্রাধিক জেলে। বিকল্প আয়ের ব্যবস্থা না থাকায় চরম খাদ্য সংকট দেখা দিয়েছে এসব জেলেদের পরিবারে।
উপজেলার রাজৈর গ্রামের জেলে দেলোয়ার হোসেন, লোকমান হাওলাদার, দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের আলতাফ হোসেন, রাজেশ্বর গ্রামের আ. খালেকসহ ভুক্তভোগী জেলেরা জানান, তারা একেক জন ১৫-২০ বছর ধরে সাগরে মাছ ধরেন। মাছ ধরা বাদে অন্য কোনো কাজও তারা করতে পারেন না।
নিষেধাজ্ঞায় তাদের পেশা বন্ধ। এখন সংসার চালাতে তাদের হিমশিম খেতে হচ্ছে। মৎস্য আড়তদার মো. কবির হাওলাদার ও মো. দেলোয়ার ফরাজি জানান, মাছ ধরা বন্ধ থাকায় জেলেরা খুবই কষ্টে আছেন। এসব জেলেরা তাদের মহাজনদের কাছ থেকে কেউ ১৫ হাজার কেউ ২০ হাজার টাকা করে ধার (ঋণ) নিয়ে সংসার চালাচ্ছেন। সময় মতো চাল পেলে তাদের এতো টাকা ধার করতে হতো না।
শরণখোলা সমুদ্রগামী ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি মো.আবুল হোসেন বলেন, সাগরে আগের মতো মাছ পড়ে না। তার ওপর ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগে সাগরে নামা যায় না। এছাড়া মৌসুমের প্রায় তিন মাস থাকে নিষেধাজ্ঞা। সব মিলিয়ে ইলিশের মৌসুমে বেশির ভাগ ট্রলার মালিক, আড়তদারই লাভের মুখ দেখন না।
ট্রলার মালিক সমিতির সভাপতি আবুল হোসেন আরো বলেন, একেকটি ট্রলারে ১০ থেকে ১৭ জন পর্যন্ত জেলে থাকে। এসব জেলেদের মাছ ধরাই একমাত্র পেশা। নিষেধাজ্ঞার সময় সরকার যে পরিমাণ চাল দেয় তা দিয়ে তাদের ঠিকমতো সংসার চলে না। তাও যদি সঠিক সময় দেয় তাহলেও কিছুটা উপকারে আসতো।
সরকারের উচিত চালের পরিমাণ বাড়ানো এবং এর সাথে তেল ও ডাল বরাদ্দ দেওয়া। তাহলে পেশায় টিকে থাকতে পারতো জেলেরা। উপজেলা মৎস্য অফিস সূত্র জানিয়েছে, ১৪ এপ্রিল মধ্যরাত থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা শেষ হবে ১১ জুন। এ বছর নিষেধাজ্ঞার সময় সাত দিন কমিয়ে ৬৫ দিনের পরিবর্তে ৫৮ দিন করেছে সরকার। নতুন এই নিয়মসহ নানা কারণে এবার বরাদ্দের ডিও লেটার পেতেও দেরি হয়েছে। ১৮ মে ৪২ দিনের প্রণোদনা হিসেবে ১৭৬ দশমিক ২৬৫ মেট্রিকটন চাল বরাদ্দ এসেছে। কিন্তু সরকার পরিবর্তনের পর আওয়ামীপন্থী চেয়ারম্যান-মেম্বররা পলাতক থাকায় তালিকা তৈরি করতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। তবে তালিকা প্রস্তুতির কাজ চলছে। এরপর চাল বিতরণ করা হবে।
শরণখোলা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস বলেন, তালিকাভুক্ত তিন হাজার ৭৬ জন জেলের অনুকূলে ৪২ দিনের চাল এসেছে। প্রত্যেককে মাথাপিছু ৫৬ কেজি করে দেওয়া হবে। এ বছর এমনিতেই বরাদ্দ দেরিতে পেয়েছি। তার ওপর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বররা না থাকায় জটিলতা দেখা দিয়েছে। তালিকা প্রস্তুত করে অল্পদিনের মধ্যেই চাল বিতরণ করা হবে। এছাড়া বাকি ১৬ দিনের প্রণোদনা বরাদ্দ সাপেক্ষে দেওয়া হবে।











































