Home Lead সীমান্তে আলো নিভিয়ে চলছে ভারতের পুশইন

সীমান্তে আলো নিভিয়ে চলছে ভারতের পুশইন

93


খুলনাঞ্চল রিপোর্ট।।

দুর্গম সীমান্ত অঞ্চলের আলো নিভিয়ে দিয়ে ভারতের নাগরিক, সে দেশে নিবন্ধিত রোহিঙ্গাসহ অসংখ্য মানুষকে জোর করে বাংলাদেশের ভেতরে ঠেলে দিচ্ছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। চলতি মাসেই সীমান্ত দিয়ে অন্তত পাঁচ শতাধিক মানুষকে বাংলাদেশে পুশইন করা হয়েছে। শুধু তাই নয়, অবৈধভাবে পুশইনের জন্য ভারতের সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে মানুষ জড়ো করে রাখার খবরও পাওয়া গেছে। এহেন কর্মকা-ে উদ্বিগ্ন খোদ ভারতেরই মানবাধিকারকর্মীরা।


এদিকে পুশইন রুখে দিতে সীমান্তের নিরাপত্তা টহল বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পুশইন রুখে দিতে কাজ করছে সীমান্তে বসবাসকারী বাংলাদেশের মানুষ।

নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশকে চাপে রাখার কৌশল হিসেবে পুশইন তৎপরতা চালাচ্ছে ভারত। ভারতীয়রা বাংলাদেশের ভূখ-ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে নতুন এ কৌশল বেছে নিয়েছে। সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার করার পাশাপাশি কূটনৈতিকভাবে এটি সমাধানের চেষ্টা অব্যাহত রাখতে হবে। ভারত অবৈধ পুশইন বন্ধ না করলে বাংলাদেশকে জাতিসংঘে অভিযোগ করার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

পুশইনের বিষয়ে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে প্রতিনিয়তই নিয়মবহির্ভূতভাবে পুশইনের ঘটনা ঘটছে। মূলত সিলেটের বিয়ানীবাজার, শ্রীমঙ্গল, হবিগঞ্জ, কুড়িগ্রামের রৌমারীর প্রত্যন্ত চর এলাকা এবং পার্বত্য চট্টগ্রামের জনবসতিহীন এলাকা দিয়ে পুশইনের ঘটনা ঘটেছে। এটি রোধে আমরা সার্বিকভাবে চেষ্টা করে যাচ্ছি। ফ্ল্যাগ মিটিং ও প্রতিবাদলিপি পাঠিয়েছি। পাশাপাশি সীমান্তবর্তী সাধারণ জনগণ, আনসার ও পুলিশ সদস্যরাও পুশইন রোধে বিজিবিকে সহায়তা করছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে- খাগড়াছড়ি, কুড়িগ্রাম, সিলেট, মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে এ পর্যন্ত ভারত থেকে আসা তিন শতাধিক মানুষকে আটক করেছে বিজিবি। সম্প্রতি সাতক্ষীরা সীমান্ত থেকে কোস্টগার্ড আটক করেছে ৭৮ জনকে। সাতক্ষীরায় ৭৮ জনের

মধ্যে তিনজন জন্মসূত্রে ভারতের নাগরিক। তাদের বিরুদ্ধে শ্যামনগর থানায় অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করা হয়েছে।

পুশইন ঠেকানোর বিষয়ে সাতক্ষীরার সুন্দরবন অঞ্চলের বিজিবি ১৭ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল শাহরিয়ার রাজিব জানান, তার আন্ডারে থাকা বিজিবি সদস্যরা সীমান্তের ৮৭ কিলোমিটার দিন-রাত প্যাট্রোলিং করছে। সীমান্তের প্রতিটি বিওপি ২৪ ঘণ্টাই প্যাট্রোল করা হচ্ছে।

জানা গেছে, ভারত শুধু নিজ দেশের নাগরিকই নয়, ভারতে জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) নিবন্ধিত পাঁচ রোহিঙ্গা নাগরিককে বাংলাদেশে পুশইন করেছে বিএসএফ। আটক ব্যক্তিরা একই পরিবারের সদস্য এবং ভারতের আসামের মাটিয়া রিফিউজি ক্যাম্পে বসবাস করছিলেন।

গত ১৪ মে সিলেট ও মৌলভীবাজার সীমান্ত দিয়ে ৬০ জনকে বাংলাদেশে পুশইন করেছে বিএসএফ। মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে ৪৪ জন ও সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ১৬ জনকে পাঠানো হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়।

গত ৭ মে পার্বত্য জেলা খাগড়াছড়ি ও উত্তরের জেলা কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে আসা ১২৩ জনকে বিজিবি আটক করলে পুশইনের বিষয়টি আলোচনায় আসে। তাদের মধ্যে খাগড়াছড়ির মাটিরাঙা, শান্তিপুর ও পানছড়ি সীমান্ত হয়ে অনুপ্রবেশকারীরাও জানান, তাদের গুজরাট থেকে উড়োজাহাজে করে প্রথমে ত্রিপুরায় নিয়ে আসেন বিএসএফ সদস্যরা। তারপর এক ঘণ্টা হাঁটিয়ে সীমান্ত দিয়ে এ পারে ঠেলে দেওয়া হয়। তাদের মধ্যে বাংলা ভাষাভাষী ছাড়াও রোহিঙ্গা ও গুজরাটি ভাষায় কথা বলা মানুষও ছিল। পুশইন হয়ে আসা অনেক মানুষ অভিযোগ করেছেন, বিএসএফ তাদের মারধরও করেছে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি মেজর জেনারেল (অব.) আ ন ম মুনীরুজ্জামান জানান, ভারত যেভাবে কোনো ধরনের প্রক্রিয়া অনুসরণ না করে এসব মানুষকে বাংলাদেশে পুশইন করছে, তা সম্পূর্ণ বেআইনি। পুশইনের এই ধরনের ঘটনা মানবাধিকার ও আন্তর্জাতিক রীতিনীতির পরিপন্থি।

সংশ্লিষ্টরা জানান, যথাযথ প্রক্রিয়ায় পুশইন না করায় বিএসএফের সঙ্গে বিভিন্ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে মৌখিক ও লিখিতভাবে প্রতিবাদলিপি পাঠিয়ে জোরালো প্রতিবাদ জানিয়েছে বিজিবি। এ ছাড়া পুশইন রোধে বিজিবি সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বাড়িয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে সজাগ দৃষ্টি রাখছে। বাংলাদেশ থেকে পুশব্যাক করার ভাবনা রয়েছে সরকারের।

সীমান্তে আলো নিভিয়ে পুশইন

নির্জন সীমান্তের পাশাপাশি রাতের আঁধারে সীমান্ত বাতি নিভিয়ে পুশইনের চেষ্টা করছে বিএসএফ। পঞ্চগড়ের বোদা উপজেলার নীলফামারী-৫৬ বিজিবির অধীনস্ত ডানাকাটা সীমান্ত এলাকার বাসিন্দারা জানান, গত শুক্রবার গভীর রাতে শব্দ পেয়ে ঘুম থেকে উঠলে কয়েকজনকে অন্ধকারে দেখতে পেয়ে ধরে ফেলেন তারা। এ সময় সীমান্তের কাঁটাতারের ওপর থাকা লাইট বন্ধ ছিল। এরপর খবর দেওয়া হয় বিজিবিকে। স্থানীয়রা আরও বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের ওপর ভারতের লাইট আমরা দিন-রাত ২৪ ঘণ্টা জ্বলে থাকতে দেখি। সেই রাতে হঠাৎ লাইট বন্ধ হয়ে যায়। আর অন্ধকারে মানুষকে পুশইনের চেষ্টা করে বিএসএফ।

ভারতের মানবাধিকারকর্মীদের উদ্বেগ

ভারতের এহেন অনৈতিক পুশইনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন খোদ দেশটির মানবাধিকার কর্মীরা। পুশইন বন্ধে তারা দেশের সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপ চেয়েছেন। ভারত থেকে বাংলাদেশে পুশইন কা-ে দেশটির সুপ্রিমকোর্টের হস্তক্ষেপ দাবি করে গত রবিবার এক বিবৃতি দেওয়া হয়েছে। ভারতের মানবাধিকারকর্মী কিরীটি রায়ের দেওয়া ওই বিবৃতিতে বলা হয়- অবৈধ অভিবাসী হওয়ার অভিযোগে আটক ব্যক্তিদের শারীরিক নির্যাতন, তাদের পরিবার থেকে জোরপূর্বক বিচ্ছেদ এবং আদালতে হাজির না করেই অবৈধ আটকসহ গুরুতর দুর্ব্যবহার করা হচ্ছে। এ ধরনের কর্মকা- গভীর উদ্বেগজনক, বিশেষ করে মুসলিম পুরুষদের বিরুদ্ধে। আন্তর্জাতিক আইনের অধীনে ভারতের বাধ্যবাধকতাগুলোর পাশাপাশি ভারতীয় সংবিধান দ্বারা নিশ্চিত করা অধিকারগুলোও লঙ্ঘন করা হচ্ছে বলে মনে হয়।

বিজিবি-জনতা রুখছে পুশইন

বিজিবির আহ্বানে সাড়া দিয়ে পুশইন রুখে দিতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে স্থানীয় জনতা। স্থানীয় বাসিন্দারাও বিজিবির সঙ্গে পাহারা দিচ্ছেন সীমান্ত এলাকা। গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত দিয়ে ৭৫০ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। বিএসএফ সদস্যরা পুশইনের জন্য আগরতলা সীমান্তে মানুষকে জড়ো করে। মাইকিং করে গ্রামবাসীরা লাঠিসোঁটা নিয়ে একত্রিত হন সীমান্তে। পাশাপাশি টহল জোরদার করে বিজিবি। বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত তৎপরতায় বিএসএফের অবৈধ পুশইনের পরিকল্পনা ভেস্তে যায়।

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, সীমান্ত অনেক বিস্তৃত। প্রতিটি অংশে নজরদারি সম্ভব নয়। তাই জনগণ, আনসারসহ স্থানীয়দের সহায়তা নিচ্ছি। তিনি বলেন, জনগণ সতর্ক থাকলে কেউ অবৈধভাবে ঢুকতে পারবে না। কেউ সন্দেহজনক কিছু দেখলে দ্রুত আমাদের টহল দলকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব। সুত্র: আমাদের সময়