স্পোর্টস ডেস্ক
বিস্ময় বালক বৈভব সূর্যবংশী আইপিএলের অভিষেক ম্যাচে দ্রুত আউট হয়ে কেঁদেছিলেন। ভারতীয় সংবাদমাধ্যমগুলো এখন খবরই ছেপেছিল। অবশেষে এ নিয়ে বৈভব নিজেই মুখ খুললেন।
গত ১৯ এপ্রিল লক্ষ্মৌ সুপার জায়ান্টসের বিপক্ষে বৈভব সূর্যবংশী অভিষেক ম্যাচ খেলেন রাজস্থান রয়্যালসের হয়ে। জয়পুরের সেই ম্যাচে ৩৪ রান করে আউট হয়ে যায় ১৪ বছরের ব্যাটার। বৈভব এক মাস পর জানালেন সেদিনের আসল ঘটনা।
পাঞ্জাবের ব্যাটার মুশির খান সে ম্যাচের পর কথা বলছিলেন বৈভবের সঙ্গে। সে সময় প্রতিপক্ষ দলের কিশোর ব্যাটারের কাছে মুশির জানতে চান, লক্ষ্মৌর বিপক্ষে আউট হয়ে সত্যিই সে কেঁদেছিল কিনা।
উত্তরে ১৪ বছর বয়সী বৈভব বলেছে, ‘আমি আবার কখন কাঁদলাম! এ রকম কিছুই হয়নি। বলছি কী হয়েছিল। আমার চোখে খুব ব্যথা করছিল সে দিন।’
বৈভব আরও বলেছে, ‘আউট হওয়ার পর স্টেডিয়ামের বড় স্ক্রিনের দিকে তাকিয়েছিলাম। স্ক্রিনের আলোয় চোখটা একটু ধাঁধিয়ে গিয়েছিল। তার পর অস্বস্তি শুরু হয়। সে জন্যই পানি পড়ছিল চোখ দিয়ে। পরে যখন বাইরে আসি, তখনও আমার চোখ ভিজে ছিল। সেটা দেখে অনেকে জানতে চেয়েছিল, আমি কেন কাঁদছি।’
বৈভব জানিয়েছে, তার চোখে পানি দেখে অনেকের মনে হয়েছিল, সে কাঁদছে। তা থেকেই জল্পনা তৈরি হয়।
আলোচিত এই তরুণ আইপিএলে এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেছে। ৩২.৫০ গড়ে ১৯৫ রান করেছে। গুজরাট টাইটান্সের বিপক্ষে ৩৮ বলে ১০১ রানের ইনিংস খেলে ক্রিকেট মহলে হইচই ফেলে দিয়েছে বিহারের কিশোর।











































