অনলাইন ডেস্ক।।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি সামরিক বাহিনী আবারও ভয়াবহ হামলা শুরু করেছে। রোববার (১৮ মে) রাতভর ভয়াবহ বিমান হামলায় শতাধিক বেশি মানুষ নিহত হওয়ার পর, উত্তর ও দক্ষিণ গাজায় স্থল অভিযানের ঘোষণা দেয় তেলআবিব। সোমবার (১৯ মে) ভোর থেকে শুরু করে এক ঘণ্টার মধ্যে গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে অন্তত ৩০টি বিমান হামলা চালানো হয়েছে। এইসব হামলায় গাজাজুড়ে কমপক্ষে ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
খান ইউনিস, যা গাজার দ্বিতীয় বৃহত্তম শহর, সেখানকার অধিবাসীদের জন্য জারি করা হয়েছে নতুন করে জোরপূর্বক স্থানান্তরের নির্দেশ। ইসরায়েলি বাহিনী সেখানে হামলা আরও জোরদার করেছে।
এদিকে, দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, গাজায় সীমিত পরিমাণে মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দেয়া হবে। তবে কখন এই সহায়তা প্রবেশ করবে, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে শুরু হওয়া ইসরায়েলের অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে ৫৩ হাজার ৩৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং এক লাখ ২১ হাজার ৩৪ জন আহত হয়েছেন।
তবে গাজা সরকারের মিডিয়া অফিস জানাচ্ছে, ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ চাপা পড়ে আছেন এবং নিখোঁজ। সে বিবেচনায় মোট মৃতের সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়ে গেছে বলে তাদের অনুমান।
অন্যদিকে, হামাস-নেতৃত্বাধীন ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে ১,১৩৯ জন নিহত হন এবং ২০০ জনের বেশি ব্যক্তি অপহৃত হয়েছিলেন বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এই বর্বরোচিত সংঘাতের জেরে গাজা আজ পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলো ক্রমাগত যুদ্ধবিরতি ও মানবিক করিডোরের আহ্বান জানালেও, ইসরায়েলি অভিযান থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।











































