কুস্টিয়া প্রতিনিধি।।
বাংলার ডন কিংবা বাংলার মাফিয়া দেশীয় সিনেমায় এসব নামের প্রচলন থাকলেও কুরবানির পশুর নাম যে এমন হতে পারে জানা ছিল না কারো। তবে এবার কুষ্টিয়ায় এমনই সব বিচিত্র নামে কুরবানির গরুর নামকরণ করা হয়েছে। যা নিয়ে কৌতূহলের শেষ নেই মানুষের মাঝে।
কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা গ্রামের বাসিন্দা বোরহান উদ্দিন মণ্ডল প্রতিবছর কুরবানি উপলক্ষে পশু প্রস্তুত করেন। তিনি আর সাধারণ খামারিদের মত নয়, তার লক্ষ্য বড় বড় গরু কুরবানি উপলক্ষে প্রস্তুত করা। যা অন্য খামারিদের থেকে আলাদা। ঈদ উপলক্ষে এবার প্রস্তুত করেছেন অন্তত ১৭টি গরু। যার মধ্যে ৬টি গরু এবারের ঈদে বিক্রি করবেন। অবশিষ্ট গরু পরের কুরবানির জন্য প্রস্তুত করবেন।
এবারের ঈদের জন্য বোরহান উদ্দিন যে ৬টি গরু প্রস্তুত করেছেন এগুলো বিশালদেহী। একেকেটি গরুর নাম রেখেছেন তিনি। কোনোটির নাম বাংলার ডন, কোনোটির নাম বাংলার মাফিয়া। আবার হামজা, আলিফ, সুলতান কিংবা বাদশা নামেও নামকরণ করা হয়েছে গরুগুলোর। সবচেয়ে দীর্ঘদেহী গরুর মধ্যে বাংলার ডন আর বাংলার মাফিয়া অন্যতম। কুচকুচে কালো এই গরুটির উচ্চতা ৭০ ইঞ্চি। ওজন প্রায় ৪৫ মণ। দীর্ঘদেহী এই গরুটি সহজে এক স্থান থেকে অন্য স্থানে নেয়া কঠিন। তাই বাজারে নিবেন না বলে জানান খামারি বোরহান উদ্দিন মণ্ডল।

তিনি বলেন, বাংলার ডন নামে গরুটির দাম ধরেছেন ২১ লাখ টাকা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরা আসেন গরু কেনার জন্য। কাঙ্ক্ষিত দাম হলে তিনি গরুটি বিক্রি করবেন। প্রায় একই উচ্চতা সম্পন্ন গরু বাংলার মাফিয়া। একই দাম নির্ধারণ করেছেন তিনি। অন্য ৫টি গরু তিনি ১৫ থেকে ১৬ লাখ টাকা হলে বিক্রি করবেন।
তিনি জানান, পাকিস্তানি ক্রস জাতীয় এসব গরু বছর দুয়েক আগে থেকে লালন পালন শুরু করেন তিনি। পরিবারের সবাই মিলে গরুর পরিচর্যা করেন। খামার ছাড়া অন্য কোনো আয় নেই তাদের। তাই খামারই তাদের একমাত্র আয়ের উৎস।
খামারি বোরহান উদ্দিন আরও জানান, গরুর খাদ্য তালিকায় বিছালী, ভুষি, ঘাস রয়েছে। এর বাইরে গরু মোটাতাজাকরণে তিনি রাসায়নিক কোনো কিছু ব্যবহার করেন না। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে প্রস্তুত করে থাকেন গরু। প্রতিদিন গরু পরিচর্যায় তার খরচ হয় ১ হাজার টাকা থেকে ১২শ’ টাকা।
খামারি বোরহান উদ্দিন মণ্ডলের ছেলে গোলজার হোসেন গরু পরিচর্যায় দিনরাত পরিশ্রম করেন। দিনে চারবার গোসল করানোর কাজ বাবার সঙ্গে মিলেই করে থাকেন। অত্যন্ত পরিশ্রমের কাজ হলেও তাতে ক্লান্তি নেই তার। বরং এর মধ্যেই আনন্দ খুঁজে পান তিনি।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ পারভেজ জানান, বোরহান উদ্দিন মণ্ডল প্রতিবছরই কুরবানির পশু পালন করে থাকেন। তার কালেকশন অন্য সবার থেকে আলাদা। অন্যতম সেরা গরুই তিনি লালন পালন করে থাকেন।
শুধু বোরহান উদ্দিনই নয়, আসন্ন কুরবানির ঈদ উপলক্ষে কুষ্টিয়ায় ২০ হাজারের অধিক খামারী ২ লাখের অধিক কুরবানির পশু প্রস্তুত করেছেন।
কুষ্টিয়া জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আল মামুন হোসেন মণ্ডল জানান, কুরবানির পশুর জন্য প্রসিদ্ধ জেলা কুষ্টিয়া। এখানকার গরুর চাহিদা অন্য জেলার চেয়ে বেশি। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কুরবানির পশু প্রস্তুত করে থাকেন এখানকার খামারিরা।











































