ক্রীড়া প্রতিবেদক
বল এখন শ্রীলঙ্কার কোর্টে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাফ জানিয়ে দিয়েছে, সফরে ৭ দিনের বেশি কোয়ারেন্টাইন করতে পারবে না টাইগার ক্রিকেটাররা। কিন্তু লঙ্কান বোর্ডও তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে ১৪ দিনের কমে পারছে না। এই অবস্থায় ঝুলে আছে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের ভাগ্য।
তবে এভাবে তো আর ঝুলে থাকবে না! লঙ্কান বোর্ড দেরি করলে বিসিবি ভিন্ন চিন্তা করবে, গণমাধ্যমের সঙ্গে আলাপে এমন কথাই জানালেন বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। সফর নিয়ে জালাল ইউনুস বলেন, ‘আমরা এখনও (লঙ্কান বোর্ডের) ই-মেইলের অপেক্ষায় আছি। এখন পর্যন্ত সেটা আমরা পাইনি, আশা করি কয়েকদিনের মধ্যে জানতে পারব।’ শ্রীলঙ্কা যে সফর নিয়ে গড়িমসি করছে, তাতেও পুরোপুরি ওই বোর্ডের দায় দেখছেন না বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান। লঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয় বিদেশিদের জন্য ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পিরিয়ড বেঁধে দিয়েছে। সেটা দেখভাল করার জন্য টাস্ক ফোর্স আছে। জালাল ইউনুসের ভাষায়, ‘এটা তো আমাদের কাছে না, সিদ্ধান্তটা শ্রীলঙ্কা ক্রিকেটের। শ্রীলঙ্কা ক্রিকেটেরও না আসলে। আপনারা জানেন যে তাদের একটা টাস্ক ফোর্স আছে। এই টাস্ক ফোর্স কোভিড-১৯ নিয়ন্ত্রণ করে শ্রীলঙ্কাতে।’
‘শ্রীলঙ্কা ক্রিকেট তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছে, তারা জানলে আমরা পরে জানতে পারব। আমরা নির্দিষ্ট করে এখনো কিছু বলিনি। আমরা বলেছি কোয়ারেন্টাইন মেয়াদ কমাতে হবে ও তার সাথে আমাদের অনুশীলনের সুযোগ থাকতে হবে। এ জিনিসটা আমরা তাদের জানিয়েছি। এখন তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’
ইংল্যান্ডের মাঠে সিরিজ জিতল অস্ট্রেলিয়া
ক্রীড়া প্রতিবেদক
২০১৫ সালের নভেম্বরে সবশেষ ইংল্যান্ডের মাটি থেকে ওয়ানডে সিরিজ জিতে ফিরেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। মাঝে ২০১৮ সালে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ হেরেছিল ০-৫ ব্যবধানে। পাঁচ বছর পর আরেক সেপ্টেম্বরে এসে পুনরায় ইংল্যান্ডের মাঠে সিরিজ জেতার স্বাদ পেলো অসিরা।
বুধবার রাতে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে স্বাগতিক ইংল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজের শিরোপা জিতেছে অ্যারন ফিঞ্চের দল। আগে ব্যাট করে ৩০২ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করিয়েছিল ইংল্যান্ড। জবাবে ৭ উইকেট হারিয়ে ২ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা। তবে এতটা সহজ ছিল না অস্ট্রেলিয়ার জয়। টপঅর্ডারের ব্যর্থতায় মাত্র ৭৩ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। দলীয় ১০০ রানের আগে ৫ উইকেট হারিয়ে ফেলার পর ৩০০’র বেশি রান তাড়া করার রেকর্ড একটিও ছিল না ওয়ানডে ক্রিকেটে। বুধবার সেটিই করে দেখান অ্যালেক্স ক্যারে ও গ্লেন ম্যাক্সওয়েল। প্রায় সাড়ে পাঁচ বছর পর ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি করেন ম্যাক্সওয়েল, ক্যারে করেন নিজের প্রথম সেঞ্চুরি। দুজন মিলে ২১২ রানের জুটি গড়ে অসিদের জয়ের পথ দেখান। বলা বাহুল্য, ওয়ানডেতে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট পড়ার পর দুইশ রানের জুটি এটিই প্রথম।
ম্যাচের শেষদিকে গিয়ে সাজঘরে ফিরে যান দুজনই। ম্যাক্সওয়েল খেলেন ৯০ বলে ১০৮ রানের ইনিংস, ক্যারের ব্যাট থেকে আসে ১০৬ রান। ম্যাক্সওয়েল ফেরেন দলীয় ২৮৫ রান, ক্যারে ফেরেন ২৯৩ রানে। এ দুজনের জুটির পরেও শেষ ওভারে জয়ের জন্য বাকি ছিল ১০ রান, উইকেটে ছিলেন প্যাট কামিনস ও মিচেল স্টার্ক।তখনই ছোট্ট একটি ভুল করেন ইংলিশ অধিনায়ক ইয়র মরগ্যান। দুই পেসার মার্ক উড এবং টম কুরানের ওভার বাকি থাকতেও শেষ ওভার দেন লেগস্পিনার আদিল রশিদকে। সেই ওভারের প্রথম বলে ৬ ও চতুর্থ বলে ৪ মেরে অসিদের জয় নিশ্চিত করেন মিচেল স্টার্ক।
ফারুকের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক
ক্রীড়া প্রতিবেদক
না ফেরার দেশে চলে গেছেন সাবেক ক্রিকেটার ও জাতীয় দলের সাবেক ম্যানেজার এএসএম ফারুক। বুধবার রাতে মারা গেলেন বিসিবি’র টেকনিক্যাল কমিটির সদস্য ও এই সাবেক ক্রিকেটার। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
ফারুকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। বৃহস্পতিবার এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এএসএম ফারুক ছিলেন কাব ক্রিকেটে মোহামেডানের সাবেক অধিনায়ক। তার নেতৃত্বেই ১৯৭৭-৭৮ মৌসুমে প্রথম ঢাকা লিগের শিরোপা জেতে দলটি। ১৯৭৭ সালে ঢাকায় এমসিসি’র বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখে বাংলাদেশ। সেই ম্যাচে খেলেছিলেন ফারুক।
ডিসেম্বরে ফেডারেশন কাপ
ক্রীড়া প্রতিবেদক
ডিসেম্বরের প্রথম সপ্তাহে ফেডারেশন কাপ দিয়ে মাঠে গড়াবে নতুন ফুটবল মৌসুম। খেলোয়াড় রেজিস্ট্রেশন নভেম্বরে। বিদেশি কোটায় খানিকটা পরিবর্তন আনা হয়েছে। গত মৌসুমে ছিল ৫ জন রেজিস্ট্রেশন এবং খেলতে পারতেন ৪ জন বিদেশি।
এবার একটি কাব চারজন বিদেশি রেজিস্ট্রেশন করতে পারবে, মাঠেও নামতে পারবে চারজন। বৃহস্পতিবার বাফুফের প্রফেশনাল লিগ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। লিগের সময়কাল কমাতে এবার ভেন্যুও কমানো হয়েছে। রাজধানী এবং তার নিকবর্তী জেলায় ভেন্যু থাকছে এবার। হতে পারে তিন বা চারটি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ময়মনসিংহ, কুমিল্লায় খেলা হবে। ভেন্যু চারটি হলে যোগ হবে গোপালগঞ্জ। গত মৌসুম পরিত্যক্ত হওয়ায় এবার খেলোয়াড়দের পুরোনো কাবেই থাকতে হবে। তবে কাবের সঙ্গে সমঝোতায় কোনো খেলোয়াড় অন্য দলে যেতে পারবেন। এবার বড় একটা ইস্যু ছিল পরিত্যক্ত মৌসুমের দেনা-পাওনা। খেলোয়াড়দের বকেয়ার পুরোটাই দিতে রাজী হয়েছে কাবগুলো। গত মৌসুমে কাবের সঙ্গে খেলোয়াড়দের যে চুক্তি ছিল নতুন মৌসুমের পারিশ্রমিক হবে তার ২৫ শতাংশ।
টাইগারদের দ্বিতীয় দফা করোনা পরীক্ষা শুরু আজ
ক্রীড়া প্রতিবেদক
শ্রীলঙ্কা সফর হবে কিনা তা নিয়ে এখনো অনিশ্চয়তা। তবে, প্রস্তুতিতে ঘাটতি রাখতে চায় না বিসিবি। ক্রিকেটারদের এক দফা করোনা টেস্ট ইতোমধ্যে করে ফেলেছে বিসিবি। এবার হবে দ্বিতীয় দফা। আর এই দ্বিতীয় দফার টেস্ট শুরু হবে আজ শুক্রবার। শ্রীলঙ্কা সফরের আগে মোট চার দফায় হবে সফর সংশ্লিষ্টদের করোনা টেস্ট।
প্রথম টেস্টে ফিজিক্যাল ট্রেইনার নিকোলাস লির পাশাপাশি বাঁহাতি ওপেনার সাইফ হাসানের করোনা পজিটিভ আসে। পরবর্তীতে লি নেগেটিভ হলেও সাইফ এখনো পজিটিভ রয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক কমিটি সূত্র জানিয়েছে, শ্রীলঙ্কা সফরের জন্য ২৭জন ক্রিকেটারের জিও (গভর্নমেন্ট অর্ডার) হয়েছে। যদিও শ্রীলঙ্কা সফর নিয়েই সংশয় রয়েছে। কারণ শ্রীলঙ্কার স্বাস্থ্য কর্তৃপক্ষ টাইগারদের জন্য কোয়ারেন্টাইন ব্যবস্থা শিথিল করতে রাজি নয়, যা বিসিবির চাওয়া ছিল। তবে, শ্রীলঙ্কা সফর বাতিল হলেও ঘরোয়া ক্রিকেট শুরু করবে বিসিবি। সম্প্রতি এমনই ঘোষণা দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
টি-টোয়েন্টিতে তৃতীয় দ্রুততম ৫ হাজার বাবরের
ক্রীড়া প্রতিবেদক
ব্যাট হাতে রান নিয়ে খেলা করাই যেন তার কাজ। পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে বড় ব্যাটিং স্তম্ভ এখন বাবর আজম। এবার এশিয়ান ক্রিকেটারদের মধ্যেই অনন্য এক কীর্তি গড়ে দেখালেন ডানহাতি এই ব্যাটসম্যান।
ইংলিশ কাব সমারসেটের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্টে খেলছেন বাবর। বুধবার গ্ল্যামারগনের বিপক্ষে ৬২ বলে হার না মানা ১১৪ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছেন পাকিস্তানের এই তারকা ব্যাটসম্যান। একইসঙ্গে এশিয়ান ব্যাটসম্যানদের মধ্যে টি-টোয়েন্টিতে সবচেয়ে দ্রুততম ৫ হাজার রানের কাবে ঢুকে পড়েছেন বাবর। তার চেয়ে কম ইনিংসে এই কাবে ঢুকতে পেরেছেন কেবল ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল আর অস্ট্রেলিয়ার শন মার্শ। গেইলের লেগেছে ১৩২ ইনিংস, মার্শের ১৪৪। বাবর আজম এক ইনিংস বেশি খেলেছেন (১৪৫ ইনিংস) দ্বিতীয় স্থানে থাকা মার্শের চেয়ে। অর্থাৎ টি-টোয়েন্টিতে দ্রুততম ৫ হাজার রান করা ব্যাটসম্যানদের মধ্যে বাবরের অবস্থান তৃতীয়। চার নম্বরে আছে অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ১৫৯ ইনিংস লেগেছে তার পাঁচ হাজারি কাবে ঢুকতে। ১৬২ ইনিংসে এই মাইলফলক ছুঁয়ে পঞ্চম স্থানে আরেক অস্ট্রেলিয়ান মাইকেল কিংগার।
রেকর্ড দ্রুততায় ৩ হাজারে ম্যাক্সওয়েল
ক্রীড়া প্রতিবেদক
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ জেতানো সেঞ্চুরির পথে ওয়ানডে ক্যারিয়ারে ৩ হাজার রান ছুঁয়েছেন গ্লেন মাক্সওয়েল। অস্ট্রেলিয়ান এই ব্যাটসম্যান যেভাবে খেলে থাকেন, সেটির প্রতিফলন এই ইনিংসে যেমন পড়ছে, তেমনি আছে এই মাইলফলকেও। ওয়ানডে ইতিহাসে সবচেয়ে কম বল খেলে তিনি পা রাখলেন ৩ হাজার ক্যারিয়ার রানে।
ধ্বংসস্তুপে দাঁড়িয়ে অসাধারণ সেঞ্চুরি, দলের জয়, ম্যাচ ও সিরিজের সেরার পুরস্কার, সব মিলিয়ে এমনিতেই দিনটি দারুণ কেটেছে ম্যাক্সওয়েলের। সঙ্গে বাড়তি প্রাপ্তি এই রেকর্ড। ওল্ড ট্র্যাফোর্ডে বুধবার ৩০৩ রান তাড়ায় ৭৩ রানে ৫ উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপর উইকেটে গিয়ে ম্যাচের চিত্র বদলে দিতে থাকেন ম্যাক্সওয়েল। আরেক সেঞ্চুরিয়ান অ্যালেক্স কেয়ারির সঙ্গে ষষ্ঠ উইকেটে ২১২ রানের জুটিতে দলকে এগিয়ে নেন জয়ের পথে। ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরিতে ৭ ছক্কায় ম্যাক্সওয়েল করেছেন ৯০ বলে ১০৮।
এই ইনিংসে পথেই পূর্ণ করেছেন ৩ হাজার ওয়ানডে রান। মাইলফলক ছোঁয়ার সময় বল খেলেছেন তিনি ২ হাজার ৪৪০টি। ওয়ানডেতে এই প্রথম কোনো ব্যাটসম্যান আড়াই হাজারের কম ডেলিভারি খেলে পা রাখলেন ৩ হাজারের সীমানায়। এই ম্যাচে উইকেটের পেছন থেকে ম্যাক্সওয়েলের দুর্দান্ত ইনিংস দেখেছেন যিনি, সেই জস বাটলারই রেকর্ডে পড়ে গেছেন পেছনে। ২ হাজার ৫৩২ বল খেলে বাটলার করেছিলেন ৩ হাজার রান।
ফিফা র্যাঙ্কিংয়ে রোনালদোরা শীর্ষ পাঁচে
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাস মহামারি জাতীয় দলের খেলা হিমাগারে রেখেছিল পাঁচ মাস। এই সময় কোনও আন্তর্জাতিক ফুটবল হয়নি, তাই এপ্রিলের পর ফিফা র্যাঙ্কিংও প্রকাশ করেনি। চলতি সেপ্টেম্বরে মূলত ইউরোপেই উয়েফা নেশনস লিগ দিয়ে আবার মাঠে গড়িয়েছে আন্তর্জাতিক ফুটবল তাই গতকাল বৃহস্পতিবার আবার র্যাঙ্কিং প্রকাশ করতে পারলো ফিফা। এতে অবশ্য শীর্ষ চারে কোনও পরিবর্তন নেই। বেলজিয়ামই শীর্ষে। তারপর ফ্রান্স, ব্রাজিল ও ইংল্যান্ড। গত নেশনস লিগজয়ী ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল এবার ক্রোয়েশিয়া ও সুইডেনকে হারানোয় দুই ধাপ এগিয়ে উঠে এসেছে শীর্ষ পাঁচে।
ইউরোপের বড় দলগুলোর মধ্যে একধাপ করে ওপরে উঠে এসেছে স্পেন (সপ্তম) ইতালি (১২তম) নেদারল্যান্ডস (১৩তম) ও জার্মানি (১৪তম)। সর্বশেষ প্রকাশিত এই র্যাঙ্কিংয়ে সবচেয়ে উন্নতি ঘটানো দল গত ২০১৮ বিশ্বকাপের আয়োজক রাশিয়া। ছয়ধাপ এগিয়ে তাদের অবস্থান ৩২তম স্থানে। এশিয়ার মধ্যে সবচেয়ে উন্নতি করা দল ইরান। তিনধাপ ওপরে উঠে তাদের অবস্থান ৩০তম।
নিষিদ্ধ হলেন নেইমার
ক্রীড়া প্রতিবেদক
গুঞ্জন শোনা যাচ্ছিল, ৭ ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন ফ্রেঞ্চ কাব প্যারিস সেইন্ট জার্মেইর ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। তা হয়নি। নিষিদ্ধ ঠিকই হয়েছেন, তবে দুই ম্যাচের জন্য। পিএসজির হয়ে দুইটি ম্যাচ ডাগআউটে বসেই কাটাতে হবে তাকে।
গত ১৩ সেপ্টেম্বর পিএসজি ও মার্শেইয়ের মধ্যকার ম্যাচটি মাঠের খেলার চেয়ে দুই দলের খেলোয়াড়দের উগ্র মেজাজ ও অনাকাঙ্ক্ষিত সব ফাউলের জন্য আলোচিত হয়ে আছে। ম্যাচের একদম শেষদিকে ছাড়িয়ে যায় সব মাত্রা। রীতিমতো মারামারিতে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়রা। পুরো ম্যাচে ১২ হলুদ কার্ড ও ৫ লাল কার্ড দেখাতে হয় রেফারিকে। লাল কার্ডের সবগুলোই শেষের মারামারির কারণে। ফলে জানাই ছিল যে, এই পাঁচ খেলোয়াড় অন্তত এক ম্যাচ নিষিদ্ধ থাকবেন। কিন্তু মারামারির সঙ্গে যুক্ত থাকায় বেড়েছে শাস্তি। সবচেয়ে কম এক ম্যাচ নিষিদ্ধ থাকছেন বেনদেত্তো। এছাড়া দুই ম্যাচ করে নিষেধাজ্ঞা পেয়েছেন নেইমার ও পারেদেস। সবচেয়ে বেশি ছয় ম্যাচ নিষিদ্ধ হয়েছেন কুরযাওয়া, অ্যামেভির শাস্তি হয়েছে তিন ম্যাচের।
জয়ের দেখা পেলো পিএসজি
ক্রীড়া প্রতিবেদক
ফরাসি লিগ ওয়ানে প্রথম দুই ম্যাচেই হার মেনেছে প্যারিস সেন্ট জার্মেই। হারের সেই ক্ষত শুকিয়ে অবশেষে জয়ের দেখা পেয়েছে নেইমার বিহীন জায়ান্ট কাবটি। তৃতীয় ম্যাচে এসে লিগে জয় তুলে নিয়েছে পিএসজি। নিজেদের মাঠে ১-০ গোলে হারিয়েছে মেটজকে।
এ ম্যাচে ড্র প্রায় করেই ফেলেছিল প্রতিপক্ষ মেটজ। কিন্তু ইনজুরি টাইমে (৯০+৩ মিনিটে) জুলিয়ান ড্রাক্সলারের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে প্যারিস সেন্ট জার্মেই। চলতি মৌসুমে এটাই তাদের প্রথম গোল। নতুন মৌসুমে প্রথম গোল করতে ২৭৩ মিনিট সময় নিয়ে রেকর্ড গড়ল ফরাসি চ্যাম্পিয়নরা। ১৯৮৪-৮৫ সালের পর এই প্রথম ফরাসি লিগের প্রথম দুই ম্যাচে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। ২০১০ সালের পর এখনো পর্যন্ত লিগে টানা তিন ম্যাচ হারেনি তারা। পার্ক দেস প্রিন্সেসে ম্যাচের ৬৫তম মিনিটে আবদু ডায়ালো লাল কার্ড দেখলে দশ জনের দলে পরিণত হয় কোচ টমাস টাচেলের দল।
প্রীতি ম্যাচে মেসির জাদুকরী গোল
ক্রীড়া প্রতিবেদক
প্রাক-মৌসুম অনুশীলনের অংশ হিসেবে প্রথম প্রীতি ম্যাচে মাত্র ৪৫ মিনিট খেলেছিলেন লিওনেল মেসি। শনিবার প্রীতি ম্যাচটি খেলেন জিমন্যাস্টিক ডি তারাঙ্গনার বিপক্ষে। ন্যু ক্যাম্পে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর সেটি ছিল বার্সার হয়ে মেসির প্রথম ম্যাচ। কিন্তু ওই ম্যাচে গোলের দেখা পাননি আর্জেন্টাইন এ ফুটবল জাদুকর।
কিন্তু বুধবার গিরোনার বিপক্ষে প্রীতি ম্যাচে জ্বলে উঠলেন এবার বার্সার এ সুপারস্টার। পেলেন জোড়া গোলের দেখা। প্রিয় দল বার্সেলোনাকে এনে দিলেন ৩-১ গোলের জয়। ম্যাচের দুটি গোলই দূরবর্তী শট থেকে উপহার দিয়েছেন মেসি। তবে তার রকেট গতির চোখ ধাঁধানো দ্বিতীয় গোলটা নজর কেড়েছে সবার। বার্সার প্রথম গোলটিতেও সহায়তা করেছেন মেসি। ফ্রান্সিস্কো ত্রিনকাও’র মাধ্যমে মেসির কাছ থেকে বল পেয়ে গোল করেন ব্রাজিলিয়ান তারকা ফিলিপ্পে কুতিনহো। বার্সার লা লিগা ক্যাম্পেইন ২৬ বা ২৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে ভিয়ারিয়ালের বিপক্ষে।
করোনায় আক্রান্ত উইলি
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ইংলিশ পেসার ডেভিড উইলি। ইয়র্কশায়ারের হয়ে ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ভাইটালিটি ব্লাস্ট খেলার মাঝপথে করোনা পজিটিভ এলো এই ক্রিকেটারের।
এই মুহূর্তে ১৪ দিনের আইসোলেশনে আছেন এই ক্রিকেটার। তবে উইলি একা নয়, ভাইটালিটি ব্লাস্টের ম্যাচ মিস করবেন আরও তিন ক্রিকেটার। উইলির সংস্পর্শে আসায় ইয়র্কশায়ারের ম্যাথিউ ফিশার, টম কোহলার-ক্যাডমোর এবং জশ পসিডেনকেও থাকতে হবে আইসোলেশনে। নিজের জন্য সেই তিন ক্রিকেটার ম্যাচ খেলতে পারবেন না বলে আরও ভেঙ্গে পড়েছেন জানিয়ে উইলি বলেন, ‘আমাদের শরীরে উপসর্গ দেখা যাওয়ার পূর্বে আরও তিনজন ক্রিকেটারের সঙ্গে আড্ডায় বসেছিলাম। তার মানে তারাও ঝুঁকিতে আছে এবং সামনের ম্যাচ খেলতে পারবে না, যা আমাকে আরও বিপর্যস্ত করে তুলছে।’
ওয়ানডে ক্যারিয়ারের সেরা র্যাংকিংয়ে ওকস
ক্রীড়া প্রতিবেদক
ওয়ানডে ক্যারিয়ারের সেরা র্যাংকিংয়ে জায়গা করে নিয়েছেন ক্রিস ওকস। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ৬ উইকেট নিয়ে ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ে চতুর্থ স্থান দখল করেছেন ৩১ বছর বয়সী ইংলিশ পেসার।
অজিদের বিপক্ষে ব্যাট হাতে ৮৯ রান করে ওয়ানডে অলরাউন্ডারদের র্যাংকিংয়েও দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি। শীর্ষে থাকা আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর চেয়ে তিনি ২০ পয়েন্ট পিছিয়ে আছেন। বোলারদের মধ্যে তিন ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠে আসা ওকস ২৬ পয়েন্ট পিছিয়ে আছেন তিনে থাকা মুজিব উর রহমানের চেয়ে। আগের অবস্থান ধরে রেখে শীর্ষ ও দুইয়ে আছেন যথাক্রমে ট্রেন্ট বোল্ট ও জসপ্রিত বুমরাহ। অন্যদিকে পাকিস্তানের মোহাম্মদ আমিরকে জায়গা ছেড়ে একধাপ নিচে আটে নেমে গেছেন অজি পেসার জস হ্যাজলউড। তবে তার সতীর্থ প্যাট কামিন্স উঠে এসেছেন ছয়ে।
বায়ার্ন থেকে আলাকান্তারাকে আনতে রাজি লিভারপুল
ক্রীড়া প্রতিবেদক
বায়ার্ন মিউনিখের স্প্যানিশ মিডফিল্ডার থিয়াগো আলাকান্তারার সঙ্গে ২৭ মিলিয়ন ইউরোতে চুক্তি করতে রাজি হয়েছে লিভারপুল। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই অ্যানফিল্ডে আসতে পারেন ২৯ বছর বয়সী তারকা।
বার্সেলোনা ছাড়ার পর ২০১৩ সাল থেকে অ্যালিয়েঞ্জ অ্যারেনায় আছেন আলাকান্তারা। গত মৌসুমে বায়ার্নকে ট্রেবল (চ্যাম্পিয়নস লিগ, বুন্দেসলিগা ও জার্মান কাপ) জেতানোর পথে মাঝমাঠে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন তিনি।











































