ডুমুরিয়া প্রতিনিধি
খুলনায় জেলা প্রশাসকের কার্যালয়ে বেতন বকেয়া আদায়ে দাবিতে স্মারকলিপি দেয়া হলো না কয়রায় ইসলামিক ফাউন্ডেশনে কর্মরত শিক্ষক কর্মচারীর। ডুমুরিয়ায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল ২ শিক্ষকসহ মাহেন্দ্র চালকের প্রাণ। গুরুতর আহত হয়েছেন আরও ৪জন। আহতরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার সকাল সাড়ে দশটার দিকে খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের পাশে গোলনা রাহাবাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কয়রা উপজেলার ভান্ডারপোল গ্রামস্থ ইসলামিক ফাউন্ডেশনে কর্মরত ছয়জন শিক্ষক স্থানীয় এক মাহেন্দ্র চালকের গাড়িতে চড়ে তাদের বকেয়া বেতন আদায়ের দাবিতে খুলনা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি ও সমাবেশে যোগ দিতে রওনা হন। পথিমধ্যে ঘটনার দিন সকালে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত গামী একটি তেলবাহী ট্র্যাক ওই মাহেন্দ্র কে সজোরে আঘাত করে। এতে গাড়িটি ভেঙে দুমড়ে মুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসের সহায়তায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত মাহেন্দ্র চালক সহ আহতদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আহত ভান্ডারপোল এলাকার মৃত নুর আলী সানার ছেলে শিক্ষক আব্দুর রশিদ (৪৭), কয়রা সদরের মতিয়ার রহমান সানার ছেলে মঈনুল ইসলাম (৩১) ও মাহেন্দ্র চালক আনছার আলীর ছেলে রফিকুল ইসলাম (৫৫) কে মৃত বলে ঘোষণা করেন। এছাড়া একই এলাকার আহত ইউনুস মোড়ল (৫০), হাফেজ মনিরুজ্জামান (৪৫),আব্দুস সাত্তার (৫০) ও মনিরুল ইসলাম (৩০) কে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ঘটনা প্রসঙ্গে খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের এসআই শিমুল মন্ডল জানান,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘাতক তেলবাহী ট্র্যাক (যশোর -ধ-৪১-০০০৪) ও মাহেন্দ্রটি (খুলনা -থ-১১-০১৭৫) হেফাজতে নেয়া হয়। ততক্ষণে ঘাতক ট্রাক চালক পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনা প্রসঙ্গে ওসি মোঃ মাসুদ রানা জানান,এ ঘটনায় নিহত আব্দুর রশিদের ভাই এস এম আকবর হোসেন বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।











































