Home খেলাধুলা শ্রীলংকা আবরারের আরেকটি সেঞ্চুরিতে রেকর্ড

শ্রীলংকা আবরারের আরেকটি সেঞ্চুরিতে রেকর্ড

29


স্পোর্টস ডেস্ক

পাঁচ দিনের ব্যবধানে আরেকটি সেঞ্চুরি উপহার দিলেন জাওয়াদ আবরার। শ্রীলংকার বিপক্ষে এই সেঞ্চুরিতে যুব ওয়ানডের একটি রেকর্ডেও নাম লেখা হয়ে গেল বাংলাদেশের প্রতিভাবান ওপেনারের।

আজ শনিবার লংকা সফরে যুব ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে সেঞ্চুরি করেন আবরার। কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে ১৪ চার ও ৩ ছক্কায় ১১৫ বলে ১১৩ রানের ইনিংস খেলেন তিনি। আর এই শতকেই যুব ওয়ানডেতে বাংলাদেশের হয়ে একাধিক সেঞ্চুরি করা মাত্র চতুর্থ ওপেনার হলেন তিনি।

এর আগে ইনিংসের উদ্বোধনী করতে নেমে দুটি করে সেঞ্চুরি করেছেন তার আগে অমিত মজুমদার, পিনাক ঘোষ ও সাইফ হাসান।

চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন আবরার। সেদিন ১৪ চার ও ৬ ছক্কায় ১০৬ বলে অপরাজিত ১৩০ রান বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। পরের ম্যাচে ৩৫ বলে ৩৮ রান করে আউট হওয়ার পর এবার আরেকটি সেঞ্চুরি তিনি করলেন।

এদিকে যুব ওয়ানডেতে বাংলাদেশের হয়ে রেকর্ড ৫টি সেঞ্চুরি করেছেন তাওহিদ হৃদয়। চারটি করে শতরান আছে আরিফুল ইসলাম ও মাহমুদুল হাসান জয়ের, তিনটি এনামুল হকের।

এদিনে জাওয়াদের সেঞ্চুরি ছাড়াও চারে নেমে ৭৭ বলে ৮২ রান করেন রিজান হোসেন। তৃতীয় উইকেটে ১৩৫ রানের জুটি গড়েন দুজন। ৫০ ওভারে বাংলাদেশের যুবাদের রান ৮ উইকেটে ৩৩৬।

বাংলাদেশর যুবারা পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে আছে ২-১ ব্যবধানে। এই ম্যাচ জিতলে সিরিজ জয় নিশ্চিত হবে তাদের।