স্পোর্টস ডেস্ক।।
৬ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এই মুহূর্তে শ্রীলংকায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে হারলেও পরের তিনটি ম্যাচেই জয় পেয়েছে যুবা টাইগাররা। আজ শনিবার সিরিজের চতুর্থ ওয়ানডেতে শ্রীলংকাকে ১৪৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
কলম্বোতে প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ৩৩৬ রানের বিশাল সংগ্রহ গড়ে বাংলাদেশের যুবারা। ১১৫ বলে ১১৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন ওপেনার জাওয়াদ আবরার। জবাব দিতে নেমে নির্ধারিত ৫০ ওভারের ৬৮ বল বাকি থাকতেই ১৯০ রানে অলআউট হয় শ্রীলংকা।
৩৩৭ রান তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক খেলার চেষ্টা চালায় শ্রীলংকা। তবে সেই পরিকল্পনায় তাদের সফল হতে দেননি বাংলাদেশের বোলাররা। তিন নম্বরে নামা চামিকা হিনাতিগালা করেছেন ১৮ বলে ৩০ রান। দলের অধিনায়ক ভিমাথ দিনসারা ৭২ বলে ৬৬ রান করে দলের সর্বোচ্চ স্কোরার। শেষদিকে রাসিথ নিমসারার ২৯ বলে ৩৯ রান কেবল ব্যবধানই কমিয়েছে।
বাংলাদেশ দলের হয়ে বল হাতে সবচেয়ে সফল পেসার আল ফাহাদ। ৪১ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। ২টি করে উইকেট সানজিদ মজুমদার ও অধিনায়ক আজিজুল হাকিম তামিমের। বাকি ৩ উইকেট ভাগ করে নেন দেবাষিস দেবা, কালাম সিদ্দিকি ও সামিউন বশির।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে দারুণ ব্যাটিং করেন জাওয়াদ। ১১৩ রানের ম্যারাথন ইনিংস খেলতে ১৪টি চারের সঙ্গে হাঁকান ৩টি ছক্কা। আর এই শতকেই যুব ওয়ানডেতে বাংলাদেশের হয়ে একাধিক সেঞ্চুরি করা মাত্র চতুর্থ ওপেনার হলেন তিনি। চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন আবরার। সেদিন ১৪ চার ও ৬ ছক্কায় ১০৬ বলে অপরাজিত ১৩০ রান বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। পরের ম্যাচে ৩৫ বলে ৩৮ রান করে আউট হওয়ার পর এবার আরেকটি সেঞ্চুরি তিনি করলেন।
উল্লেখযোগ্য অন্যদের মধ্যে ৭৭ বলে ৮২ রান করেন চার নম্বরে নামা রিজান হোসেন। জাওয়াদের সঙ্গে তিনি গড়েন ১৩৫ রানের জুটি। এদিন শেষ ১০ বলে ৩০ রান করে বাংলাদেশ। সাত নম্বরে নামা সামিউন ৮ বলে ২৩ ও আল ফাহাদ ৫ বলে করেন ১৯* রান।











































