Home Lead সরকারি গাছ বিক্রি, ইউপি চেয়ারম্যানসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

সরকারি গাছ বিক্রি, ইউপি চেয়ারম্যানসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

39

নড়াইল প্রতিনিধি।।


নড়াইল সদরের শাহাবাদে সরকারি গাছ কেটে চুরি করে বিক্রির অভিযোগে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) রাতে শাহাবাদ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মশিউর রহমান সদর থানায় মামলাটি দায়ের করেন।

আসামির তালিকায় রয়েছেন শাহাবাদ ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, প্রশিকা নড়াইল উন্নয়ন এলাকার ব্যবস্থাপক শাহাব উদ্দিন এবং প্রশিকার গঠিত সংগঠন প্রভাতী যুব সংঘের সভাপতি মুজিবুর রহমান।

এছাড়াও আসামি করা হয়েছে সংগঠনের সদস্য জরিনা বেগম, রজব আলী, মো. আজিবর, মো. ইলিয়াছ, ইমান আলী, মো. ওমর, মো. হায়দার, আবু সাঈদ, মো. এনামুল ও মো. শরিফুলকে।

বৃহস্পতিবার (১ মে) দুপুরে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সরকারি গাছ চুরি করে বিক্রির অভিযোগে একটি মামলা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

মামলার এজাহারে বলা হয়, গত ২৯ এপ্রিল শাহাবাদ বাজার থেকে হাজির বটতলা পর্যন্ত সরকারি রাস্তার জায়গা থেকে গাছ কেটে চুরির খবর পেয়ে ঘটনাস্থলে যান বাদী মশিউর রহমান। সেখানে গিয়ে তিনি দেখেন, গাছবোঝাই একটি ট্রাক ও একটি নছিমন জব্দ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী।

ঘটনাস্থলে উপস্থিত শ্রমিকদের জিজ্ঞাসাবাদ ও স্থানীয়ভাবে অনুসন্ধান করে জানা যায়, অভিযুক্তরা কোনো সরকারি অনুমতি ছাড়াই খাস জমি থেকে গাছ কেটে বিক্রি করেছেন। এর আগেও তারা একই ধরনের কাজ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, আনুমানিক পাঁচ লাখ টাকার গাছ কেটে বিক্রি করা হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে প্রশিকা নড়াইল উন্নয়ন এলাকার ব্যবস্থাপক শাহাব উদ্দিন জানান, ২০০৯ সালে প্রশিকা, ইউপি ও প্রভাতী যুব সংঘের যৌথ চুক্তিতে সড়কের পাশে গাছ রোপণ করা হয়। সেসময় সড়কটি খাস খতিয়ানভুক্ত ছিল না। বর্তমানে সরকারের আওতায় পড়ায় গাছ কাটার অনুমতির জন্য ইউএনও বরাবর আবেদন করা হয়েছিল। তবে কোনো অনুমোদন না থাকলেও বিদ্যুৎ বিভাগের কাটা ডালপালা বিক্রির কথা বলে চেয়ারম্যানের নির্দেশে কিছু ডালপালা বিক্রি করা হয়।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, ‘প্রশিকার সঙ্গে চুক্তির একটি পক্ষ ছিল ইউনিয়ন পরিষদ। সেই হিসেবে গাছ কাটার অনুমতি নিতে ইউএনও বরাবর সুপারিশ করেছিলাম। তবে গাছ কেটেছে প্রশিকা ও তাদের সংগঠন। এখানে চেয়ারম্যান-মেম্বারের কিছু নেই।’

এদিকে নড়াইল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী বলেন, ‘প্রশিকার চুক্তির সময় সড়কটি ব্যক্তি মালিকানাধীন ছিল, পরে ২০১৫ সালে তা খাস খতিয়ানভুক্ত হয়। খাস জমি থেকে গাছ কাটা বেআইনি। তাই অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’