Home জাতীয় রাজনৈতিক দলগুলো তাদের শক্তি প্রদর্শনে ব্যস্ত: নুরুল হক

রাজনৈতিক দলগুলো তাদের শক্তি প্রদর্শনে ব্যস্ত: নুরুল হক

31


খুলনাঞ্চল রিপোর্ট
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করায় ‘ফ্যাসিবাদের পতন হয়েছে, এখন বিভিন্ন রাজনৈতিক দল তাদের শক্তি প্রদর্শনে ব্যস্ত হয়ে যাচ্ছে। এ কারণে ফ্যাসিবাদ হটানোর ঐক্যে এখন কিছুটা তার ব্যতিক্রম দেখা যাচ্ছে।’
শনিবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের শেরেবাংলা পার্কের মুক্তমঞ্চে গণ অধিকার পরিষদ পঞ্চগড় জেলা শাখা আয়োজিত গণসমাবেশে এ কথা বলেন নুরুল হক।

ডাকসুর এই সাবেক ভিপি বলেন, ‘আওয়ামী লীগের আমলের সেই লুটপাট, দখলদারি, চাঁদাবাজি, মাফিয়াদের রাজনীতি এখনো চলছে , সারা বাংলাদেশে গণ-অভ্যুত্থানের পরেও এসবের পরিবর্তন হয় নাই।
সাংবাদিকদের তিনি বলেন, ‘আপনারা খোঁজ নেন, ট্রাকস্ট্যান্ড থেকে, টেম্পোস্ট্যান্ড থেকে, বাসস্ট্যান্ড থেকে আগে যেভাবে চাঁদা তুলত, এখন চাঁদা তোলা বন্ধ হয়েছে কি না। কাঁচাবাজার, সবজিবাজার, বিভিন্ন সমিতি, গার্মেন্টস, মিল-ফ্যাক্টরি থেকে চাঁদাবাজি যারা করত, চাঁদা যারা তুলত, আওয়ামী লীগ তো পালিয়ে গেছে, এখন এই চাঁদাবাজি-লুটপাট বন্ধ হয়েছে কি না। হয় নাই। সাধারণ মানুষের রক্তচোষাদের এখনো আমরা উপস্থিতি লক্ষ করি। চাঁদাবাজদের তো আমরা বুকের রক্ত দিয়ে হটিয়েছি, দখলদারকে তো আমরা জীবন দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছি। তাহলে এখন চাঁদাবাজ-দখলদার কারা?’
তিনি বলেন, ‘জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শুধু আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটায়নি এই দেশের জনগণ, এই দেশে ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদকেও উচ্ছেদ করেছে। আমাদের অবস্থান পরিষ্কার, চব্বিশের গণ–অভ্যুত্থান–পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের ঠিকানা হবে না। আওয়ামী লীগ এ দেশে আর রাজনীতি করতে পারবে না।’
গণ অধিকার পরিষদ পঞ্চগড় জেলা শাখার আহ্বায়ক মাহফুজার রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান নুর, গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য হানিফ খান, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাসুদ মুন্নাফ, গণসংহতি আন্দোলন পঞ্চগড় জেলা শাখার আহ্বায়ক সাজেদুর রহমান, পঞ্চগড় জেলা জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার বিপ্লব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড় জেলার অন্যতম সমন্বয়ক ফজলে রাব্বী প্রমুখ।